স্টুয়ার্ট ব্রডের সৌজন্যে ২১ বছর পর সম্প্রতি আবার বাবা-ছেলের টেস্ট সেঞ্চুরি নিয়ে বেশ একটা শোরগোল হলো। পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন স্টুয়ার্ট, বাবা ক্রিস ব্রড করেছিলেন ৬টি সেঞ্চুরি। ব্রডদের আগে বাবা-ছেলের টেস্ট সেঞ্চুরিতে সর্বশেষ নাম উঠেছিল ভারতের মাঞ্জরেকারদের। ৭টি সেঞ্চুরি করেছিলেন বিজয় মাঞ্জরেকার, ছেলে সঞ্জয় মাঞ্জরেকারের চার টেস্ট সেঞ্চুরির প্রথমটি ১৯৮৯ সালে। অমরনাথ পরিবারের আবার আছে অন্যরকম একটা কীর্তি। ভারতের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান লালা অমরনাথের দুই ছেলে সুরিন্দর ও মহিন্দর অমরনাথেরও আছে টেস্ট সেঞ্চুরি। লালা ও সুরিন্দর অনন্য আরেকটি জায়গায়, দুজনেরই টেস্ট অভিষেক সেঞ্চুরি দিয়ে। পাকিস্তানের বাবা-ছেলে টেস্ট সেঞ্চুরিয়ান আছে দুই জোড়া, হানিফ মোহাম্মদ-শোয়েব মোহাম্মদ এবং নজর মোহাম্মদ-মুদাসসর নজর। নজর পিতা-পুত্র দুজনেরই আছে ইনিংসের আদ্যন্ত ব্যাটিং করার কীর্তি। ৩৪ টেস্টের ক্যারিয়ারে ৯টি সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকান গ্রেট ডাডলি নার্স, সেঞ্চুরি ছিল বাবা ডেভ নার্সেরও। আশির দশকের বিখ্যাত চার অলরাউন্ডারের একজন রিচার্ড হ্যাডলি এবং তাঁর বাবা ওয়াল্টার হ্যাডলিও আছেন তালিকায়। ওয়ানডেতে এই কৃতিত্ব শুধু জিওফ মার্শ ও শন মার্শের।