বাবার স্বপ্নের ভার ছেলেদের কাঁধে
তিনিও পেলে। তবে ব্রাজিলের নন, আফ্রিকার। খোদ ব্রাজিল কিংবদন্তি তাঁর বেছে নেওয়া ১২৫ জীবন্ত ফুটবলারের তালিকায় রেখেছেন তাঁকে। আসল নাম পদবি মুছে গিয়ে আবেদি পেলে নামেই তিনি বেশি পরিচিত। আসল পেলের বর্ণাঢ্য ক্যারিয়ারের সঙ্গে অবশ্য মোটেও তুলনা চলে না। তার পরও তো তিনি পেলে!পেলের চেয়ে অযুত-নিযুত মাইল পেছনে থাকার একটা বড় কারণ, আবেদির কখনো বিশ্বকাপ খেলা হয়নি। চারটি বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছেন। কিন্তু নিজের সময় ঘানাকে কখনোই নিয়ে যেতে পারেননি চূড়ান্ত মঞ্চে। ঘানা বিশ্বকাপ খেলেছে একবারই, ২০০৬ সালে। আবেদি জাতীয় দল থেকে অবসর নিয়ে নিয়েছেন তারও আট বছর আগে।নিজের অপূর্ণ স্বপ্নটা সব বাবাই তাঁর ছেলেকে দিয়ে পূরণ করতে চান। আবেদি পেলেও সেই সুযোগ পাচ্ছেন। আগামী বিশ্বকাপে একজন নয়, সম্ভবত দুই দুইজন ছেলেকে দেখা যাবে! আন্দ্রে আর আবদুল ইব্রাহিম—দুজনই গত মাসের আফ্রিকান নেশনস কাপে রানার্সআপ ঘানা দলের সদস্য। আন্দ্রের তো বিশ্বকাপই জেতা হয়ে গেছে এরই মধ্যে! সেটি অবশ্য ছোটদের। গত বছর ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলকে হারিয়ে দেওয়া ঘানা দলটিতে ছিলেন এই স্ট্রাইকার।২০ বছর বয়সী আন্দ্রে উইঙ্গার হিসেবেও খেলতে পারেন স্বচ্ছন্দে। খেলতে পারেন মাঝমাঠেও। বিশ্বকাপের ২৩ জনের দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনাই বেশি। বড় ভাই, ২৪ বছর বয়সী ইব্রাহিমকে নিয়ে খানিকটা সংশয় আছে। তবে ঘানার পক্ষে সর্বোচ্চ ম্যাচ ও গোলের দুটো রেকর্ডই নিজের দখলে রাখা আবেদি পেলে বলছেন, তিনি বিশ্বকাপে দেখতে চান দুই সন্তানকেই, ‘আমি ওদের বিশ্বকাপে দেখতে চাই। আমি চাই ওদের ক্যারিয়ারটা যেন ঝলমলে হয়। গ্রেট ফুটবলাররা যা অর্জন করেছে, সেসব যেন তারাও অর্জন করে। ওরা যদি বিশ্বকাপে খেলতে পারে, আমার জন্য সেটি হবে অসাধারণ একটা মুহূর্ত।’তা তো হবেই। ক্যারিয়ারে তো এই একটাই খেদ তিনবারের আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের। আফ্রিকান ফুটবলারদের পথিকৃত্ তিনি। ইউরোপে নাম কামানো প্রথম দিককার আফ্রিকান ফুটবলারদের একজন। তর্কসাপেক্ষে আফ্রিকার সবচেয়ে সফল ফুটবলার। জাতীয় দলের নেতৃত্বেও ছিলেন ছয় বছর। যদিও একবারও বিশ্বকাপে নিয়ে যেতে পারেননি দলকে।এবারের ঘানা দলটিকে নিয়ে আফ্রিকানরাই বড় আশায় বুক বেঁধেছে। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ যদি জেতা যায়, আসল বিশ্বকাপে ভালো ফলের আশা করতে দোষ কী! গতবারও প্রথম অভিযানেই ঘানা চমকে দিয়ে উঠে গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে। গ্রুপ পর্বে চেক প্রজাতন্ত্র আর যুক্তরাষ্ট্রকে হারিয়ে দিয়েছিল তারা। দুর্ভাগ্য তাদের, দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে হয়েছিল ব্রাজিলের।এবার ঘানার স্বপ্ন আরও বড় কিছু করার। ‘ডি’ গ্রুপের চৌহদ্দি পেরোতে তাদের মুখোমুখি হতে হবে জার্মানি, অস্ট্রেলিয়া আর সার্বিয়ার। ‘ব্ল্যাক স্টার’রা আত্মবিশ্বাসী। আবেদি পেলেরও বিশ্বাস, তাঁর দল ভালো খেলবে। ভালো খেলবে তাঁর ছেলেরাও।পাছে লোকে ভাবুক, সন্তানের প্রতি মায়া থেকে একটু বেশিই পক্ষপাতিত্ব করছেন, দল নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইছেন, এ নিয়েও অবশ্য আবেদি সতর্ক, ‘ওরা আফ্রিকান নেশনস কাপে ভালো খেলেছে। জাতীয় দলে ওরা আসলেই ভালো খেলছে। অবশ্য আমি ওদের নিয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ ওরা তো আমার সন্তান।’