বাবা হতে যাচ্ছেন সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঞ্জন ছড়িয়ে পড়েছিল কাল সকাল থেকেই। শেষ পর্যন্ত সেই গুঞ্জনের সত্যতা নিশ্চিত করলেন সাকিব আল হাসান নিজেই। সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বললেন, ‘খবরটা সত্যি।’ কী সেই খবর? বাবা হতে চলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মাস চারেকের মধ্যেই সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসবে সন্তান। তবে খবরের সত্যতা নিশ্চিত করা ছাড়া এ ব্যাপারে আর কিছু বলতে রাজি হননি সাকিব।
বাংলাদেশের ক্রিকেটাকাশে নিত্যনতুন তারকার আবির্ভাবের পরও সবচেয়ে বড় তারকা হয়ে জ্বলছেন সাকিবই। ১২.১২.১২ তারিখে (২০১২ সালের ১২ ডিসেম্বর) তাঁর বিয়েটাও ছিল তাই বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিয়েগুলোর একটি। সাকিবের বাবা হতে যাওয়ার খবরটা নিয়েও তাই এমন আগ্রহ। দেশে খেলা বলে এই সময়ে স্ত্রীর পাশে থাকাটাও সহজ হয়েছে সাকিবের জন্য। চট্টগ্রামের মতো ঢাকাতেও খেলার বাইরে সময় দিচ্ছেন সন্তানসম্ভবা স্ত্রীকে।