বাফুফের ‘বিদেশি’ চিন্তা
গত পরশু কথাটা খুব আগ্রহ নিয়ে বলছিলেন আনোয়ারুল হক, ‘আমাদের জাতীয় দলের যা অবস্থা, তাতে বিদেশি কয়েকজন খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে যদি নতুন কিছু করা যায়। এ প্রস্তাবটা আমি বহুবার দিয়েছি। ফেডারেশনের সভায়ও একবার বিষয়টি তুলেছি। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে বলেছি উদ্যোগ নিতে। ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনেরও এতে সম্মতি আছে। দেখা যাক না, যদি...।’বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির এই সদস্যের কথার সূত্র ধরে দেখা গেল বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। শুধু ঢাকায় খেলা বিদেশি ফুটবলারকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে লাল-সবুজ পরিয়ে দেওয়ার ভাবনাই নয়, সাফ ব্যর্থতার পর জাতীয় দল নিয়ে কী করা যায় সেই ভাবনার ডালপালাও মেলছে। এটা বাফুফের জন্য বড় চিন্তাই, কী করে জাতীয় দলকে বর্তমান দৈন্যদশা থেকে বের করে আনা যায়! যোগাযোগ করা হলে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘সাফ ব্যর্থতার ময়নাতদন্ত করছি আমরা। একটা উপায় আমাদের বের করতেই হবে। জাতীয় দলের বর্তমান পারফরম্যান্স দিয়ে দেশের বাইরে গিয়ে কিছুই করা যাবে না। সে ক্ষেত্রে ঢাকায় খেলা সে রকম ভালো বিদেশি পেলে যদি নাগরিকত্ব দিয়ে সামনে এগোনো যায় ক্ষতি কী? অনেক দেশই এটা করছে। বিষয়টা নিয়ে আমরা অনেকবারই আলোচনা করেছি। শিগগিরই এটা নিয়ে কাজ শুরু করব।’সম্প্রতি জাতীয় দল সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের কাছে হেরেছে। মালদ্বীপের কাছে হেরেছে দেড় যুগ পর (৩-১)। বাংলাদেশ জাতীয় দলের অবস্থান কোথায়, এবারের সাফ তা চোখে আঙুল দিয়ে দেখানোর পরও কর্তারা নিশ্চয়ই উট পাখির মতো বালুতে মুখ গুঁজে থাকতে পারেন না।জাতীয় দল নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন বাদল বায়। বাফুফের এই সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বলছেন, ‘সাফের রিপোর্ট নিয়ে বিশ্লেষণ চলছে। সব রিপোর্ট পাওয়াও যায়নি। তবে এবার কিছু একটা নিশ্চয়ই করতেই হবে। সে ক্ষেত্রে ভালো বিদেশি পেলে নাগরিকত্ব দেওয়ার বিষয়টা আমাদের পরিকল্পনায় আছে। পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তানের মতো দলগুলো যেভাবে নিজেদের বংশোদ্ভূত বিদেশিদের নিয়ে এসে জাতীয় দলে খেলাচ্ছে, আমরাও তা চাই। কিন্তু পাওয়া যাচ্ছে না। দু-একজনকে আনলেও তারা মানিয়ে নিতে পারেনি।’এ সমস্যা সমাধানে আনোয়ারুল হকের ব্যবস্থাপত্র, ‘আমি যত দূর জানি, ৩-৪ বছর টানা ঘরোয়া ফুটবল খেললেই হয়। টানা একটা নির্দিষ্ট সময় থাকার ব্যাপারও আছে। আবাহনীর ঘানাইয়ান স্ট্রাইকার আউডু ইব্রাহিম তো এবার নিয়ে ষষ্ঠ মৌসুম খেলছেন টানা। তাঁর আবাহনী-সতীর্থ স্বদেশি সামাদ ইউসুফের চতুর্থ মৌসুম এবার। এমনকি নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা ওলালেকানেরও এবার চার মৌসুম হবে ঢাকায়। কাজেই এদের নিয়ে ভাবা যায়। ওরা খেলবে কি না, সেটা পরের বিষয়। কিন্তু চেষ্টা করে দেখতে তো ক্ষতি নেই।’বাদল রায়ের কথা, ‘আমাদের এখানে যেসব বিদেশি আসে, তারা যে খুব এগিয়ে আমাদের চেয়ে, তা নয়। সে রকম খেলোয়াড় এ মুহূর্তে আমি দেখছি না। ইব্রাহিমের পারফরম্যান্সও আহামারি নয়। তা ছাড়া ওর বয়স হয়ে গেছে। যা-ই হোক, নতুন কিছু যেহেতু করতেই হবে, তাই এই চিন্তাগুলো নাকচ করার সুযোগ নেই।’সব শুনে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বেশি জোর দিতে বললেন স্বদেশি খেলোয়াড় গড়ে তোলার দিকে, ‘দেশি খেলোয়াড় তৈরির রাস্তাটা অবরুদ্ধ হয়ে আছে। সেই জায়গায় আমরা কীভাবে পরনির্ভরশীলতা দেখাতে চাই! সব চেষ্টা করে ব্যর্থ হলে তবেই বিদেশি নির্ভর হতে পারি আমরা। সেটাই করা উচিত। আগে ঘরের দিকে মন দিক ফেডারেশন।’