বাবার ছেলে মাইকেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইকেল ব্র্যাডলির জন্য চ্যালেঞ্জটা অনেক বড় ছিল। বাবার ছায়া থেকে নিজের নামটি আলাদা করে ফেলার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণের। স্লোভেনিয়ার বিপক্ষে হারের শঙ্কায় যুক্তরাষ্ট্রের সমর্থকেরা যখন কাঁপছিলেন, তখনই টোকা মেরে জালে বল পাঠিয়ে দিলেন মাইকেল ব্র্যাডলি। সঙ্গে সঙ্গে যেন এই পৃথিবীকে জানিয়ে দিলেন, ‘বাবার জোরে নয়, নিজের যোগ্যতায়ই বিশ্বকাপ খেলতে এসেছি।’ মাইকেলের বাবা বব ব্র্যাডলি যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার কারণেই এই প্রচারণাটা খুব মুখরোচক, কিন্তু বাস্তবসম্মত নয় মোটেও। মাইকেল প্রথম জাতীয় দলে ডাক পেয়েছিলেন ব্রুস অ্যারেনার সময়ই, ২০০৬ সালে। এমনকি সেবারের বিশ্বকাপ দলে না থাকার পরও মাইকেলকে ক্যাম্পে ডেকেছিলেন অ্যারেনা। অ্যারেনার অধীনেই ভেনিজুয়েলার বিপক্ষে অভিষেক হয়েছিল মাইকেল ব্র্যাডলির। এরপর ওই বছরের শেষ দিকেই জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন ব্র্যাডলি। বাবা-ছেলের জুটিতে যুক্তরাষ্ট্র সাফল্যও পেয়েছে ভালোই। গত বছরের কনফেডারেশনস কাপের ফাইনালে দলকে তোলার পথে দারুণ ভূমিকা রেখেছিলেন মাইকেল; মিসরের বিপক্ষে গোলও করেছিলেন। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে ৪৫ ম্যাচ খেলে ৮ গোল করেছেন বুন্দেসলিগার দল বরুশিয়া মনচেনগ্লাডবাখ দলের এই মিডফিল্ডার। বেশির ভাগ সময় ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করা খেলোয়াড়ের জন্য পরিসংখ্যানটা নিশ্চয়ই খুব খারাপ নয়। কিন্তু লোকে এসব কথা শুনবে কেন? প্রতিবার যুক্তরাষ্ট্র দলে মাইকেল ব্র্যাডলির নাম রাখা হয় এবং সংবাদমাধ্যমে ঝড় ওঠে। এবার বিশ্বকাপের আগেও সেই ঝড়টা উঠল, মাইকেল কেন জাতীয় দলে? সরল মন্তব্য করা লোকেরা সোজা বলে দিলেন, কোচের আশীর্বাদ না থাকলে দক্ষিণ আফ্রিকা যাওয়া হতো না মাইকেলের। মাইকেল মুখে কোনো জবাব দেননি। জবাব দেননি তাঁর বাবা বব ব্র্যাডলিও। নিশ্চয়ই খেলায় জবাব দেওয়ার কথা ভাবছিলেন দুজন। সেই জবাবটা বড় অসাধারণভাবে দিয়ে দিলেন মাইকেল। তার পরও মাইকেলের মুখে কোনো কথা নেই। কথা যা কিছু বললেন, ম্যাচ জিততে না পারার অতৃপ্তি নিয়ে। লোকেদের দেখিয়ে দেওয়ার প্রসঙ্গ তো দূরে থাক, নিজের গোল নিয়েও কোনো বাড়তি কথা নেই। আর বব ব্র্যাডলি?তাঁর কাছে তো ছেলে বলে আলাদা কিছু নেই। তাঁর কাছে দলের সবাই তো ছেলে। সে জন্যই ম্যাচ শেষে শুধু বললেন, ‘আমার ছেলেরা সবাই নিজেকে প্রমাণ করেছে।’বিশেষ কারও দিকে ইঙ্গিতও করলেন কি! ওয়েবসাইট।