বায়ার্নকে দেখল গুয়াংজু

প্রায় অসম্ভব জেনেও মার্সেলো লিপ্পির কিছু ঘটিয়ে ফেলার মৃদু একটা আশা ছিল। কিন্তু অঘটন ঘটেনি। ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে যেটা প্রত্যাশিত ছিল, মরক্কোর আগাদিরে ঘটেছে সেটাই। চীনা ক্লাব গুয়াংজু এভারগ্রান্ডেকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ। দলকে বছরের পঞ্চম শিরোপার কাছে নিয়ে গেছেন ফ্রাঙ্ক রিবেরি, মারিও মানজুকিচ ও মারিও গোটশে।
৩-০ স্কোরলাইন ম্যাচের সত্যিটা তুলে ধরতে পারেনি। প্রথমবার ক্লাব বিশ্বকাপ খেলা গুয়াংজু সামর্থ্যের সবটুকু ঢেলেও দৈত্য বায়ার্নের সামনে প্রতিরোধ হতে পারেনি। ম্যাচের শুরু থেকে শেষ—বায়ার্নের আধিপত্য ছিল স্পষ্ট। ৭০ শতাংশ বল দখলে রেখে বায়ার্ন গোলে শট নিয়েছে ২৭টি। গুয়াংজু মাত্র দুটি! বায়ার্নের চারটি শট প্রতিহত হয়েছে পোস্টে। নতুবা স্কোরটা কেমন হতে পারত বুঝে নিতে পারেন।
ম্যাচের একটা ঘটনা আশ্বস্ত করে থাকবে ফিফা এবং ২০১৪ বিশ্বকাপের স্থানীয় আয়োজকদেরও। ব্রাজিল বিশ্বকাপে গোললাইন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে ফিফা। আগাদিরে বায়ার্ন-গুয়াংজু ম্যাচে তার সার্থক মহড়াই হয়ে গেল। ২৫ মিনিটে টনি ক্রুসের শট ক্রসবারে লেগে নিচে পড়ে। গোললাইন প্রযুক্তি পরিষ্কার দেখাতে পেরেছে, বলটা গোললাইন অতিক্রম করেনি। বায়ার্নকে প্রথম উৎসবের উপলক্ষ এনে দেন মেসি-রোনালদোর সঙ্গে ফিফা-ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা রিবেরি, ৪০ মিনিটে। এর চার মিনিট পরই মানজুকিচের গোল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই গোটশে স্কোর করেন ৩-০।
ম্যাচটা সরাসরি গ্যালারিতে বসে দেখা জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বায়ার্নের খেলায় মুগ্ধ। তাঁর প্রশংসাবচন, ‘আমার বিশ্বাস, প্রতিপক্ষ তাদের সামর্থ্যের চেয়েও ভালো খেলেছে। কিন্তু বায়ার্ন নিজেদের নিয়ে গেছে অন্য উচ্চতায়।’ গুয়াংজুর ইতালিয়ান কোচ লিপ্পি আঁকলেন ম্যাচের সত্যিকার চিত্রটাই, ‘বিশ্বের সেরা দলের সঙ্গে বাকিদের সত্যিকারের পার্থক্যটা আপনারা দেখেছেন। সব জায়গাতেই শ্রেষ্ঠত্ব ছিল তাদের।’ বায়ার্ন অধিনায়ক ফিলিপ লাম, গোলদাতা রিবেরিরা উচ্ছ্বসিত কণ্ঠে আরেকবার জানিয়েছেন তাঁদের শিরোপা জয়ের লক্ষ্যের কথা। এএফপি।