বাবাদের পথে মেসি-রোনালদো জুনিয়ররাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনেরই বাবা বিখ্যাত ফুটবলার। রক্তে তাদেরও মিশে আছে ফুটবল। থিয়াগো মেসি ও রোনালদো জুনিয়র কি বাবাদের মতোই হবে?
দুজনেরই বাবা বিখ্যাত ফুটবলার। রক্তে তাদেরও মিশে আছে ফুটবল। থিয়াগো মেসি ও রোনালদো জুনিয়র কি বাবাদের মতোই হবে?

২০৩০ সালে মেসি আর রোনালদোর বয়স কত হবে? বয়স যা-ই হোক, এই দুই মহাতারকা তখন যে মাঠে থাকবেন না—একথা নির্দ্বিধায় বলে দেওয়া যায়। কিন্তু বিশ্ব ফুটবলে মেসি কিংবা রোনালদোর রক্তের উত্তরাধিকারেরা যে থাকবেন না, সেটা কি জোর দিয়ে বলা যায়? হয়তো এমনও দেখা যেতে পারে, ২০৩০ সালের কোনো এক এল ক্লাসিকোর মহারণ আবার নতুন করে রূপ নিতে পারে মেসি-রোনালদো দ্বৈরথে!
মেসি আর রোনালদোর দুই সন্তান থিয়াগো আর ক্রিস্টিয়ানো জুনিয়রকে নিয়েই এই জল্পনা। থিয়াগো আর ক্রিস্টিয়ানো জুনিয়র নিজেদের ভবিষ্যত্টা কীভাবে সাজাবে, সেটা অনিশ্চিত হলেও এই দুই শিশু ফুটবল খেলাটা পেশা হিসেবে বেছে নিলে যে মন্দ হবে না, সেটা এখনই জানিয়ে দিচ্ছে বিশ্বের বিভিন্ন মিডিয়া। ব্যাপারটা ‘গাছে কাঁঠাল রেখে গোঁফে তেল’ হলেও মেসি ও রোনালদোর মতো দুই তারকার সন্তানের ক্ষেত্রে খুব একটা অস্বাভাবিক কোনো ব্যাপার হয়তো হবে না।
মেসি-রোনালদো দুজনই স্বপ্ন দেখেন তাঁদের সন্তানেরা ফুটবলারই হবে। মেসি নাকি এখনই বুঝতে পারছেন, তাঁর ছেলে থিয়াগো ‘ডান পায়ে’র খেলোয়াড় হবেন। রোনালদোও আবেগে আপ্লুত হয়েছেন, যখন তাঁর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র বাবার কাছে বুট কেনার আবদার করেছে।
সম্প্রতি এক স্প্যানিশ পত্রিকাকে মেসি ছেলেকে নিয়ে নিজের আশাবাদটা জানিয়েছেন, ‘লক্ষণ যা বলছে, তাতে বুঝতে পারছি থিয়াগো ডান পায়েই ফুটবলটা খেলবে। আমার মতো বাঁ পায়ের যে সে হচ্ছে না, এটা আমি বুঝতে পেরেছি।’
ছেলে থিয়াগোকে নিয়ে তাঁর আশাবাদের আরও একটি কারণ দেখছেন মেসি, ‘আমি যখন ওর সঙ্গে ফুটবল খেলা শুরু করেছিলাম, তখন সে বাঁ পায়ে বল ফেরাতো। অবাক হয়ে এখন লক্ষ করছি সে দুই পায়েই বলে শট নিতে পারে। ডান পা বেশি ব্যবহার করে।’
সান্তিয়াগো বার্নব্যুতে প্রায়ই বাবার খেলা দেখতে যায় রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র। বাড়িতে বাবার সঙ্গে ফুটবল নিয়ে মেতে উঠতেও খুব ভালো লাগে তার। ব্যাপারটি বেশ উপভোগ করেন বাবা রোনালদো। ছেলের আগ্রহ দেখে মনে মনে স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছেন তিনি, ‘আমি খুব করেই চাইব ও আমার মতো হোক। খুব যখন আরও ছোট ছিল, তখন ও গাড়ি নিয়েই বেশি খেলত। এখন আর গাড়ির দিকে ফিরেও তাকায় না। ফুটবলই ওর ধ্যান-জ্ঞান। সারাক্ষণ বল নিয়েই পড়ে থাকে।’

ছেলে ক্রিস্টিয়ানো বাবার সঙ্গেই ফুটবল খেলতে বেশি পছন্দ করে। আর এই একটি ব্যাপারে বাবারও কোনো ক্লান্তি নেই, ‘সে ফুটবলটা আমার সঙ্গেই খেলতে চায়। আমিও মানা করি না। আবদার করলেই ওর সঙ্গে নেমে যাই খেলতে।’

ক্রিস্টিয়ানো জুনিয়রের একটি দিক বাবাকে আশান্বিত করেছে, ‘ওর শট নেওয়ার কায়দাটা দারুণ। ফুটবলে ওর আগ্রহ অসম্ভব। এখনই সে বুট কিনে দেওয়ার বায়না ধরেছে।’ ওয়েবসাইট।

শুধুমাত্র ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যে কোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।