বাফুফের ‘অদ্ভুত’ দলবদল!
পাতানো খেলার অভিযোগের এখনো নিষ্পত্তি হয়নি। তা ঝুলিয়ে রেখেই আজ থেকে ফুটবলারদের দলবদল শুরু করছে বাফুফে। এবার ‘অদ্ভুত’ এক কাণ্ডই দেখতে পাচ্ছে দেশের ফুটবল অঙ্গন।পাতানো খেলার অভিযোগের সুরাহা দলবদলের আগেই হওয়ার নিয়ম। যাতে করে অভিযুক্ত দলের ভাগ্য আগেই ঠিক হয়ে যায়। এখন অভিযুক্ত ক্লাব দল গঠন করার পর যদি প্রমাণিত হয় তারা পাতানো খেলেছে, তখন কী হবে? তখন ওই দলের পয়েন্ট কাটলে তারা যদি অবনমিত হয়? প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু এসব প্রশ্নের মীমাংসা হয়নি তাই ধরে নিতে হবে বাফুফে কাউকে পাতানো খেলার শাস্তি দিতে রাজি নয়। সে ক্ষেত্রে পাতানো ম্যাচ তদন্তের নামে প্রহসন চলছে—এটা ধরে নেওয়ার যথেষ্ট কারণ আছে। এবার তিনটি পাতানো ম্যাচের অভিযোগের সঙ্গেই যুক্ত ব্রাদার্স ইউনিয়নের নাম। রহমতগঞ্জের সঙ্গে পাতানো খেলার অভিযোগ থেকে ব্রাদার্সকে মুক্তি দিয়েছে বাফুফে, যদিও এটা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। ওই ম্যাচ নিয়ে একজন বিশেষজ্ঞ প্রথমে বলেছেন, ম্যাচটা তাঁর কাছে পাতানো মনে হয়েছে। পরে সেটি পাল্টে দিয়ে পাতানো হয়নি, সার্টিফিকেট দেওয়া হয়। এটাকে প্রহসন ছাড়া আর কী বলা যায়!শেখ জামাল-ব্রাদার্স নিয়ে তদন্ত হচ্ছে বলা হলেও আদৌ হচ্ছে কি না, সংশয় আছে। কয়েক দিন আগে ব্রাদার্সের ম্যানেজার আমের খান অভিযোগ তুলেছেন, এবার আবাহনীকে রাজনৈতিক চাপে তাঁরা ম্যাচ ছেড়ে দিয়েছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত শেষ না করেই দলবদল শুরু মানে শুভংকরের ফাঁকি দিচ্ছে ফেডারেশন। পেশাদার লিগ কমিটির সভাপতি সালাম মুর্শেদী কথাটা অবশ্য মানছেন না, ‘কেউ পরবর্তী সময়ে অভিযুক্ত হলে এবং শাস্তি পেলে তারা প্রয়োজনে সেকেন্ড টায়ারে খেলবে। এখন পর্যন্ত কেউ অভিযুক্ত না হওয়ায় আমরা সবার জন্যই দলবদল উন্মুক্ত রেখেছি।’ শেষের কথাটায় হয়তো যুক্তি আছে। তবে অভিযুক্ত দল পরে শাস্তি পেলে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে, কেন তাদের দলবদলে নামিয়ে টাকাপয়সা খরচ করানো হয়েছে?এসব প্রশ্নের সঠিক জবাব বাফুফের হাতে নেই। গোটা বিষয়টা নিয়েই একটা জগাখিচুড়ি অবস্থা। তার ওপর পর্দার আড়ালে বেশ আগেই খেলোয়াড়েরা দলবদল করে ফেলায় এর আকর্ষণের ছিটেফোঁটাও আর থাকছে না। ঈদের আগে দলগুলো খুব সম্ভবত খেলোয়াড় নিবন্ধন করছে না। দুই মাসব্যাপী এই দলবদলের উল্লেখযোগ্য দিক, স্থানীয়দের নিয়ে এবার সবচেয়ে শক্তিশালী দল গড়ছে শেখ রাসেল। দেশের শীর্ষ ফুটবলে প্রায় এক দশক কাটালেও দলটি এখনো কোনো শিরোপা জেতেনি। তারা এবার শিরোপাখরা কাটাতে গড়ছে আগের চেয়েও বড় বাজেটের দল।মুক্তিযোদ্ধা ছেড়ে এমিলি, মিঠুন, মামুনুল, রেজাউল ও রাজন যাচ্ছেন রাসেলে। আবাহনী থেকে আসছেন জাহিদ, নাসির, লিঙ্কন, মামুন মিয়া। ঘাটতি পূরণে আবাহনী নিচ্ছে শেখ জামালের মিশু, কমল, ভাসানিকে। আকাশি-নীলে আরমান আজিজ, সুজন, প্রাণতোষ, সিরাজী, রাখাইনরা থেকে যাচ্ছেন বলে জানা গেছে। স্থানীয় খেলোয়াড় নিয়ে শেখ জামাল ভালোই দল গড়ছে, মোহামেডানও গত দুই মৌসুমের তুলনায় এবার বেশি পরিচিত খেলোয়াড় নিচ্ছে। তবে মুমূর্ষু অবস্থায় আছে গত দুই মৌসুমের রানার্সআপ মুক্তিযোদ্ধা। দু-একজন ছাড়া বাকি সবাই দল ছাড়ছেন। আবার সেই টিকে থাকার লড়াই করতে হবে দলটাকে। কোচ শফিকুল ইসলাম হতাশ, ‘একটা চ্যালেঞ্জ আবার সামনে এসে হাজির। দেখা যাক কত দূর কী হয়।’ দেখার কৌতূহল থাকছে আরও একটি—পাতানো খেলার ব্যাপারে শেষ পর্যন্ত কী হয়?