ইউরোপের তিন পরাশক্তি। অভিজ্ঞতায় ফারাক থাকলেও একই রকম চ্যালেঞ্জ নিয়ে নেমেছেন তিন কোচ। আর এই তিনজনের সৈন্যসামন্ত ইউরোপের ফুটবলের একঝাঁক মহাতারকা।
চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুমের শুরুটা দারুণ হলো এঁদের সবার জন্য। ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক আর করিম বেনজেমার জোড়া গোলের সৌজন্যে ৬-১ গোলে গ্যালাতাসারাইকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। বায়ার লেভারকুসেনের বিপক্ষে জোড়া গোল করে ওয়েইন রুনির মাইলফলক ছোঁয়া ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড জিতল ৪-২ গোলে আর সিএসকেএ মস্কোকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
তবে সাবেক তিন চ্যাম্পিয়নের মতো শুরুটা এত ভালো হয়নি দুবারের চ্যাম্পিয়ন জুভেন্টাসের। প্রথম ম্যাচেই কোপেনহেগেনের সঙ্গে ১-১ ড্র করেছে ইতালিয়ান পরাশক্তিরা।
কোচের চেয়ে তাঁর খেলোয়াড়েরা চ্যাম্পিয়নস লিগে বেশি অভিজ্ঞ। এমনকি ওল্ড ট্রাফোর্ডের সেই মাঠ আর সমর্থকেরাও চ্যাম্পিয়নস লিগের উন্মাদনা-উত্তেজনার চাপের সঙ্গে অভ্যস্ত। অভিজ্ঞতায় পিছিয়ে শুধু ডেভিড ময়েস নিজে! দল নিয়ে ইউরোপ-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তিনি এই প্রথম। স্যার অ্যালেক্স ফার্গুসন কি তাহলে উত্তরসূরিকে সাহস দিতেই ছুটে গিয়েছিলেন ওল্ড ট্রাফোর্ডে?
যাওয়াটা যে কারণেই হোক, ম্যাচ শেষে ম্লান মুখে ফিরতে হয়নি স্কটিশ ‘বুড়ো’কে। ১৯৮৫ সালের পর তাঁকে ছাড়া এই প্রথম ইউরোপ-শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ময়েসকে সেই চাপ বুঝতে দেননি তাঁর দলের খেলোয়াড়েরা। জোড়া গোল করে ইউনাইটেডের হয়ে ২০০তম গোলের মাইলফলক ছুঁয়েছেন রুনি। স্কোরশিটে নাম তুলেছেন রবিন ফন পার্সি আর আন্তোনিও ভ্যালেন্সিয়াও। ম্যাচ শেষে ইউনাইটেড কোচের মুখে তাই খেলোয়াড়দের প্রশংসা, ‘দুর্দান্ত পারফরম্যান্স আর দারুণ ফল। আমরা চারটা গোল করেছি, হয়তো আরও দু-একটা করতে পারতাম। ছেলেরা আসলেই ওদের অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে।’
নতুন কোচ পেপ গার্দিওলার অধীনে শুরুটা দারুণ হয়েছে ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখেরও। গত মৌসুমে আরিয়েন রোবেনের গোল দিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ হয়েছিল, এবার শুরু হলো বায়ার্ন মিডফিল্ডার ডেভিড আলবার গোল দিয়ে। মাত্র তিন মিনিটে করা তাঁর গোলের পর বাভারিয়ানদের আরও দুবার উচ্ছ্বাসে ভাসিয়েছেন মারিও মানজুকিচ আর রোবেন। ‘গার্দিওলা বায়ার্নের খেলার ধরন বদলে দিচ্ছেন’—বলে যে সমালোচনা চলছে, পারফরম্যান্স দিয়ে তার জবাব দিতে পেরে দারুণ আনন্দিত বায়ার্ন কোচ, ‘আমরা যেভাবে খেলি সেটাই বায়ার্নের খেলার ধরন, আমার নয়। আমি এখানে এসেছি শুধু খেলোয়াড়দের সহযোগিতা করতে এবং আজ আমি ওদের নিয়ে গর্বিত।’
তবে পরশু রাতে ইউনাইটেড-বায়ার্ন সবাইকে ছাড়িয়ে গেছে কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। ৩৩ মিনিটে ইসকোর গোল দিয়ে শুরু, শেষ হয়েছে যোগ হওয়া সময়ে রোনালদোর হ্যাটট্রিক গোলে। মাঝে দুটি গোল করেছেন বেনজেমা। বদলি হিসেবে নেমে রোনালদোর একটা গোলে ভূমিকা রেখেছেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেলও। সব মিলিয়ে ‘ইউরোপের নরকের মাঠ’ বলে পরিচিত ইস্তাম্বুলের স্টেডিয়ামে গ্যালাতাসারাইকে রীতিমতো কাঁদিয়ে ছেড়েছে রিয়াল। চোটের কারণে দ্বিতীয়ার্ধে খেলতে পারেননি গ্যালাতাসারাইয়ের সবচেয়ে বড় তারকা দিদিয়ের দ্রগবা। এরপর একেবারেই একপেশে হয়ে পড়া ম্যাচের শেষ দিকে বড় আকর্ষণ ছিল, রোনালদো না বেনজেমা কার হ্যাটট্রিক হয় সেটি দেখা। আর দশম শিরোপা জয়ের মিশন এভাবে শুরু করতে পেরে যেন হাওয়ায় ভাসছেন কোচ আনচেলত্তি, ‘রোনালদো আর বেনজেমার যখন একই সঙ্গে একটা ভালো রাত যায় তখন সবকিছুই সহজ হয়ে যায়। আমাদের আত্মবিশ্বাস চাঙা করার জন্য এই ফলটা কাজে দেবে।’ এএফপি।
এ ক ন জ রে
ম্যানচেস্টার ইউনাইটেড ৪ : ২ বায়ার লেভারকুসেন
রিয়াল সোসিয়েদাদ ০ : ২ শাখতার দোনেৎস্ক
কোপেনহেগেন ১ : ১ জুভেন্টাস
গ্যালাতাসারাই ১ : ৬ রিয়াল মাদ্রিদ
বেনফিকা ২ : ০ অ্যান্ডারলেখট
অলিম্পিয়াকোস ১ : ৪ পিএসজি
বায়ার্ন মিউনিখ ৩ : ০ সিএসকেএ মস্কো
ভিক্টোরিয়া প্লজেন ০ : ৩ ম্যানচেস্টার সিটি
* প্রথমে স্বাগতিক দল