বাবাকে ছাপিয়ে যাওয়ার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাকে ছাপিয়ে যাওয়ার স্বপ্ন নিয়েই লন্ডনে পা রাখছেন ডেভিড রুডিশা। বাবা ড্যানিয়েল রুডিশা কেনিয়ার হয়ে জিতেছিলেন একটি রিলের রুপা। সেটাও ৪৪ বছর আগের কথা। ১৯৬৮ সালে মেক্সিকো অলিম্পিকে, ৪–৪০০ মিটার রিলেতে। বাবার এই কীর্তিটাই ছাপিয়ে যাওয়ার স্বপ্ন ছেলের চোখে-মুখে। ৮০০ মিটারের বিশ্ব রেকর্ডধারী ডেভিড রুডিশা লন্ডন অলিম্পিকে গলায় ঝোলাতে চান সোনার পদক। নিজের প্রথম অলিম্পিকেই সেটা হলে অন্য রকম একটা রেকর্ডও গড়ে ফেলবেন ২৩ বছর বয়সী দৌড়বিদ। কেনিয়ার মাসাই উপজাতিদের প্রথম প্রতিনিধি হিসেবে রুডিশা জিতবেন অলিম্পিক সোনা। স্বপ্নটা বাড়াবাড়িও নয়। প্রথম অলিম্পিক হলেও ৮০০ মিটারে ফেবারিট হিসেবেই নামবেন লন্ডনের ট্র্যাকে।বাবার মতো মা নোয়ামিও অ্যাথলেট, ৪০০ মিটার হার্ডলার। অ্যাথলেট হওয়ার নেশাটা তাই রক্তেই। প্রথমে ৪০০ মিটারে দৌড়ালেও তাঁর কোচ কম ও’কনেল তাঁকে ৮০০ মিটারে নিয়ে আসেন। বেইজিংয়ে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই জিতে নেন সোনা।২০০৯ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ওঠেন সেমিফাইনালে। এর পর তরতর করে এগিয়ে চলা। ২০১০ সালের আগস্টে বার্লিনের বিশ্ব মিটে গড়েন বিশ্ব রেকর্ড। ওই বছরই নভেম্বরে সর্বকালের সবচেয়ে কম বয়সী অ্যাথলেট হিসেবে জিতে নেন আইএএএফের বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার। গত বছর দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছেন ৮০০ মিটার।রয়েছেন ফর্মের তুঙ্গে। লন্ডন অলিম্পিক নিয়ে তাই রুডিশার প্রত্যাশা আকাশছোঁয়া, ‘বিশ্ব রেকর্ডের মালিক হওয়া এবং বিশ্ব শিরোপা জেতা—সবই অর্জন করেছি। এখন আমার লক্ষ্য অলিম্পিক শিরোপা। অলিম্পিকে জেতা প্রত্যেক অ্যাথলেটেরই স্বপ্ন।’আজন্ম স্বপ্ন পূরণের আশায় রুডিশার প্রস্তুতি এ পর্যন্ত নিখুঁত। অলিম্পিকের প্রস্তুতির সঙ্গে মানানসই সূচি হিসেবে এই দৌড়বিদ এ মৌসুমে অংশ নিয়েছেন মাত্রই চারটি প্রতিযোগিতায়। মার্চে মেলবোর্ন মিটে সময় করেছেন ১ মিনিট ৪৪.৩৩ সেকেন্ড। পরের তিন মিট দোহা, নিউইয়র্ক ও প্যারিসে ছিলেন আরও উজ্জ্বল। এএফপি।তাঁর কোচ কম ও’কনেলও তাই বলতে পারছেন, ‘লন্ডনে ডেভিড অবশ্যই অন্যতম ফেবারিট।’ লন্ডনে তাঁর প্রধান চ্যালেঞ্জ মনে করা হচ্ছে ইথিওপিয়ার তরুণ দৌড়বিদ মোহাম্মদ আমানকে। গত দুই বছরের মধ্যে ৮০০ মিটারে বিশ্ব ইনডোরের বর্তমান চ্যাম্পিয়ন আমানই প্রথম হারের স্বাদ দিয়েছেন রুডিশাকে, গত বছরের শেষ দিকে ইতালিতে।