বাবার দেশে ছোট ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবাকে খুব বেশি আপন করে পাননি কখনো। তবে বাবাকে যখন ধ্যানজ্ঞান মেনেছেন, তখন তাঁকে অনুসরণ না করে পারেন কীভাবে? ডিয়েগো ম্যারাডোনা জুনিয়র এবার চলছেন বাবারই নাড়িপোঁতা আর্জেন্টিনায়। সেখানে বুয়েনস এইরেসের কাছেই গেরলি শহরের চতুর্থ বিভাগের ক্লাব এল পোরভেনিরে খেলবেন। বাবার পথে হেঁটে ফুটবলকেই করেছেন ধ্রুবতারা, তবে তাঁর মতো কিংবদন্তি যে হতে পারবেন না তা জানেন। সেটা নিয়ে অবশ্য কোনো খেদ নেই, বরং আর্জেন্টাইন দৈনিক ওলেকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনায় খেলতে পারাটাকেই মানছেন পরম পাওয়া, ‘আমি আর্জেন্টিনার ফুটবল ভালোবাসি। এখানে আমি সব সময়ই খেলতে চেয়েছি।’ আর্জেন্টিনায় ভালো কিছু করে দেখানোর ব্যাপারেও আশাবাদী তিনি, ‘আমি বাবার মতো হলে বিশ্বের সেরা দলগুলোয় খেলতাম। আমি নিজেকে একজন ভালো খেলোয়াড়ই মনে করি। আশা করি, এখানে সেটা দেখাতে পারব।’ ওলে জানিয়েছে, ২৫ বছর বয়সী ম্যারাডোনা জুনিয়রের কোনো ট্রান্সফার ফি নেই, তাঁর বেতন দেবে তৃতীয় এক পক্ষ। সামনের বুধবারেই ইতালি থেকে উড়ে আসবেন, বাবার দেশে নিশ্চয়ই উষ্ণ আতিথেয়তা জুটবে তাঁর! এএফপি।