বাবার মৃত্যুশোক চেপে মাঠে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৭ ওভার বল করে ৭৫ রানে ২ উইকেট। ‘নেহাতই সাদামাটা বোলিং’—এমন মন্তব্য করার আগে শুধু এই তথ্যটি জেনে নিন, আগের রাতে বাবাকে হারানোর শোক বুকে নিয়ে মাঠে নেমেই এমন বল করেছেন জাভেদ খান। ইংল্যান্ড একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে মুম্বাই ‘এ’। এই ম্যাচ মুম্বাইয়ের খেলোয়াড়দের জন্য প্রথম একাদশে জায়গা করে নিয়ে রঞ্জিতে খেলার সুযোগ। ওপেন হার্ট সার্জারি চলার সময় বাবা মোহাম্মদ জাইয়িশ খান মারা যাওয়ার পরও মাঠে খেলছেন পুত্র জাভেদ। এতে অবশ্য তাঁর বাবা খুশিই হতেন বলে মনে করেন জাভেদের কোচ রাজু পাঠক, ‘ভোর পাঁচটার দিকে আমরা ওকে শেষ পর্যন্ত খেলারই পরামর্শ দিয়েছি। সারা রাত ও কেঁদেছে। মানসিকভাবে খুবই বিপর্যস্ত ছিল। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটা ওর জন্য ছিল বড় সুযোগও। ওর বাবাও ওকে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং করতে দেখতে উন্মুখ ছিলেন। ও সেটাই করেছে, যেটা ওর বাবা হয়তো চাইতেন।’ড্রেসিংরুমে বেশির ভাগ সতীর্থই জানতেন না এই খবর। দলের ওপর এর কোনো প্রভাব ফেলতে দিতে চাননি জাভেদ। কজনই বা পারে এমনটা করতে? জোনাথন ট্রট আর সেঞ্চুরিয়ান বেয়ার স্টোর দুটি মূল্যবান উইকেট তুলে নেওয়া মিডিয়াম পেসার জাভেদকে তাই ‘সাহসী’ বলেছেন কোচ।প্রথম দিনে ৬ উইকেটে ৩৩৮ রান তোলা ইংল্যান্ড একাদশ কাল ৯ উইকেটে ৩৪৫ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করেছে। ৪ উইকেটে ২৩২ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে মুম্বাই ‘এ’। ওয়েবসাইট।