বাবা-ছেলে যখন একই দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলে রিভালদিনহোর সঙ্গে একই দলে খেলেছেন ব্রাজিল কিংবদন্তি রিভালদো (বাঁয়ে), একই ‘অর্জন’ আছে সুইডিশ কিংবদন্তি হেনরিক লারসনেরও l ফাইল ছবি
ছেলে রিভালদিনহোর সঙ্গে একই দলে খেলেছেন ব্রাজিল কিংবদন্তি রিভালদো (বাঁয়ে), একই ‘অর্জন’ আছে সুইডিশ কিংবদন্তি হেনরিক লারসনেরও l ফাইল ছবি

সিজার মালদিনি-পাওলো মালদিনি, ইয়োহান ক্রুইফ-জর্ডি ক্রুইফ, ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড সিনিয়র-ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড জুনিয়র...যুগে যুগে পারিবারিক উপাখ্যান কম দেখেনি ফুটবল। কখনো কিংবদন্তি বাবার ছায়ায় ঢাকা পড়েছেন ছেলে, কখনো বা কীর্তিতে বাবাকেও ছাড়িয়ে গেছেন। কিন্তু এসবই তো ভিন্ন ভিন্ন যুগে। বাবা-ছেলে একই সঙ্গে মাঠে খেলেছেন, এমন কখনো হয়েছে?

খেললেন, গোলও করলেন
নামের পাশে একটা বিশ্বকাপ, একটা ব্যালন ডি’অর। ফুটবলে রিভালদোর অর্জন কম নয়। তবে দুর্দান্ত এক ক্যারিয়ারে অবসর নেওয়ার আগে আরেকটি অসাধারণ কীর্তিও গড়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি—ছেলে রিভালদিনহোর সঙ্গে খেলেছেন একই দলে, গোলও করেছেন।
ক্যারিয়ারের শুরুর দিকের ক্লাব ব্রাজিলের মোগি মিরিমে ২০১৩ সালে ফেরেন রিভালদো। এক বছর পরই এল স্বপ্নের সেই মুহূর্ত—প্রথমবারের মতো খেললেন ছেলে রিভালদিনহোর সঙ্গে। এর এক মাস পরই নিয়ে নেন অবসর (প্রথমবারের মতো)। তখন থেকেই অবশ্য ক্লাবটির সভাপতি তিনি। ১৫ মাস পরই আবার অবসর ভেঙে ফেরেন রিভালদো। হয়তো নিজেই টের পাচ্ছিলেন, গল্পটিতে আরেকটু রোমাঞ্চ বাকি। সেটি হলো ২০১৫ সালের ১৪ জুলাই, লিগে মাকায়ের বিপক্ষে ৩-১ গোলে জেতে মোগি মিরিম, তাতে স্কোরশিটে একই সঙ্গে নাম ওঠে বাপ-বেটা রিভালদো ও রিভালদিনহোর!

ম্যাচ নয়, জিতেছেন শিরোপাও
১৯৬৬ বিশ্বকাপ, না নর্দার্ন আয়ারল্যান্ড গোল্ডকাপ—কোনটিকে এগিয়ে রাখবেন জর্জ ইস্টহাম জুনিয়র? প্রশ্নটা হাস্যকর মনে হতে পারে। একটি হলো ইংল্যান্ডের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র জেতা বিশ্বকাপ, অন্য ট্রফিটির নাম-মাহাত্ম্য গুগল করে বের নিতে হয়! তবে গৌরব নয়, আবেগের বিচারেই নর্দার্ন আয়ারল্যান্ড গোল্ডকাপটি বেশি প্রিয় হতে পারে ইস্টহামের কাছে। তাঁর ক্যারিয়ারের প্রথম জেতা শিরোপা বলে তো বটেই, নর্দার্ন আইরিশ ক্লাব আর্ডসের হয়ে ট্রফিটা সাবেক ইংলিশ মিডফিল্ডার জিতেছিলেনও তাঁর বাবার সঙ্গে মিলে। ইস্টহাম সিনিয়র ফাইনালে গোলও করেছিলেন!
স্মৃতিটা এখনো জ্বলজ্বলে ইস্টহাম জুনিয়রের মনে, ‘গোল্ডকাপ ফাইনালের স্মৃতি এখনো আমার স্মৃতিতে ভাসে। আমরাই সম্ভবত ফুটবলে কোনো শিরোপাজয়ী একমাত্র বাবা-ছেলে জুটি, তাই না?’
ইস্টহামের প্রশ্নের উত্তর, ‘না’! রাশিয়ান সাবেক মিডফিল্ডার অ্যালেক্সেই এরেমেঙ্কো সিনিয়রও আছেন এ তালিকায়। তিনি অবশ্য একটু এগিয়ে, দুই ছেলে অ্যালেক্সেই এরেমেঙ্কো জুনিয়র ও রোমান এরেমেঙ্কোর সঙ্গেই খেলেছেন ক্লাব ফুটবলে। ১৯৯৯ থেকে ২০০৩—এই চার বছর ফিনল্যান্ডের ক্লাব এইচজেকে হেলসিংকিতে খেলেছিলেন বড় ছেলে এরেমেঙ্কো জুনিয়রের সঙ্গে, সেখানে দুবার ফিনিশ লিগের পাশাপাশি ২০০৩ সালে জেতেন ফিনিশ কাপও। আর ছোট ছেলে রোমানের সঙ্গে খেলেছেন ফিনল্যান্ডেরই আরেক ক্লাব এফএফ জারোতে। তবে সেখানে বাবা-ছেলে দুজনই মাঠের একই পজিশনে খেলতেন। এ নিয়ে এরেমেঙ্কো সিনিয়র মজা করেও পরে বলতেন, ‘সম্ভবত ছেলেদের আমি অন্য কোনো পজিশনে খেলা শেখাতে পারিনি।’

সুইডিশ ‘রিভালদো’
হেনরিক লারসনের গল্পটা ঠিক যেন রিভালদোর মতোই। সুইডিশ কিংবদন্তি ২০১৩ সালে অবসর ভেঙে ফেরেন সুইডেনের চতুর্থ বিভাগের দল হোগাবর্গস বিকেতে। কারণ এই দলেই খেলছিলেন লারসনের ১৫ বছর বয়সী ছেলে জর্ডান। যদিও চোটের কারণে দলে নিয়মিত খেলতে পারেননি, তবে ২০১৩ সালের ১৯ জুন টেনহাল্টস আইএফের বিপক্ষে ম্যাচের শেষ ৫ মিনিট বাবা-ছেলে খেলেছিলেন একসঙ্গে। রিভালদোর মতো একই ম্যাচে অবশ্য বাবা-ছেলে গোল করার কীর্তি গড়তে পারেননি।
ছেলের পাশে আরও একটু বেশি না খেলতে পারার অতৃপ্তি অবশ্য এখনো ছোঁয় লারসনকে, ‘নিজের ছেলের সঙ্গে খেলতে পারা অবশ্যই অসাধারণ ব্যাপার। আমরা খুব বেশি সময় একসঙ্গে হয়তো খেলতে পারিনি, তবে যা হয়েছে, তাতে অবশ্যই আমি গর্বিত।’

ইংল্যান্ডে ‘দুই জোড়া’
ইংলিশ ফুটবলের নিচের স্তরে এমন দুই জোড়া ‘বাবা-ছেলে’র গল্প আছে। ১৯৫০-৫১ মৌসুমে তৃতীয় বিভাগ নর্থ মৌসুমের শেষ দিনে স্টকপোর্ট কাউন্টিতে ছেলে ডেভিডের সঙ্গে খেলেছিলেন অ্যালেক্স হার্ড। বাবা-ছেলের ক্যারিয়ারে একটা মিলও আছে। ক্যারিয়ারের মধ্যগগনে ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রথম বিভাগের শিরোপা ও এফএ কাপ জিতেছিলেন অ্যালেক্স। ছেলে ডেভিডও দুটি শিরোপাই জিতেছেন, তবে সেটি সিটির চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।
বাবা-ছেলের অন্য গল্পটি আগেরটির ৩৮ বছর পর—ইয়ান বাওয়ার ও তাঁর ছেলে গ্যারির। ১৯৭০ সালে ম্যানচেস্টার সিটির হয়ে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ জেতা ইয়ান তখন হেরেফোর্ড ক্লাবে আছেন প্লেয়ার-ম্যানেজার হিসেবে, ডেকে নিয়েছিলেন ছেলে গ্যারিকেও। দুজনে মিলে ১৯৮৯-৯০ মৌসুমে ইংল্যান্ডের চতুর্থ বিভাগ লিগের শিরোপাও জেতেন। যা নিয়ে গ্যারির স্মৃতিচারণা, ‘প্রথম যেদিন বাবার সঙ্গে একসঙ্গে খেলেছিলাম, বাবা নিজেকে বদলি তালিকায় রেখেছিলেন। আমরা স্কানথর্পের কাছে হারছিলাম, এমন সময় বাবা মাঠে নামেন, আমরা ম্যাচটা ড্র করি ৩-৩ গোলে। সমতাসূচক গোলটি আমিই করি। কিন্তু এখনো মনে আছে, আমি গোল করার পর শুধু একজন সতীর্থই আমাকে অভিনন্দন জানায়নি—বাবা! কারণ, আমরা প্রথম গোলটা খেয়েছিলামই আমার ভুলে।’

দ্য গুডিয়েনসনস
আইসল্যান্ডের সবচেয়ে বিখ্যাত ফুটবল পরিবার এটি—দ্য গুডিয়েনসনস। ১৯৯৬ সালে এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে বাবা আর্নর গুডিয়েনসনের বদলি হয়ে মাঠে নেমেছিলেন ছেলে আইদুর। যেন রূপক অর্থে বলে দেওয়া, একজনের শেষ, অন্যের শুরু! তবে একসঙ্গে না খেলার আক্ষেপ আছে দুজনেরই। বাবা আর্নরের কথা, ‘আমার সবচেয়ে বড় দুঃখই এটি যে, আমরা একসঙ্গে কখনো খেলতে পারিনি। আমি জানি আইদুরেরও সে দুঃখ আছে।’ ফিফাডটকম অবলম্বনে।