বাবাকে ছাড়িয়ে ফোরলান
লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি ট্রফি’ জিতেছেন দুবার, দুবার ইউরোপীয় সোনার বুট, ক্লাব ফুটবলে নিয়মিতই বইয়ে দিচ্ছেন গোলের বন্যা—এত কিছুর পরও ডিয়েগো ফোরলানকে বিশ্বসেরাদের কাতারে রাখতে অনেকের ভীষণ আপত্তি। অভিজাত কোনো ক্লাবে খেলেন না, দেশও তাঁর উরুগুয়ে, তিনি কীভাবে সেরাদের একজন হন? এ মৌসুমটাকে তাই ফোরলান নিয়েছিলেন চ্যালেঞ্জ হিসেবে। নিজে তো সফল হবেনই, দলকেও সাফল্য এনে দেবেন। ক্লাব মৌসুমে এবারও করেছেন ২৮ গোল, ইউরোপা কাপের ফাইনালে দুই গোল করে ৩৬ বছর পর অ্যাটলেটিকো মাদ্রিদকে জিতিয়েছেন ইউরোপিয়ান শিরোপা। জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ৭ গোল করেছিলেন, এরপর বিশ্বকাপে ৪০ বছর পর দলকে তুলে আনলেন বিশ্বকাপের শেষ চারে। চ্যালেঞ্জে ফোরলান কতটা সফল, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাঁকে সেরাদের একজন বলতেও এখন কারও আপত্তি থাকার কথা নয়।দলের সাফল্য, নিজের অর্জনের বাইরে অন্য রকম একটা কীর্তিও এবার গড়েছেন ফোরলান। বাবা পাবলো ফোরলান খেলেছিলেন ১৯৬৬ ও ১৯৭৪ বিশ্বকাপে। ২০০২ বিশ্বকাপের পর এবার মাঠে নেমেই ফোরলান তাই ছুঁয়েছেন বাবাকে। মাঠে নামার পর তো বাবাকে ছাড়িয়েই গেছেন। ১৯৬৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বাদ পড়েছিল উরুগুয়ে, ১৯৭৪-এ প্রথম রাউন্ড থেকে। আর ফোরলান দলকে তুলে এনেছেন সেমিফাইনালে। বাবাকে তো ছাড়িয়েছেন, এবার দলকে ফাইনালে তুলতে পারলে নিশ্চিত হয়ে যাবে উরুগুইয়ান ফুটবল ইতিহাসে অমরত্ব। পারবেন ফোরলান?