বায়ার্নকে কাইজারের সতর্কবার্তা
যাঁরা ভাবছেন প্রথম লেগে অসহায় আত্মসমর্পণের পর বার্সেলোনা হাল ছেড়ে দেবে, তাদের দলে অন্তত নেই ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বায়ার্নের সাম্মানিক সভাপতি সাবধান করে দিচ্ছেন, আগামীকাল ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সা সম্ভাব্য সব কৌশলই খাটানোর চেষ্টা করবে। নিজেদের মাঠে প্রথম লেগে বায়ার্ন ৪-০ গোলে জেতার পর বার্সার সম্ভাবনা শেষ বলেই ধরে নিয়েছেন সবাই। কিন্তু জার্মান পত্রিকা বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে বায়ার্নকে সতর্ক করে দিয়েছেন, ‘বায়ার্নকে এলোমেলো করে দিতে বার্সা সব রকম চেষ্টাই করবে। বৈধ-অবৈধ সবকিছুই। তাদের অহমে আঘাত লেগেছে, তাই নিজেদের রক্ষা করার চেষ্টা তারা করবেই।’বায়ার্নের হয়ে টানা তিনটি ইউরোপিয়ান কাপজয়ী বেকেনবাওয়ার বার্সা কী করতে পারে, সেই ইঙ্গিতও দিয়েছেন, ‘ব্যক্তিগত লড়াইয়ের মাধ্যমে বায়ার্নকে গেমপ্ল্যান থেকে সরিয়ে আনার চেষ্টা করবে বার্সা। বায়ার্নের খেলোয়াড়দের ব্যক্তিগত দ্বৈরথে জড়িয়ে পড়লে চলবে না। ওরা হাল ছাড়বে না, উসকানি দেবে, যত কিছু সম্ভব সবই চেষ্টা করবে।’ রয়টার্স।