বাফুফের ‘ব্লিপ টেস্ট’
বিদেশি ফুটবলারদের ফিটনেস পরীক্ষা করার জন্য এবার ব্লিপ টেস্ট নিচ্ছে বাফুফে। ক্লাব কাকে খেলাবে বাফুফের তা দেখার বিষয় নয়। পৃথিবীর কোথাও কোনো ফেডারেশন এমন পরীক্ষা নেয় না। কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবার বিদেশিদের ফিটনেস পরীক্ষা না নিয়ে কাউকেই মাঠে নামার অনুমতি দিতে রাজি নয়। বাফুফের সংশ্লিষ্টদের বক্তব্য, নিম্নমানের অনেক বিদেশি বাংলাদেশ লিগে খেলতে আসেন। তাঁদের ফিটনেস থাকে না। কাজেই এই খেলোয়াড়দের ফিটনেস পরীক্ষা নিলে লিগের জন্যই তা ভালো ফল আনবে।ব্লিপ টেস্টের কারণে কাল বিকেলে আবাহনী কোচ আলী আকবর পোরমুসলিমি অনুশীলনে পাননি তাঁদের ঘানাইয়ান স্ট্রাইকার আউডু ইব্রাহিমকে। ইব্রাহিম সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্লিপ টেস্ট দিতে গেছেন বাফুফের কাছে। ২৭ ডিসেম্বর বাংলাদেশ লিগ শুরু হচ্ছে। এর আগে বেশ কয়েকবারই ব্লিপ টেস্ট হয়েছিল। অনুত্তীর্ণদের শেষ সুযোগ দিতে কাল ছিল ফিটনেস পরীক্ষা।সেই পরীক্ষায় ইব্রাহিম উত্তীর্ণ। সকালে পরীক্ষা থাকায় বিকেলে অনুশীলন করেননি ইব্রাহিম। তাঁকে মাঠে না পেয়ে আবাহনীর কোচ কিছুটা ক্ষুব্ধ। আবাহনীর এক কর্মকর্তাকে বললেন, ‘তোমার খেলোয়াড় কই! ও তো ফিট। ওকে অনুশীলনে না পাওয়ায় ক্ষতিটা তো আমার হলো।’ব্লিপ টেস্ট যখন হচ্ছে, সর্বশেষ ফল কী? কতজন অনুত্তীর্ণ হলো—এসব বিষয়ে প্রশ্ন করা হলে বাফুফের পেশাদার লিগ ম্যানেজার আবু নাঈম প্রথমে বললেন, ‘কক্সবাজারে থাকায় আমার কাছে এ ব্যাপারে তথ্য নেই।’ বাফুফের পেশাদার কর্মীরা প্রায়ই তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় তথ্য দিতে পারেন না। পরে অবশ্য লিগের ম্যানেজার খোঁজ নিয়ে জানান, কাল তিনজন বিদেশি ব্লিপ টেস্ট দিয়েছেন। আবাহনীর ইব্রাহিমের সঙ্গে পাস করেছেন মোহামেডানের নাইজেরিয়ার খেলোয়াড় এমেকা। তবে ফরাশগঞ্জের এমেকা লাকি উত্তীর্ণ হতে পারেননি। সব মিলিয়ে ৪৭ জন বিদেশির মধ্যে ৩৫ জন ব্লিপ টেস্টে ছাড়পত্র পেয়েছেন। অন্যরা উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবেন।ব্রাদার্সের ৫ জন বিদেশি অবশ্য এই পরীক্ষা গতকালও দেননি। তাঁদের কারও শরীর খারাপ, কারও পায়ে ব্যথা। এটাকে অজুহাত হিসেবে দেখছেন অনেকে। ব্রাদার্স ম্যানেজার আমের খানের কথা, ‘ব্লিপ টেস্ট নেওয়া বাফুফের কাজ নয়। তার পরও আমাদের খেলোয়াড়েরা এই টেস্ট দেবে। তবে বাফুফে এটা নিয়ে সিরিয়াস হলেও ক্লাবগুলোকে অনুদানের টাকা এখনো দেওয়া হয়নি, ফিকশ্চার দিলেও চট্টগ্রাম মোহামেডানের ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, শোনা যাচ্ছে লিগের প্রথম পর্ব শেষে এক মাস নাকি লিগ বন্ধ থাকবে...বাফুফে ক্লাবগুলোকে নানাভাবে নাজেহাল করছে। অথচ এসব দিকে তাদের কোনো নজর নেই!’আমেরের দাবি, ‘পাইওনিয়ার লিগ চলছে মরুভূমিতে, গর্ত আর খানাখন্দের ভরা মাঠে। এসব দেখছে না বাফুফে, বাফুফের নীতিনির্ধারকেরা মাঠে যান না! এখন অগোছালো এবং অপরিকল্পিত আরেকটা তথাকথিত পেশাদার লিগ হতে যাচ্ছে। বাফুফেরই তো ব্লিপ টেস্ট নেওয়া উচিত!’