বাবাকে জয় উৎসর্গ জোকোভিচের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭-৬ (৮/৬), ৭-৫। এই স্কোরলাইনই বলে দেয় এটিপি ট্যুর ফাইনালসের ফাইনালের লড়াইটা কত তীব্র ছিল। দুই ঘণ্টা ১৪ মিনিটের এই ফাইনালে বিজয়ীর নাম নোভাক জোকোভিচ। হারিয়েছেন ট্যুর ফাইনালসের ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে।লন্ডনের জিরো-টু অ্যারেনায় ১৭ হাজার দর্শকের বেশির ভাগই গলা ফাটিয়েছেন গত দুবারের চ্যাম্পিয়ন ফেদেরারের জন্য। কোর্টে তাঁর ঢোকা থেকে শুরু করে থেকে থেকেই ফেদেরারের জন্য হর্ষধ্বনি দিয়ে গেছেন তাঁরা। অনুপ্রাণিত ফেদেরার দুই সেটেই এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ৩-০ এবং ৫-৩ গেমে এগিয়ে গিয়েও হার মেনেছেন জোকোভিচের কাছে। কোর্টে ফেদেরার যদি থাকেন দুর্দান্ত, জোকোভিচ ছিলেন দুর্দমনীয়!অথচ মনের অবস্থা ভালো ছিল না জোকোভিচের। কয়েক সপ্তাহ আগে হঠাৎই রক্তরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তাঁর বাবা সারদিয়ান। টুর্নামেন্টের মাঝপথেই খবর আসে, বাবার অবস্থা আরও খারাপ হয়েছে। কিন্তু টুর্নামেন্ট ছেড়ে যাননি এর আগে ২০০৮ সালের এটিপি ট্যুর ফাইনালস জয়ী জোকোভিচ। বাবার অসুস্থতাই যেন তাঁকে বাড়তি শক্তি জোগাল। ফাইনাল শেষে হাজারো কনফেত্তি উড়ল, আর এর মধ্যে ট্রফি হাতে নিয়ে সেটি তিনি উৎসর্গ করলেন বাবাকে, ‘বছরটা অসাধারণ কাটল। কোর্টের বাইরে অনেক সমস্যা গেছে আমার। বিশেষ করে, এই টুর্নামেন্ট খেলতে এসে। অসুস্থতার সঙ্গে বাবার লড়াই আমাকে বাড়তি শক্তি দিয়েছে। আমি তাঁর জন্যই খেলেছি। প্রতিটি ম্যাচে, বিশেষ করে আজ (পরশু) রাতে নিজেকে উজাড় করে দিয়েছি বাবার জন্যই। এই শিরোপা তাঁরই।’বিশ্ব টেনিসে আগামী বছরটাও যে জোকোভিচের হতে পারে তারই একটা ইঙ্গিত দিয়ে গেল এই ফাইনাল। গত অস্ট্রেলিয়ান ওপেনে নাদালের সঙ্গে প্রায় ছয় ঘণ্টা লড়াই করে শিরোপা জেতা জোকোভিচকে বিশ্ব টেনিসে আধিপত্যের জন্য অ্যান্ডি মারে এবং রজার ফেদেরারের তীব্র প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছে। সেই দুজনকেই হারিয়ে বছরের শেষ এটিপি টুর্নামেন্ট জয় তাই জোকোভিচের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। এএফপি, ওয়েবসাইট।