
ইউরোপীয় প্রতিযোগিতায় শততম ম্যাচ খেলতে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচটা স্মরণীয় করে রাখতে কিছু একটা তো করতে হবে। রোনালদো করলেন দুটি গোল। গ্যারেথ বেল আসায় আঙ্গেল ডি মারিয়ার জায়গাটা নড়বড়ে মনে করছিলেন অনেকে। জায়গা ধরে রাখতে তাঁরও তো কিছু করা উচিত। জোড়া গোল এল ডি মারিয়ার পা থেকেও। পিএসজিতে এডিনসন কাভানিকে নিয়ে মাতামাতি। ক্লাব ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হয়ে জ্লাতান ইব্রাহিমোভিচের ওপর থেকে সবার মনোযোগ কেড়ে নিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। দুই গোল করে ইব্রা জানিয়ে দিলেন—এখনো তাঁকে পেছনে ঠেলে দেওয়ার সময় আসেনি।
এই তিনজনের দুর্দান্ত পারফরম্যান্সের পাশাপাশি পরশু রাতে চ্যাম্পিয়নস লিগে আলো ছড়িয়েছেন ফ্রাঙ্ক রিবেরি, আরিয়েন রোবেন, টমাস মুলার, দিদিয়ের দ্রগবারাও। চলুন দেখা যাক, তারার আলোয় আলোকিত ইউরোপে পরশু রাতে ক্লাবগুলোর পারফরম্যান্স—
শাখতার দোনেৎস্ক ১-১ ম্যানচেস্টার ইউনাইটেড
১৯৮৯ সালের পরে লিগে সবচেয়ে বাজে শুরু। ডেভিড ময়েস এমনিতেই প্রচণ্ড চাপে। ১৮ মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তবে সেটা কিছুক্ষণের জন্যই। শাখতারের ব্রাজিলিয়ান স্ট্রাইকার তাইসন সমতা ফেরালেন ৭৬ মিনিটে। ঘরের মাঠে ইংলিশ ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখা শাখতারের কোচের চোখে এটা ন্যায্য ফল, ‘আমার মনে হয় ড্র-ই সঠিক ফল এই ম্যাচের। দুটি দলেরই এখনো সুযোগ আছে নকআউট পর্বে ওঠার।’ ইউক্রেনিয়ান ক্লাবের বিপক্ষে ওদের মাঠ থেকে ১ পয়েন্ট নিতে পেরে সন্তুষ্ট ইউনাইটেড কোচ ডেভিড ময়েসও, ‘এই মাঠে শাখতারের রেকর্ড দারুণ। সুতরাং ১ পয়েন্ট নিয়ে যেতে পারাটাও একটা প্রাপ্তি।’
জুভেন্টাস ২-২ গ্যালাতাসারাই
দায়িত্ব পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই দল নিয়ে ইতালিতে উড়াল দিয়েছিলেন গ্যালাতাসারাই কোচ রবার্তো মানচিনি। খেলোয়াড়দের সবার নামও জানা হয়নি ঠিকমতো, তার আগেই ডাগ-আউটে বসতে হয়েছে। এসব বিবেচনায় ইতালির পরাশক্তিদের সঙ্গে তুর্কি ক্লাবের ড্র খুব একটা খারাপ ফল নয়। ৩৬ মিনিটে দিদিয়ের দ্রগবার গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল মানচিনির দলই। তবে পর পর দুটি গোল করে জুভেন্টাসই পাচ্ছিল জয়ের সুবাস। কিন্তু ২ মিনিট বাকি থাকতে উমুত বুলুত গোল করে উচ্ছ্বাস থামিয়ে দেন জুভেন্টাস স্টেডিয়ামের দর্শকদের। আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে ৬-১ গোলে বিধ্বস্ত গ্যালাতাসারাইকে একটা পয়েন্ট এনে দিতে পেরে বেশ খুশি মানচিনি, ‘এখনো আমি আমার অনেক খেলোয়াড়ের নাম জানি না। এবার ওদের সঙ্গে পরিচিত হওয়ার পালা।’
পিএসজি ৩-০ বেনফিকা
দলবদলে শোরগোল তুলে প্যারিসে যাওয়া এডিনসন কাভানি নিষপ্রভ ছিলেন পরশু রাতে। তাতে একটুও সমস্যা হয়নি পিএসজির। জন্মদিনের আগের রাতটা ইব্রাহিমোভিচ উদ্যাপন করলেন জোড়া গোল দিয়ে। সঙ্গে মারকিনোসের আরও একটি গোল। বেনফিকার বিপক্ষে ৩-০ গোলের জয় মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ১০ ম্যাচ অপরাজিত পিএসজি (৭ জয়, ৩ ড্র)। টানা দুই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে থাকা পিএসজির সাফল্যের গোপন রহস্যটা জানালেন প্রতিপক্ষ কোচ জর্জ জেসুস, ‘ওরা দেখিয়েছে অর্থের শক্তি। গত মৌসুমে বার্সেলোনা ওদের বিদায় করে দিয়েছিল যদিও ওরা কোনো ম্যাচে হারেনি। এবার ওরা শিরোপার জন্য লড়বে।’
রিয়াল মাদ্রিদ ৪-০ কোপেনহেগেন
মাদ্রিদ ডার্বিতে হারের ক্ষতে একটা প্রলেপের দরকার ছিল। দায়িত্বটা কাঁধে নিলেন রোনালদো আর ডি মারিয়া। শুরুটা করলেন গ্যালাতাসারাইয়ের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা রোনালদোই। পরশু রাতের দুই গোল মিলিয়ে চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ২১ ম্যাচে ২৬ গোল হলো রোনালদোর। সঙ্গে ডি মারিয়ার আরও দুই গোলে কোপেনহেগেন উড়ে গেল ৪-০ ব্যবধানে। লা লিগায় পারফরম্যান্সে উত্থানপতন থাকতে পারে, কিন্তু চ্যাম্পিয়নস লিগে ‘লা ডেসিমা’র অভিযানে এবার রিয়াল যেন অপ্রতিরোধ্যে। নয় মাস পর সান্তিয়াগো বার্নাব্যুতে গোলবারের নিচের প্রত্যাবর্তন স্মরণীয় হয়ে থাকল ইকার ক্যাসিয়াসের জন্যও। রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও যে খুব খুশি সেটা জানালেন ম্যাচের সেরা পারফরমার ডি মারিয়া, ‘কোচ আমাদের ওপর আস্থা রেখেছেন। আজকের পারফরম্যান্সে তিনি দারুণ আনন্দিত।’
ম্যানচেস্টার সিটি ১-৩ বায়ার্ন মিউনিখ
ম্যাচ শেষে আরিয়েন রোবেনও যেন খোঁচা দিলেন প্রতিপক্ষকে, ‘আমরা এত সহজ জয় আশা করিনি। ভেবেছিলাম আরেকটু প্রতিদ্বন্দ্বিতা হবে।’ ম্যানচেস্টার সিটি যেমন খেলেছে তাতে এই খোঁচাটা সহ্য করা ছাড়া উপায় নেই কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির। কথাটা স্বীকার করতে রাখঢাকও করেননি তিনি, ‘আমারও মনে হয় আমরা খুব বাজে খেলেছি।’ কতটা বাজে তা শুধু ৩-১ ব্যবধান ঠিক বোঝায় না। পেপ গার্দিওলার বায়ার্ন ইত্তিহাদ স্টেডিয়ামে রীতিমতো শাসন করেছে সিটিকে। রিবেরির গোলে শুরু হয়েছিল, শেষ গোলটা করে চ্যাম্পিয়নস লিগে প্রথম বায়ার্ন ফুটবলার হিসেবে টানা ৫ ম্যাচে গোল করলেন রোবেন। মাঝে একবার সিটির জালে বল পাঠিয়েছেন মুলার। আলভারো নেগ্রেদো শেষ দিকে একটা গোল শোধ করেছেন।
প্রথম ম্যাচে সিএসকেএ মস্কোকে তিন গোল। পরশু আবার তিন। বায়ার্ন তো চ্যাম্পিয়নের মতোই খেলছে! এএফপি।
বেয়ার লেভারকুসেন ২-১ রিয়াল সোসিয়েদাদ, আন্ডারলেখট ০-৩ অলিম্পিয়াকস, সিএসকেএ মস্কো ৩-২ ভিক্টোরিয়া প্লজেন (প্রথমে স্বাগতিক দল)