বাবার রক্তে লাল মেয়ের জন্মদিন
গত পরশু ছিল তাঁর মেয়ের ২১তম জন্মদিন। পরিবারের সদস্যদের নিয়ে সন্ধ্যায় তাই প্রিটোরিয়ার এক হোটেলে মেয়ের জন্মদিন উদ্যাপন করছিলেন। কিন্তু জন্মদিনের উৎসবটা শেষও করতে পারলেন না কোরি স্যান্ডার্স। তার আগেই সন্ত্রাসীদের বুলেট ঝাঁঝরা করে করে দেয় বুক। গুলিবিদ্ধ অবস্থায় রাতটি হাসপাতালে কাটিয়ে দিতে পারলেও দিনের আলো আর দেখা হলো না দক্ষিণ আফ্রিকার সাবেক বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সারের। গতকাল ভোরেই চলে গেছেন না-ফেরার দেশে।২০০৮ সালে অবসর নেওয়া ৪৬ বছর বয়সী বক্সার রেকর্ড ৪২ বারের বিজয়ী। হেরেছিলেন মাত্র ৪টি লড়াইয়ে। তবে সবচেয়ে বড় জয়টি ২০০৩ সালে, ইউক্রেনের ভ্লাদিমির ক্লিচকোকে হারিয়ে জিতেছিলেন ডব্লুবিও বিশ্ব হেভিওয়েটের শিরোপা। তিনজন অস্ত্রধারী হোটেলে ঢুকে খাবার টেবিলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এরই কয়েকটা গুলি গিয়ে স্যান্ডার্সের পাকস্থলী ও হাতে লাগে। এএফপি।