বাবার চেয়ে ছেলে ভালো!

স্টুয়ার্ট ব্রডের চওড়া হাসি। ইংল্যান্ডের প্রতিটি পত্রিকার প্রথম পাতাতেই এই ছবি। বীরপূজা যাদের রক্তে, সেই ইংলিশরা তো অ্যাশেজ জয়ের নায়ককে নিয়ে এমন উচ্ছ্বাসে মাতবেই।
ব্রডের বিধ্বংসী এক স্পেলেই যে চেস্টার-লি-স্ট্রিটে অস্ট্রেলিয়ার কাছ থেকে চতুর্থ টেস্টটাকে কেড়ে নিয়ে গেছে ইংল্যান্ড। দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে ৫৬ রানে অস্ট্রেলিয়ার শেষ ৮ উইকেট তুলে নাটকীয় এক জয়। ব্রডের করা শেষ ৪৫ বলে যেন সম্মোহিত হয়ে ছিল অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা। অসাধারণ পেস বোলিংয়ের প্রদর্শনীতে এই সময়ে ২০ রানে ৬ উইকেট নিয়েছেন ব্রড। রিভারসাইড গ্রাউন্ডের দর্শকেরা পরশু সাক্ষী হলো অ্যাশেজ ইতিহাসের অন্যতম সেরা এক স্পেলের।
আর এই বোলিংটাও হলো কোন সময়ে? যখন ২৯৯ রানের লক্ষ্যে ছোটা অস্ট্রেলিয়া ২ উইকেটেই তুলে ফেলেছে ১৬৮ রান। এই রানের মাথায়ই ওয়ার্নারকে ফেরালেন ব্রেসনান। এরপরই ব্রড এসে তুললেন ঝড়। সেই ঝড়ে উড়ে গেল অস্ট্রেলিয়া।
এ রকম বিধ্বংসী স্পেল ব্রড আগেও করেছেন। ইংল্যান্ডে গত অ্যাশেজেই ওভাল টেস্টের দ্বিতীয় দিনে ৩৭ রানে ৫ উইকেট নিয়ে গুঁড়িয়ে দিয়েছিলেন অস্ট্রেলিয়াকে। দুই বছর আগে ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে ১৬ বলের এক স্পেলে হ্যাটট্রিকসহ ৫ উইকেট। আর এই মৌসুমের শুরুতেই লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১ ওভারে ৪৪ রান দিয়ে ৭ উইকেট।
তবে অ্যাশেজের ফর্মটা ভালো যাচ্ছিল না ব্রডের। এই টেস্টের আগে করা সর্বশেষ ১১ ইনিংসে মাত্র ৯ উইকেট। আর এখানে এক টেস্টেই ১১ উইকেট। ১১/১২১, টেস্টে দ্বিতীয়বারের মতো ১০ উইকেটই শুধু নয়, তাঁর ক্যারিয়ারসেরা বোলিং। ১৯৯৭ সালে ওভালে ফিল টাফনেলের ৯৩ রানে ১১ উইকেট নেওয়ার পর অ্যাশেজে কোনো ইংলিশ বোলারের সেরা বোলিং। আর শুধু পেস বোলারদের ধরলে ব্রডের চেয়ে ভালো করা ইংলিশ বোলার খুঁজতে ফিরে যেতে হবে সেই ১৯৬১ সালে। হেডিংলিতে ৮৮ রানে ১১ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি ফ্রেড ট্রুম্যান।
ব্রডের তাণ্ডবে ইংল্যান্ডের সিরিজ জয়ে অ্যাশেজেও ফিরে এল সাম্যাবস্থা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুদলই এখন সমান ৩১টি করে অ্যাশেজ সিরিজ জয়ী।
বিধ্বংসী ওই স্পেলের আগে কী ভাবছিলেন ব্রড? না, বেশি কিছু নয়, শুধু চেপে ধরতে চেয়েছিলেন চিরশত্রুদের, ‘ওই সেশনটা শুরুর আগে ব্রেসি (ব্রেসনান) ও আমি একত্র হয়ে বললাম ‘‘আমরা এখন ওদের চেপে ধরতে পারি’’। আমরা ১ উইকেট পেয়ে যাওয়ার পরই দর্শকেরা জেগে উঠল। আর এটাই দলটাকে উজ্জীবিত করেছে।’
স্টুয়ার্ট ব্রডের বাবা ক্রিস ব্রড ১৯৮৬-৮৭ মৌসুমের অ্যাশেজে তিনটি সেঞ্চুরি করে অবদান রেখেছিলেন ইংল্যান্ডের জয়ে। ২৬ বছর পর অন্য ভূমিকায় ছেলে অনুসরণ করলেন বাবার পদাঙ্ক। তবে পরশু রিভারসাইডে বার্মি আর্মি এগিয়ে রাখল ছেলেকেই। সারাক্ষণই তারা গেয়ে গেল, ‘হি’জ বিগ, হি’জ ব্যাড, হি’জ বেটার দ্যান হিজ ড্যাড! স্টুয়ার্ট ব্রড! স্টুয়ার্ড ব্রড!’ এএফপি ও ওয়েবসাইট।