বাবার জন্যই রুডিশার কীর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে উসাইন বোল্টের আবির্ভাবের তখন ঢের বাকি। কিন্তু লন্ডনের অলিম্পিক স্টেডিয়াম সেই রোমাঞ্চেই কাঁপছে। বোল্ট পারবেন? পারলেই ইতিহাস! আর সেই ইতিহাসের প্রত্যক্ষদর্শী হওয়ার শিহরণ!এরই মধ্যে বোল্টের জন্য সাজিয়ে রাখা মঞ্চে এলেন তিনি। যে আলোয় বোল্ট উদ্ভাসিত হবেন বলে ঠিক করেছেন, সেই আলো আগেই মাখলেন গায়ে। বাবার অতৃপ্ত স্বপ্নপূরণের দায়ভার নিয়ে অলিম্পিকের লাল ট্র্যাকে পা রাখা ডেভিড রুডিশা গড়লেন ইতিহাস। নতুন বিশ্ব রেকর্ড গড়ে জিতলেন ৮০০ মিটার দৌড়ের সোনা। সময় নিয়েছেন ১ মিনিট ৪০.৯১ সেকেন্ড। এই প্রথম ৮০০ মিটারে মিনিটের পর সেকেন্ডের ঘরে চল্লিশে কেউ নামিয়ে আনল টাইমিং।২৩ বছর বয়সীর এমন পারফরম্যান্স অবশ্য অপ্রত্যাশিত কিছু নয়। ৮০০ মিটারের সেরা ১০টি টাইমিংয়ের ছয়টিই এই কেনিয়ানের দখলে। উইলসন কিপকেটারের ১৩ বছর ধরে টিকে থাকা রেকর্ড ভেঙেছিলেন ২০১০ সালে। নিজের সেই রেকর্ড নিজেই বেশি দিন অক্ষত রাখেননি। ওই বছরের আগস্টে সাত দিনের ব্যবধানে বিশ্ব রেকর্ড ভেঙেছিলেন দুবার। দুই বছর পর আরেক আগস্টে অলিম্পিক দেখল তাঁর কীর্তি। ৮০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়ে সোনা জেতার সর্বশেষ কীর্তিটি ৩৬ বছর আগের।পরশুর ফাইনালটিই ‘সর্বকালের সেরা’ হয়ে গেল কি না, এ নিয়েও আলোচনা শুরু হয়ে গেছে। কারণ, ফাইনালে দৌড়ানো আটজনের প্রত্যেকেই হয় নিজের সেরা টাইমিং, মৌসুমের সেরা কিংবা জাতীয় রেকর্ড গড়েছেন। ১ মিনিট ৪১.৭৩ সেকেন্ড টাইমিং নিয়ে রুপা জিতেছেন বোতসোয়ানার নাইজেল অ্যামস। ব্রোঞ্জ উঠেছে রুডিশারই সতীর্থ টিমোথি কিটুমের গলায়।পরশু সকালবেলা থেকেই নাকি তাঁর মন বলছিল, কিছু একটা হবে, ‘আমি যে জিতব, এ নিয়ে কোনো সংশয়ই আমার মনে ছিল না। শুধু বিশ্ব রেকর্ড ভাঙার জন্য ভালো একটা কন্ডিশনের অপেক্ষায় ছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম আবহাওয়া দুর্দান্ত। মনে হলো, স্পেশাল কিছু করেও ফেলতে পারি।’কেনিয়ার মাসাই গোষ্ঠীর এমনিতেই সুনাম আছে দৌড়ের ট্র্যাকে। তা ছাড়া দৌড় তাঁর রক্তেই। বাবা ড্যানিয়েল রুডিশা ১৯৬৮ অলিম্পিকে ৪–৪০০ মিটার রিলেতে রুপা জিতেছেন। মা নাওমিও ছিলেন ৪০০ মিটারের হার্ডলার। বাবাই তাঁর গুরু। ট্র্যাকে নামার আগে বাবার কথাই ভেবেছিলেন পিতৃভক্ত ছেলে, ‘রেস শুরুর আগে মনে হয়েছিল, দেশে বাবা টিভিতে কীভাবে দেখছেন আমাকে। তিনি তো আর এখানে আসতে পারেননি। তিনি সব সময়ই আমাকে উৎসাহ জুগিয়েছেন। তিনি না থাকলে এ পর্যন্ত আসতেই পারতাম না। তিনি আমার জন্য অনেক বড় অনুপ্রেরণার উৎস। সব সময়ই স্বপ্ন দেখেছি অলিম্পিকে তাঁর চেয়ে ভালো কিছু করার। তাঁর চেয়ে এক ধাপ এগিয়ে যাওয়ার।’বাবার অতৃপ্ত স্বপ্নপূরণের তৃপ্তিও ধরা পড়ল তাঁর কথায়, ‘তাঁকে সব সময়ই বলতে শুনেছি, ষাটের দশকে তিনি ৪০০ মিটারের বিশ্ব রেকর্ড ভাঙার স্বপ্ন দেখতেন। কিন্তু পারেননি। তাঁরই ছেলে হিসেবে বিশ্ব রেকর্ড ভাঙতে পারাটা আমার জন্য তাই অনেক বড় সম্মানের।’বোল্টের সঙ্গে তাঁর সরাসরি দ্বৈরথ নেই। কিন্তু কিছুক্ষণের জন্য হলেও বোল্ট-রাজত্বে দাপট দেখানোর তৃপ্তিও আছে রুডিশার কণ্ঠে, ‘বোল্ট আমার দেখা সেরা সিপ্রন্টার। মানুষ ওকে ভালোবাসে ওর দুর্দান্ত অর্জনের জন্যই। আমি জানতাম, আজ রাতে স্পেশাল কিছু করতে পারলে আমার জন্য এটা হবে দারুণ কিছু।’ এএফপি, রয়টার্স।