বাবর-রিজওয়ানের রেকর্ডে পাকিস্তানের রেকর্ড গড়া জয়

১৫৮ রানের উদ্বোধনী জুটি গড়েন রিজওয়ান (বাঁয়ে) ও বাবরছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭, ১, ১৯, ০, ৭—সর্বশেষ পাঁচ ইনিংসের রানই বলে, ঠিক ফর্মের তুঙ্গে ছিলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও হারিয়েছেন ইংল্যান্ডের ডেভিড ম্যালানের কাছে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে এসে বাবর বড় করতে পারলেন ইনিংস। আর স্বপ্নের মতো বছর কাটানো মোহাম্মদ রিজওয়ান বড় ইনিংস খেলবেন, সেটা যেন স্বাভাবিক ঘটনাই! বাবরের ৫৩ বলে ৭৯ রানের সঙ্গে রিজওয়ানের ৪৫ বলে ৮৭ রান, এ দুজনের রেকর্ড ভাঙা ১৫৮ রানের উদ্বোধনী জুটিতে ভর করে ওয়েস্ট ইন্ডিজের ২০৭ রান টপকে গেছে পাকিস্তান। তিন ম্যাচে সিরিজ স্বাগতিকরা জিতল ৩-০ ব্যবধানেই। 

এর আগে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল এ বছরই, গত এপ্রিলে সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার ২০৩ রান টপকে গিয়েছিল তারা। আর তাদের মাটিতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল ১৭৫ রানের। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ২ বল বাকি থাকতে ২ উইকেটে জিতেছিল পাকিস্তান। আজ পাকিস্তান জয় পেল ৭ বল ও ৭ উইকেট বাকি রেখেই!

দুর্দান্ত এক বছর গেল রিজওয়ানের
ছবি: এএফপি

রান তাড়ায় প্রথম বলেই গুড়াকেশ মোতির বলে এলবিডব্লিউ হয়েছিলেন রিজওয়ান। তবে রিভিউ নিয়ে বেঁচেছিলেন সে দফা। এরপর প্রথম উইকেট পেতে ওয়েস্ট ইন্ডিজকে অপেক্ষা করতে হয়েছে ১৬তম ওভার পর্যন্ত। বাবর আউট হওয়ার আগেই রিজওয়ানের সঙ্গে গড়েছেন নতুন রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম জুটি হিসেবে ছয়বার শতরান করলেন তাঁরা। শুরুতে বাবর তুলনামূলক ধীরগতির ছিলেন। রিজওয়ান যেখানে ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেছেন, বাবরের লেগেছিল ৪০ বল।

১৮তম ওভারে শতক থেকে ১৩ রান দূরে থামেন রিজওয়ান, ইনিংসে ১০ চারের সঙ্গে মারেন ৩টি ছয়। রিজওয়ান ফিরলেও পাকিস্তানের সমস্যা হয়নি তেমন। আসিফ আলীর ৭ বলে ২১ রানের ইনিংস কাজটা আরও সহজ করে দিয়েছে স্বাগতিকদের।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ব্রেন্ডন কিং ও শামার ব্রুকসের উদ্বোধনী জুটিতে ঝোড়ো শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ারপ্লেতেই দুজন তোলেন ৬৬ রান। তবে পাওয়ার প্লের শেষ বলে মোহাম্মদ ওয়াসিমের বলে বোল্ড হন কিং। এর আগে এই ডানহাতি ২১ বলে করেছেন ৪৩ রান, ৭ চার ও ২ ছয়ে।

বৃথা গেছে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের ঝোড়ো অর্ধ শতক
ছবি: এএফপি

কিংয়ের উইকেটের পরও অবশ্য রানের গতি কমেনি ওয়েস্ট ইন্ডিজের। প্রথম ২৩ বলে ২৯ রান করা ব্রুকস শাদাব খানের এক ওভারে মারেন তিন ছক্কা, এর পরের ওভারে শাহনওয়াজ দাহানির বলে ক্যাচ দেওয়ার আগে করেন ৩১ বলে ৪৯ রান।

অধিনায়ক নিকোলাস পুরান ও ড্যারেন ব্রাভো তৃতীয় উইকেট জুটিতে ৪৯ বলে যোগ করেন ৯৩ রান। ১৮তম ওভারে ৩৭ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৪ রান করা পুরান ফিরলেও ব্রাভো শেষ পর্যন্ত ছিলেন অপরাজিত। ২৭ বলে তিনি করেছেন ৩৪ রান। অবশ্য পুরানের উইকেটের পর রানের গতি একটু কমে সফরকারীদের, শেষ ২ ওভারে ওঠে ১৩ রান। তবে ২০০ পেরোতে সমস্যা হয়নি তাদের। অবশ্য শেষ পর্যন্ত তো তাদের জন্য যথেষ্ট হলো না সেটাও।