বাবা-ছেলের ইংল্যান্ড-বধের ছক
বব ব্র্যাডলি আর মাইকেল ব্র্যাডলি।যুক্তরাষ্ট্রের এই দুই বাবা-ছেলে মিলে ছক কষছেন পাঁচ যুগ আগের দুঃস্বপ্নটা ইংল্যান্ডকে আবার উপহার দিতে! ইংল্যান্ডের জন্য গ্রুপ পর্বটা দুর্বিষহ করে তুলতে চান যুক্তরাষ্ট্রের কোচ বব ব্র্যাডলি। এই অভিযানে তাঁর মূল অস্ত্র ছেলে মাইকেল ব্র্যাডলি।রিও ফার্ডিনান্ডের ইনজুরিতে এমনিতেই একটা ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। তার ওপর যুক্তরাষ্ট্রের বাবা-ছেলের এমন ছকটক দলটাকে বেশ ‘ঝামেলা’য় রাখবে মনে হচ্ছে। তবে ফার্ডিনান্ড ছিটকে গেলেও ৪৪ বছর পর বিশ্বকাপ জয়ের স্বপ্নটা মুছে ফেলছে না ইংল্যান্ড। তা হোক, গ্রুপ পর্বে ইংল্যান্ডের সামনে বাধা হয়ে দাঁড়াতে চায় যুক্তরাষ্ট্র। একবার তো দাঁড়িয়েছিল, সেই ১৯৫০ বিশ্বকাপে। সেবার ফুটবল-বিশ্বকে হতভম্ব করে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। এর পর প্রতিযোগিতামূলক ম্যাচে আর কখনো মুখোমুখি হয়নি দুই দল। তবে ফুটবল রোমান্টিকদের আলোচনায় সব সময়ই বড় একটা জায়গা দখল করে রেখেছে সেই ম্যাচ।দুই দলের ব্যবধানটা ঠিক ৬০ বছর আগের মতো নেই। তবে ইংল্যান্ডকে এবারও যদি যুক্তরাষ্ট্র হারিয়ে দেয়, সেটি বড় অঘটনই হবে। মাইকেল জানাচ্ছেন অঘটন ঘটাতে তারা উদগ্রীব, ‘রাস্টেনবার্গে যখন আমরা মাঠে নামব, আমি নিশ্চিত, দুই দলই একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়বে। এই মুহূর্তে আমরা দারুণ রোমাঞ্চিত ও তরতাজা বোধ করছি। বিশ্বকাপে যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ম্যাচের চেয়ে বড় কিছু নেই। মাঠে নেমে পুরো দল সর্বস্ব উজাড় করে খেলবে।’ইতিহাসের পুনরাবৃত্তির পরিকল্পনা আঁটছেন বাবা বব ব্র্যাডলি। মাঠে তাঁর বড় সৈনিক মাইকেল। ২০০৬ বিশ্বকাপে ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের কোচের দায়িত্ব পেয়েই বাবা দলে ডাকেন ১৮ বছরের ছেলেকে। স্বজনপ্রীতি হলো কি না—এ নিয়ে তখন সমালোচনার ঝড়। সেই ঝড় থেমে গেছে সময়ের সঙ্গে।ববের কোচিংয়ে গত কনফেডারেশনস কাপের ফাইনালে উঠেছিল যুক্তরাষ্ট্র, সেমিফাইনালে হারিয়েছিল অপ্রতিরোধ্য স্পেনকে, বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে বিশ্বকাপে। বাবার কোচিংয়ে ছেলে হয়ে উঠেছেন মাঝমাঠের বড় ভরসা। বাছাইপর্বে করেছেন ৫ গোল। মূলত অ্যাটাকিং মিডফিল্ডার, তবে প্রয়োজনে খেলতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও। যার অর্থ, যেভাবে প্রয়োজন ছেলেকে খেলাতে পারবেন বাবা। এটা তাঁর জন্য সুবিধাই।বাবা-ছেলে যদি ইংল্যান্ড বধ করেই ফেলতে পারেন, তাহলে সমালোচকদেরও একটা জবাব দেওয়া হয়ে যাবে তাদের! ওয়েবসাইট।