বাবা মাশরাফির আরেক লড়াই
কন্যাসন্তান তাহলে সত্যিই সৌভাগ্য বয়ে আনে! প্রথম সন্তানের বাবা হয়ে মাশরাফি বিন মুর্তজা কথাটা বেশ মানছেন এখন।সন্তান জন্ম নেওয়ার পর কয়েকটা দিন স্ত্রী-সন্তান দুজনের ওপর দিয়েই বয়ে গেছে ঝড়। সব ঝড় সামলে দুজনকেই ভালোভাবে হাসপাতাল থেকে বাসায় আনার পর এখন পিতৃত্ববোধ অনুভব করতে শুরু করেছেন মাশরাফি। যত ঝড়-ঝাপটাই যাক, প্রথম সন্তান হুমায়রা মুর্তজার জন্মের পরপর আবার ডাক পেয়েছেন জাতীয় দলে। মাশরাফির কাছে সমীকরণটা খুব সহজ, ‘খুব ভালো লাগছে। অনেক কিছুই পরিবর্তন হচ্ছে...দলে সুযোগ পেলাম। মনে তো হয়, ও সৌভাগ্য নিয়ে এসেছে।’অস্ট্রেলিয়া সিরিজের দলে ডাক পাওয়ার পর বলেছিলেন, অনুশীলনে নিজেকে ফিট মনে না হলে সরে দাঁড়াবেন দল থেকে।্রদুটি প্রস্তুতি ম্যাচ এবং গত কয়েক দিনের অনুশীলনের পর মাশরাফির এই চিন্তায়ও পরিবর্তনের স্রোত। শারীরিকভাবে এখনো কিছুটা দুর্বল বোধ করলেও বলেছেন, ‘শেষ ম্যাচে রানআপ ভালো থাকলেও পেস কম ছিল। তবে আজ (গতকাল) অনুশীলনে আগের চেয়ে পেস ভালো ছিল। আমার মনে হয়, এটা সময়ের ব্যাপার। যত অনুশীলন করব ততই ভালো হবে বোলিংটা।’ কয়েকটা দিন ভালোভাবে জিম করতে পারলে শারীরিক শক্তিটাও ফিরে পাবেন বলে বিশ্বাস। সমস্যা হলো, জিম করার জন্য যথেষ্ট সময়ই বের করতে পারছেন না মাশরাফি। অনুশীলন আছে, এর বাইরে নবজাতক সন্তানকেও তো দিতে হয় সময়!তার পরও অস্ট্রেলিয়া সিরিজে খেলার আত্মবিশ্বাসটা সঞ্চিত হচ্ছে একটু একটু করে। কোনো কিছুই শেষ পর্যন্ত না দেখে ছাড়েন না, এটাই বা ছাড়বেন কেন! তবে কোনোভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ এপ্রিলের প্রস্তুতি ম্যাচটা খেলতে রাজি নন মাশরাফি। যদি প্রতিপক্ষ তাঁর দুর্বলতাটুকু বুঝে যায়! ‘অস্ট্রেলিয়া সিরিজে খেললে প্র্যাকটিস ম্যাচে আমি খেলতে চাই না। অস্ট্রেলিয়া সিরিজে আমাকে একটু হলেও কম শক্তি নিয়ে খেলতে হবে। প্র্যাকটিস ম্যাচ খেললে সিরিজ শুরুর আগেই ওরা সেটা ধরে ফেলবে।’হাঁটুতে এখন আর ব্যথা না থাকলেও কাল নেটে বল করার সময় হাঁটুর সেই ‘ক্লিক’ শব্দটা শুনেছেন। সতর্কতার কারণে শব্দ শোনার পর বলটা আর ডেলিভারি দেননি। তবে মাশরাফির ধারণা, ‘শক্তি কম থাকলে এটা হয়। আমি যখন প্রথম ইনজুরিতে পড়ি, তখনো এ রকম হয়েছিল। বিশ্বকাপের আগে জিম করে করে সেটা দূর করেছিলাম। অনেক কাজ করতে হয়েছিল এ নিয়ে। আর এবার তো এক মাস ধরে কিছুই করিনি। আশা করি, স্ট্রেংথ ট্রেনিং করলে ঠিক হয়ে যাবে।’নিজের সঙ্গে লড়াইটা নিজের মধ্যেই রাখছেন। নইলে দলের আর সবার মতো মাশরাফিও তাকিয়ে অস্ট্রেলিয়া সিরিজের দিকে। বিশ্বকাপ বাংলাদেশের যেমনই কাটুক, মাশরাফি সেই ছায়া থেকে বেরিয়ে আসতে বলছেন দলকে, ‘নতুন আরেকটা সিরিজ আসছে। দলের সবাই এখন সেদিকেই মনোযোগী। মনোযোগী না হলে আমরা ভুল করব। বিশ্বকাপে ভালো কিছু হলেও তো এই সিরিজে সেটা ভেবে আমরা ভালো খেলতে পারতাম না।’বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের একটা দুর্বলতা চোখে পড়েছে মাশরাফির—স্পিনারদের ভালো খেলতে পারেনি ব্যাটসম্যানরা। অন্যদিকে বাংলাদেশ দল বাঁহাতি স্পিনারদের ভান্ডার। মাইক হাসি ছাড়া প্রতিপক্ষের সবই ডানহাতি ব্যাটসম্যান বলে আসন্ন সিরিজে স্পিনারদেরই বড় অস্ত্র মনে হচ্ছে মাশরাফির কাছে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পাওয়াটা তাঁর চোখে অনেকটাই নির্ভর করে ফাস্ট বোলারদের ভালোভাবে খেলতে পারার ওপর।বিশ্বকাপ দেশের ক্রিকেটপ্রেমী মানুষের ক্ষুধা মেটাতে পারেনি। সন্দেহ নেই, অস্ট্রেলিয়া সিরিজে সেই অতৃপ্তি মেটানোর ‘খাবার’ চাইবে সমর্থকেরা। তবে সবার জন্যই মাশরাফির পরামর্শ, ‘খেলোয়াড় থেকে শুরু করে সবার প্রত্যাশাই বাস্তবসম্মত হওয়া উচিত। সবারই বুঝতে হবে অস্ট্রেলিয়া দলটা কেমন। হ্যাঁ, আমাদের দিনে আমরা যে কাউকে হারাতে পারি। তবে শক্তিমত্তার কথা বিবেচনা করে প্রত্যাশা এতটা উঁচুতে যাওয়া ঠিক হবে না।’