বাবা-ছেলের সেঞ্চুরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেনিস ও হিথ স্ট্রিক কোনো একটা প্রদর্শনী ম্যাচে একসঙ্গে খেলেছিলেন বলে শোনা যায়। একই কথা শোনা যায় মিকি ও অ্যালক স্টুয়ার্টকে নিয়েও। মার্ক বুচার নাকি বাবা অ্যালান বুচারের সঙ্গে একটি প্রতিযোগিতামূলক ম্যাচও খেলেছেন। কিন্তু চন্দরপলরা ছাড়িয়ে গেছেন আর সবাইকেই। একসঙ্গে খেলছেন তো বটেই, শিবনারায়ণ ও ত্যাগনারায়ণ চন্দরপল মিলে রীতিমতো ত্রাস সৃষ্টি করে যাচ্ছেন গায়ানার ক্লাব ক্রিকেটে। এই তো সেদিন, গত শনিবার গান্ধী ইয়ুথ অর্গানাইজেশনের হয়ে দুজন মিলে ৪০ ওভারের ম্যাচে গড়েছেন ২৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি! সেঞ্চুরি করেছেন বাবা-ছেলে দুজনই।১০ ছয় ও ৭ চারে অপরাজিত ১৪৩ করেন শিবনারায়ণ। ছেলে ত্যাগনারায়ণও কম যান না—৬ ছয় ও ৭ চারে অপরাজিত ১১২! দুই উইকেটে ৩১২ রান তুলে গান্ধী ইয়ুথ ১২৫ রানে জিতেছে ট্রান্সপোর্ট স্পোর্টস ক্লাবের বিপক্ষে। কদিন আগে আরেক টুর্নামেন্টে টাইগার স্পোর্টসের হয়ে ইউনিটি ক্লাবের বোলারদের তুলাধোনা করে ছেড়েছিলেন ৩৭ বছর বয়সী বাবা ও ১৫ বছর বয়সী ছেলে। ৮৮ করেছিলেন শিব, ৬২ ত্যাগনারায়ণ। একই ক্লাবের বিপক্ষে পরের ম্যাচেও দলকে জিতিয়েছিল বাবা-ছেলের জুটি। ১৩২ রান তাড়ায় ৫১ রানে ৪ উইকেট পড়েছিল টাইগারের। পঞ্চম উইকেটে শিব (৬৮) ও ত্যাগনারায়ণের (৩৬) ৮২ রানের অবিচ্ছিন্ন জুটিতে জিতেছিল দল। ওই ম্যাচে আবার শুধু বাবা-ছেলে নয়, খেলেছেন দাদুও, মানে শিবনারায়ণের বাবা খেমরাজ চন্দরপলও! ২ উইকেট নিয়েছিলেন খেমরাজ, নাতি ত্যাগনারায়ণ ৩ উইকেট।এই খেমরাজ কিন্তু ছেলে-নাতি দুজনেরই গুরু। শুধু ক্রিকেটের পাঠ দেওয়াই নয়, হাতে-কলমে শিখিয়ে বিশ্বসেরাদের একজন হিসেবে গড়ে তুলেছেন ছেলেকে। নাতিকেও নিয়ে যাচ্ছেন সেই পথে। প্রকৃতিগত ত্যাগনারায়ণ ছিলেন ডানহাতি, কিন্তু বাবাকে দেখে পরে বাঁহাতি ব্যাটসম্যান হয়ে যান। বাবার মতো অবশ্য ডানহাতি লেগ স্পিনার নন, বোলিংও বাঁহাতি স্পিন। কদিন আগে এক ম্যাচে ৭ উইকেট নিয়েছেন ৩১ রানে! তবে ব্যাটিংটাই তাঁর মূল শক্তি। ক্যারিবিয়ান বয়সভিত্তিক ক্রিকেট ও ক্লাব ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন বছর দুয়েক ধরেই। ক্যারিবিয়ান অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টে রেকর্ড ভেঙেচুরে একাকার করে ফেলেছেন। এই ১৫ বছর বয়সেই খেলছেন গায়ানার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে।ত্যাগনারায়ণের ১০ বছর বয়সেই দাদু খেমরাজ বলেছিলেন, ‘ত্যাগের হাতে শিবের চেয়েও বেশি শট আছে।’ সেই কথাকে সত্যি প্রমাণ করে এগিয়ে যাচ্ছেন ত্যাগনারায়ণ। শিবনারায়ণ হয়তো খুব বেশি দিন আর খেলবেন না আন্তর্জাতিক ক্রিকেট, কিন্তু বোলারদের যন্ত্রণা দেওয়ার জন্য উঠে আসছেন আরেক চন্দরপল! ওয়েবসাইট।