বায়ার্ন মিউনিখে খেলবেন ওজিল
মাত্র ২১ বছর বয়সেই জার্মানির অন্যতম অপরিহার্য খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন তুর্কি বংশোদ্ভূত মেসুত ওজিল। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স দিয়ে ইউরোপীয় পেশাদার ফুটবলে নিজের বাজার ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন অনেকখানি। বাজার ও অপরিহার্যতা বুঝেই ওজিলের দিকে হাত বাড়িয়েছিল ইংলিশ ক্লাব চেলসি। কিন্তু ভের্ডার ব্রেমেনের এই তরুণ তুর্কি নাকি আগামী মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেস লিগায় খেলতেই বেশি আগ্রহী। ওজিলের আগ্রহ না থাকায় চেলসিও তাঁর আশা একরকম ছেড়েই দিয়েছে।ওজিলের আশা ছেড়ে দেওয়ার পর চেলসি এখন দ্রুতগতিসম্পন্ন স্প্যানিশ ফরোয়ার্ড পেদ্রোর প্রতি আগ্রহী হয়ে উঠেছে। যেকোনো মূল্যেই পেদ্রোকে পেতে চায় তারা। এর পাশাপাশি চেলসির স্টুটগার্টের ২৩ বছর বয়সী জার্মান মিডফিল্ডার স্যামি খেদিরা ও পর্তুগিজ রক্ষণসেনা ফ্যাবিও কনেত্রাওয়ের সঙ্গেও কথা চালিয়ে যাচ্ছে ক্লাবটি। দ্য সান।