বাবার বিদায়ী ম্যাচে ছেলের গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্সের ঠিক বাইরে বল পেলেন। মাপা পাসে সেটা বাড়িয়ে দিলেন ছেলে টমাসকে। বয়স ১২ হলে কী হবে, টমাসের শরীরে তো বাবার রক্তই! নিখুঁত প্লেসিংয়ে জালে জড়িয়ে দিতে ভুল করেনি টমাস। নিজের বিদায়ী ম্যাচে ছেলে গোল করেছে তাঁর পাস থেকে, তা-ও রিভার প্লেটের হয়ে প্রথম গোল। বিদায়ী উপহার হিসেবে এর চেয়ে ভালো আর কী চাইতে পারতেন আরিয়েল ওর্তেগা! গোলের পর আবেগটা ধরে রাখতে পারলেন না। ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন মাঠেই, যেন চোখের জলে শুভাশিস জানিয়ে গেলেন ভবিষ্যৎ ওর্তেগাকে।আরিয়েল ওর্তেগা যে এখনো ফুটবল খেলছিলেন, সেটাই তো বিস্ময়। বয়স হয়ে গেছে ৩৯, সমসাময়িকেরা বুটজোড়া তুলে রেখেছেন আগেই। এই আর্জেন্টাইন ফুটবলারের নাম বললে সবার আগে চোখে ভাসবে ১৯৯৮ বিশ্বকাপের সেই স্মৃতি। হল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখতে হয়েছিল ‘এল বুরিতো’ বা ‘ছোট গাধা’কে। এর পরই ডেনিস বার্গক্যাম্পের সেই দুর্দান্ত গোল। ২-১ গোলে হেরে আর্জেন্টিনার বিশ্বকাপযাত্রাও থেমে যায় সেখানেই।সেই বিশ্বকাপেই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছিলেন ওর্তেগা। সেই জার্সি, যেটা পরেছিলেন ডিয়েগো ম্যারাডোনা। ‘নতুন ম্যারাডোনার’ অন্তহীন মিছিলে ওর্তেগার নামটা শুরুর দিকেই থাকবে। কিন্তু যে সম্ভাবনা নিয়ে এসেছিলেন, তেমন সৌরভ বোধ হয় ছড়াতে পারেননি তিনটি বিশ্বকাপ খেলা মিডফিল্ডার!১৯৯১ সালে রিভার প্লেটের হয়ে শুরু ক্যারিয়ারের। এরপর ভ্যালেন্সিয়া, সাম্পদোরিয়া, পারমা, ফেনারবাচের হয়ে খেলেছেন এই প্লে-মেকার। তবে আর্জেন্টিনার হয়ে ৮৭টি ম্যাচ খেলা ওর্তেগাকে মানুষ মনে রাখবে রিভার প্লেট কিংবদন্তি হিসেবেই। এই ক্লাবের হয়ে যে জিতেছেন সাতটি লিগ শিরোপা! দুই দিন আগে ‘বিদায়ী ম্যাচটাও’ হলো ৬০ হাজার দর্শকে ঠাসা রিভার প্লেটের এল মনুমেন্টালে। ‘রিভার প্লেট একাদশ’ বনাম ‘ওর্তেগা একাদশের’ ম্যাচে খেলেছেন রোমারিও, হুয়ান ভেরন, হাভিয়ের স্যাভিওলা, রবার্তো আয়ালা, এনজো ফ্রান্সেসকোলির মতো মহারথীরাও। নিজের শেষ ম্যাচে ওর্তেগা খেললেন দুই দলের হয়েই। ওয়েবসাইট।