বাবা হওয়ার দিনে কলঙ্কিত বাট
সালমান বাটের জন্য অদ্ভুত একটা দিন গেল কাল। প্রথমবারের মতো পুত্রসন্তানের বাবা হয়েছেন। কিন্তু সেই সময়টায় সদ্যোজাত সন্তানের পাশে থাকতে পারলেন না। পারবেন কী করে, বাট যে তখন লন্ডনের আদালতে!ছেলে হওয়ার খবর শুনেছেন কি শোনেননি, আধ ঘণ্টা পরই লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্ট দিয়ে দিলেন রায়। জানানো হলো, বাট ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত।দুটো অভিযোগের শুনানি চলেছে প্রায় তিন সপ্তাহ ধরে। স্পট ফিক্সিং ও অবৈধভাবে বিশাল অঙ্কের টাকা ঘুষ নেওয়া। বাটের বিরুদ্ধে দুটো অভিযোগই প্রমাণিত হয়েছে বলে রায় দিয়েছেন আদালত। আসিফের বিরুদ্ধেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে ঘুষ নেওয়ার অভিযোগও।গত বছর লর্ডস টেস্টে এই কেলেঙ্কারির ঘটনা ঘটে। সদ্য বিলুপ্ত ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর ছদ্মবেশী সাংবাদিক ফাঁদ পাতেন। যে ফাঁদে ধরা দেন মাজহার মাজিদ নামের এক বাজিকর। গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে যায় মাজিদের সঙ্গে পাকিস্তানের সে সময়ের অধিনায়ক বাটের সম্পর্ক। মাজিদের নির্দেশে আসিফ ও আমিরকে দিয়ে ইচ্ছাকৃত নো বল করান বাট। এই খবর ছাপা হলে ক্রিকেট বিশ্বে ঝড় ওঠে।পাকিস্তানের এই তিন ক্রিকেটারকেই বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে আইসিসি। পাশাপাশি লন্ডনের আদালতেও এখন নিশ্চিতভাবেই শাস্তি হবে। রায় ঘোষণা শেষ হলে এ সপ্তাহের শেষে ঘোষণা করা হবে শাস্তি। বাট ও আসিফ দুজনেরই সর্বোচ্চ সাত বছর জেল হতে পারে। এই অভিযোগে অভিযুক্ত মোহাম্মদ আমির ও মাজহার মাজিদের ব্যাপারে এখনো কোনো রায় ঘোষণা করা হয়নি। তবে আমির আগেই নিজে থেকে অপরাধ স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে।বাটের পরিবারের জন্য আনন্দ ও বেদনার মিশ্র অনুভূতির দিন ছিল কাল। এর আগে কন্যাসন্তানের বাবা হলেও প্রথমবারের মতো ছেলের বাবা হলেন বাট। আর সেই দিনেই ঘোষিত হলো রায়! বাটের বাবা জুলফিকার বাট বলেছেন, ‘রায় ঘোষণার ৩০ মিনিট আগে সালমান বাটের ছেলের জন্ম হয়েছে। বাটের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়াটা আমাদের পরিবারের জন্য অনেক বড় শোকের। আশা করি, সর্বশক্তিমান তাঁকে এই ঝামেলা থেকে মুক্ত করবেন।’ এএফপি, রয়টার্স, বিবিসি।