বাবা-ছেলে মুখোমুখি

তাহসিন তাজওয়ার জিয়া কদিন আগেই জাতীয় দাবার বাছাইয়ে হারিয়ে দিয়েছিল রানী হামিদকে। মাত্র ১১ বছর বয়সে এমন কিছু করে ফেলা বিরাট ব্যাপার। তবে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলেটি কাল রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। বোর্ডের অন্য প্রান্তে তার সামনে বসেছেন যিনি, তাঁর নাম জিয়াউর রহমান, বিখ্যাত দাবাড়ু।
সেটিও শৌখিন খেলা নয়। এটা বড় প্রতিযোগিতার মঞ্চ, প্রিমিয়ার দাবা লিগ। এবারই প্রথম জিয়া-তনয় সর্বোচ্চ দাবা লিগে খেলছে বড়দের সঙ্গে। ওর দল গোল্ডেন স্পোর্টিং, আর গ্র্যান্ডমাস্টার বাবা খেলছেন গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেলে। কাল বাবা-ছেলের মুখোমুখি হওয়া সেই সুবাদেই, সাড়ে তিন ঘণ্টায় ৬৮ চালে জিতেছেন বাবা (তাঁর দল জয়ী ৪-০ পয়েন্টে)। ছেলের লড়াই দেখে জিয়া তো রোমাঞ্চিত, ‘আমার তো মনে হচ্ছিল হেরেও যেতে পারি। ও দারুণ খেলছিল।’
তাহলে হারল কেন? বাবার বিশ্লেষণ, ‘অভিজ্ঞতা নেই, কিছু সূক্ষ্ম ভুল ও করেছে, সময়ের চাপেও পড়ে যায়।’ তবে হেরেও তাহসিন খুব খুশি, ‘খুব ভালো লেগেছে বাবার সঙ্গে খেলে। মনে হয় আরও ভালো করতে পারব সামনে।’ অনূর্ধ্ব-১২ বিভাগে এখন দেশসেরা তাহসিন, রেটিং ১৮০৬। বাবার রেটিং ২৫১০।