বায়ার্ন-ঝড়ে উড়ে গেল বার্সেলোনা
বার্সেলোনাকে ফুটবল শেখাল বায়ার্ন মিউনিখ। চার বছর ধরে বার্সেলোনার হাত ধরে ফুটবলে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এক অর্থে সে অধ্যায়েরই পরিসমাপ্তি ঘটল কাল জার্মানির মিউনিখে। চ্যাম্পিয়নস লিগ সেমির প্রথম লেগে বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে বায়ার্ন মিউনিখ প্রমাণ করল, আগামী দিনের ফুটবল-শ্রেষ্ঠত্বের মুকুটটি উঠতে যাচ্ছে তাদেরই মাথায়। সেমির প্রথম লেগে বায়ার্নের এই বিরাট জয় ন্যু ক্যাম্পে আগামী সপ্তাহের দ্বিতীয় পর্বকে পরিণত করেছে নিতান্তই এক অপ্রয়োজনীয় আয়োজনে। ৪ গোলের ব্যবধানে হেরে বার্সেলোনাকে ফাইনালে উঠতে পরের পর্বে বায়ার্নকে হারাতে হবে ৫ গোলের ব্যবধানে। ব্যবধানটা যে অসম্ভব ও অবাস্তব, তা বোধকরি আর বলার অপেক্ষা রাখে না।বায়ার্ন মিউনিখের পক্ষে দুটি গোল থমাস মুলারের। তিনি ম্যাচের ২৫ মিনিটে দলকে এগিয়ে দেন। ৪৯ মিনিটের সময় মারিও গোমেজের গোলে আবার এগিয়ে যায় বায়ার্ন। ৭৩ মিনিটের সময় আরিয়েন রোবেন প্রায় একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে বিজয় নিশ্চিত করেন। ৮২ মিনিটে মুলার বায়ার্নের পক্ষে চতুর্থ গোল করে বার্সেলোনার কফিনে ঠুকে দেন শেষ পেরেকটি।বার্সেলোনার সমর্থকেরা প্রিয় দলের কালকের খেলা খুব তাড়াতাড়িই ভুলে যেতে চাইবেন। বায়ার্ন মিউনিখের কৌশলের কাছে জাভি, ইনিয়েস্তা, মেসিদের অসহায় আত্মসমর্পণ একেবারেই প্রত্যাশিত ছিল না। নিজেদের ছাপিয়ে গিয়ে বায়ার্ন কাল বার্সেলোনাকে নামিয়ে নিয়ে এসেছে মর্ত্যের ধুলায়। চার বছর ধরে ফুটবলের ধরণীতে একচ্ছত্র আধিপত্যের স্বাক্ষর রাখা বার্সেলোনার কালকের পরাজয়টি ছিল নিকট-ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়। পুরো খেলায় মেসি ছিলেন অস্বাভাবিক রকমের নিষ্প্রভ। জাভি, ইনিয়েস্তা, সার্জিও বুসকেটসরা নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে গেলেও বায়ার্নের রক্ষণব্যূহে কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারেননি। পুরো ম্যাচেই বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ছিলেন একেবারেই হাত-পা-ঝাড়া। ৯০ মিনিটের খেলায় বার্সেলোনার ফরোয়ার্ডরা খুব কমই নয়্যারকে বিব্রত করতে পেরেছেন। গোলের সুযোগ তৈরি করতে না পারলেও বলের দখল কিন্তু কাল সিংহভাগ সময়েই ছিল বার্সেলোনার ফুটবলারদের দখলে। কিন্তু বায়ার্ন তাদের পা থেকে বল কেড়ে নিয়ে যে প্রতি আক্রমণগুলো তৈরি করছিল, এর কোনো জবাব বার্সেলোনার রক্ষণভাগের ছিল না। বার্সার রক্ষণের দুর্বল ফাঁকফোকরগুলো যেভাবে বায়ার্ন ব্যবহার করেছে, তা ছিল এক কথায় অনন্য।কাল বায়ার্নের সেরা দুই ফুটবলার ছিলেন থমাস মুলার ও আরিয়েন রোবেন। রোবেন বারবারই উইং ব্যবহার করে বার্সার রক্ষণব্যূহ ভেদ করে ঢুকে পড়ছিলেন। খেলার দুই মিনিটের সময় এমনই একটি আক্রমণ থেকে রোবেনের নেওয়া শট হাত ছুঁইয়ে কোনোমতে রক্ষা করেন বার্সার গোলরক্ষক ভিক্টর ভালদেস। প্রথমার্ধের প্রায় পুরো সময় বার্সেলোনার ফরোয়ার্ডদের গোল হওয়ার মতো কোনো আক্রমণ তৈরি করতে না পারা ছিল এক অভাবনীয় ব্যাপার। লিওনেল মেসির নিষ্প্রভ বার্সার আক্রমণে যে বাজে প্রভাব রেখেছিল, সেটা থেকে তারা বের হয়ে আসতে পারেনি খেলার শেষ পর্যন্ত।ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল পায় বায়ার্ন মিউনিখ। ফ্রাঙ্ক রিবেরির একটি কর্নার থেকে বক্সের ডান প্রান্তে বল পান রোবেন। ডান পায়ে তাঁর তুলে দেওয়া চিপটি দানি আলভেজের মাথার ওপর দিয়ে হেড করে গোলপোস্টের আড়াআড়ি ঠিক মুলারের মাথার ওপর ফেলেন দানতে। পোস্টের খুব কাছ থেকে থমাস মুলারের হেড ভালদেসকে ফাঁকি দিয়ে আশ্রয় নেয় জালে। গোল খেয়ে উজ্জীবিত হওয়ার কথা ছিল বার্সেলোনার। কিন্তু প্রথমার্ধের বাকি সময়টায় তাদের কাছ থেকে ধারালো কোনো আক্রমণই লক্ষ করা যায়নি। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে আবার এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। এবারও গোলের উত্স ছিল কর্নার। কর্নার থেকে বক্সের মধ্যে উড়ে আসা একটি বল মুলার হেড করে পোস্টের ঠিক সামনে ফেললে তা থেকে গোল করেন মারিও গোমেজ। এ গোলটির ব্যাপারে অবশ্য প্রতিবাদ আসে বার্সার খেলোয়াড়দের কাছ থেকে। টেলিভিশন রিপ্লেতেও দেখা গেছে, মারিও গোমেজ কিছুটা অফসাইডেই ছিলেন। রেফারি অবশ্য বার্সার খেলোয়াড়দের কথায় কর্ণপাত করেননি।আগেই বলা হয়েছে, পুরো খেলায় নিজেদের মধ্যে বল আদান-প্রদান করে গেলেও গোল করার মতো কোনো আক্রমণই তৈরি করতে পারেনি বার্সেলোনা। দুই গোলে পিছিয়ে গিয়েও তাদের খেলায় কোনো পরিবর্তন আসেনি। উপরন্তু, এ সময় বেশির ভাগ খেলোয়াড়ই ওপরে উঠে আক্রমণের চেষ্টায় থাকায় বার্সেলোনার রক্ষণব্যূহে তৈরি হচ্ছিল বড় বড় ফাটল। এমনই একটি ফাটল ব্যবহার করে প্রায় একক প্রচেষ্টায় বার্সেলোনার রক্ষণব্যূহে ঢুকে দারুণ এক গোল করেন আরিয়েন রোবেন। তাঁকে বাধা দিতে অবশ্য এসেছিলেন জর্ডি আলবা। কিন্তু মুলার শরীর দিয়ে আলবাকে আটকে দিলে ডান প্রান্ত দিয়ে খুব ঠান্ডা মাথায় বল জালে জড়ান আরিয়েন রোবেন। এ গোলটি নিয়েও তুমুল প্রতিবাদ ওঠে বার্সেলোনাশিবিরে। টেলিভিশন রিপ্লে অবশ্য বলছিল, বার্সেলোনার ফুটবলারদের প্রতিবাদ একেবারেই অমূলক ছিল না। মুলার আসলেই শরীর দিয়ে রোবেনকে ট্যাকলিং করতে যাওয়া জর্ডি আলবাকে বাধা দিয়েছিলেন।৮২ মিনিটে থমাস মুলার বায়ার্নের পক্ষে চতুর্থ গোলটি করেন। এই গোলের উত্স ছিলেন ডেভিড আলবা। চার গোলে পিছিয়ে পড়া বার্সেলোনার এ সময়টা মাঠে দাঁড়িয়ে কাটিয়ে দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না।বার্সেলোনাকে এখন ফাইনালে খেলতে হলে গড়তে হবে ইতিহাস। চ্যাম্পিয়নস লিগে অতীতে আর কোনো দলই চার গোলের ঘাটতি পুষিয়ে পরের পর্বে যেতে পারেনি। ন্যু ক্যাম্পে পরের পর্বের ম্যাচটা তাই এক প্রকার ম্যাড়মেড়ে আনুষ্ঠানিকতাই। রয়টার্স।