বাবা ফেদেরারের ‘প্রথম’
গত বছর এই রড লেভার এরেনায় ভেঙে পড়েছিলেন হু হু কান্নায়। যেন তিনি সদ্য কৈশোরে পা রাখা এক কিশোর। বুকভর্তি অভিমান ঝরেছে জল হয়ে। প্রকাশ্যে এভাবে কোর্টে তাঁকে কাঁদতে দেখা সেটাই ছিল প্রথম।কাল সেই রড লেভার এরেনার অদ্ভুত মায়াময় পরিবেশে আবারও কি চোখের কোণে চিকচিক করে উঠল অশ্রু? ক্ষণিকের জন্য হলেও রজার ফেদেরার কি কাঁদলেন? মুখটা আড়াল করে নেওয়ায় ঠিক বোঝা গেল না। তবে কেঁদে থাকলে সেটি আনন্দাশ্রু। খানিক আগেই যে অ্যান্ডি মারেকে ৬-৩, ৬-৪, ৭-৬ গেমে হারিয়ে জিতে নিয়েছেন ১৬ নম্বর গ্র্যান্ড স্লাম। অস্ট্রেলিয়ান ওপেনে এটি তাঁর চতুর্থ শিরোপা। ওপেন যুগে অস্ট্রেলিয়ান ওপেনে সবচেয়ে বেশি শিরোপা জেতার যৌথ রেকর্ড। বাবা হওয়ার পর প্রথম।২০০৮ সালের ইউএস ওপেন ফাইনালের ভাগ্যই বরণ করে নিতে হলো মারেকে। হারলেন সরাসরি সেটে। তবে ২ ঘণ্টা ৪১ মিনিটের এই লড়াইয়ে ২২ বছর বয়সী মারে অন্তত এই আশা জিইয়ে রাখলেন—এখন না হোক, ব্রিটিশদের অপেক্ষার অবসান তাঁর হাতেই ঘটবে। বিশেষ করে শেষ সেটটা শুধু টাইব্রেকেই নিয়ে যাননি, সেখানে লড়াই হয়েছে ১৩-১১ পর্যন্ত। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জেতার রেকর্ডটা আরও একধাপ এগিয়ে নেওয়ার পর ফেদেরার বলেছেন, ‘এই শিরোপাটি আবারও জিততে পেরে আমি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি। গত দুটো সপ্তাহে আমি আবার আমার সেরা টেনিসটা খেলেছি। বাবা হিসেবে প্রথম গ্র্যান্ড স্লাম জেতাটাও আমার কাছে বিশেষ কিছু।’ক্যামেরায় এক ঝলক দেখা গেল ফেদেরারের যমজ কন্যাসন্তানের গর্বিত মা মিরকা ভাভরিনেচকে। মারে তখনো কাঁদছেন। অবশ্য প্রথম সান্ত্বনা তাঁর মিলল ফেদেরারের কাছে থেকেই, ‘অ্যান্ডি, এই টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলেছ। তুমি অসাধারণ এক খেলোয়াড়। গ্র্যান্ড স্লাম তুমি জিতবেই। এটা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই।’মারের দুশ্চিন্তা হবে না কেন? পেশাদার টেনিসে ৫ বছর হয়ে গেল। ফেদেরার-নাদালের যুগে জন্মেছেন বলে এই জীবনে কখনো গ্র্যান্ড স্লাম জিততে পারবেন কি না—এ নিয়ে সংশয় তাঁর নিজেরই। ১৯৩৬ সালে ইউএস ওপেনে সেই যে ফ্রেড পেরি শিরোপা জিতলেন, এর পর আর কোনো ব্রিটিশ শিরোপা জিততে পারলেন না পুরুষ এককে। ব্রিটিশদের আশাহত করার জন্য তাই ক্ষমা চেয়ে নিলেন মারে, ‘দেশ থেকে দারুণ সমর্থন পেয়েছি। আমি খুবই ব্যথিত, আজ (গতকাল) রাতে আমি আপনাদের আশা পূরণ করতে পারিনি।’ ফেদেরারের সঙ্গে নিজের তুলনা করে কৌতুকই করলেন, ‘আমি কেবল রজারের মতো কাঁদতেই পারি, কিন্তু এটা লজ্জার ব্যাপার, আমি ওর মতো খেলতে পারি না।’ওদিকে জিম্বাবুয়ের ক্লারা ব্ল্যাককে নিয়ে মিশ্র দ্বৈতে শিরোপা জিতেছেন ভারতের লিয়েন্ডার পেজ। সব মিলে এটি তাঁর একাদশ গ্র্যান্ড স্লাম শিরোপা। এএফপি।