বাবা টেন্ডুলকারের আকুতি

বাবার পথেই হাঁটতে শুরু করল অর্জুন টেন্ডুলকার। এই কাঙ্গা লিগ দিয়েই উত্থান শচীন টেন্ডুলকারের। গত পরশু অর্জুনেরও অভিষেক দেখল কাঙ্গা লিগ। টুর্নামেন্টে এমনিতে অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের ক্রিকেটাররা খেললেও অর্জুনের অভিষেক হলো ১৩ বছর বয়সেই। ইয়াং পার্সির হয়ে অভিষেকটা অবশ্য টেন্ডুলকার-তনয়ের ভালো গেল না। ব্যাট হাতে করেছে মাত্র ১ রান, বোলিংয়ে ৩৫ রানে ১ উইকেট।
অর্জুনের অভিষেক উপলক্ষেই কাঙ্গা লিগের পরশুর ম্যাচটি পেয়ে যায় অন্য গুরুত্ব। ভারতের টেলিভিশন চ্যানেলগুলো ক্রমাগত প্রচার করতে থাকে অর্জুনের অভিষেক আর পারফরম্যান্সের খবর। যা দেখে টেন্ডুলকারের উপলব্ধি, যাত্রার শুরুতেই গণমাধ্যমের এই উৎসাহ চাপে ফেলতে পারে তাঁর ১৪ ছুঁই-ছুঁই ছেলেকে। গণমাধ্যমের কাছে তাই টেন্ডুলকারের আকুতি, ‘দয়া করে ওকে ওর মতোই থাকতে দিন।’
সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় নান্দু নাতেকার, সাবেক গ্র্যান্ডমাস্টার প্রাভিন থিপসে, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক অজিত ওয়াদেকার, সাবেক হকি অধিনায়ক বীরেন রাসকিনহাসহ ভারতের অনেক সাবেক ক্রীড়া তারকাই উপস্থিত ছিলেন পরশুই আয়োজিত মুম্বাই স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুরস্কার প্রদান অনুষ্ঠানে। দীর্ঘ ২৭ বছর পর এমএসজেএর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে সবটুকু আলোই কেড়ে নেন টেন্ডুলকার। এর আগে এই অনুষ্ঠানে গিয়েছিলেন সেই ১৯৮৬ সালে। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটিতে গিয়ে টেন্ডুলকার কথা বললেন ছেলের ভবিষ্যৎ নিয়ে, ‘আমার ছেলে আজ তার প্রথম অফিশিয়াল ম্যাচটি খেলল। ক্রিকেটের প্রতি তার আবেগ এবং ভালোবাসা অগাধ। আমার কাছে সেটাই হবে প্রশংসাধন্য যদি তাকে তার মতো থাকতে দেয় সবাই। আমি চাই, সে নিজের মতো করে বেড়ে উঠবে এবং ক্রিকেটটা উপভোগ করবে। ক্রীড়া সাংবাদিক সমাজের সব বন্ধুর সঙ্গে বসেই বলছি, বাবা হিসেবে আমার ওকে আগলে রাখতে হবে।’
বাবা প্রয়াত রমেশ টেন্ডুলকারের সঙ্গে নিজের প্রসঙ্গও টেনেছেন টেন্ডুলকার, ‘আমি যখন ক্রিকেট খেলা শুরু করি, আমার বাবা ছিলেন একজন অধ্যাপক ও সাহিত্যিক। কাজেই কোনো পর্যায়েই আমাকে বাবাকে অনুসরণের চাপ সামলাতে হয়নি। কোনো তুলনা তাই চলে না। সে (অর্জুন) কেবল ক্যারিয়ার শুরু করল। সবার কাছে আমার বিনীত অনুরোধ, সে যেন ১৪ বছর বয়সী একজন সাধারণ বালকের মতোই জীবন কাটাতে পারে।’ ওয়েবসাইট।