বায়ার্নে আরেকটা শিরোপা গার্দিওলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোক না প্রাক-মৌসুম টুর্নামেন্টের শিরোপা, তাই বলে উচ্ছ্বাসের কমতি নেই বায়ার্ন খেলোয়াড়দের ছবি: রয়টার্স
হোক না প্রাক-মৌসুম টুর্নামেন্টের শিরোপা, তাই বলে উচ্ছ্বাসের কমতি নেই বায়ার্ন খেলোয়াড়দের ছবি: রয়টার্স

বায়ার্ন মিউনিখে সময়টা দুর্দান্তই কাটছে পেপ গার্দিওলার। দুই সপ্তাহ আগে দলকে জিতিয়েছেন টেলিকম কাপের শিরোপা। গত রাতে ম্যানচেস্টার সিটিকে ২-১ গোলে হারিয়ে গত মৌসুমের ট্রেবলজয়ী বায়ার্ন জিতেছে অডি কাপ। হোক না প্রাক-মৌসুম টুর্নামেন্টের শিরোপা, কিন্তু শিরোপা তো!
প্রথমার্ধে কোনো গোল হয়নি। দুই দলের কেউ উল্লেখযোগ্য আক্রমণও করতে সমর্থ হয়নি। অবশেষে গোলের দেখা মেলে ম্যাচের ৬১ মিনিটে গিয়ে। গোলদাতা, সদ্য সিটিতে যোগ দেওয়া আলভারো নেগ্রেদো। দলের হয়ে এটাই প্রথম গোল স্প্যানিশ এই স্ট্রাইকারের। ম্যানসিটি অবশ্য বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি। চার মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে বায়ার্নকে সমতায় ফেরান মুলার। ৭২ মিনিটে মানদুজিকের গোলে এগিয়েও যায় বায়ার্ন। এটিই শেষ পর্যন্ত গার্দিওলার দলের জয়সূচক গোল হয়ে থাকে।
ম্যানসিটির মতো দলকে হারিয়ে শিরোপা জয়। আসন্ন মৌসুমে এটি নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বায়ার্নকে। কোচ গার্দিওলার কথাতেও তা স্পষ্ট, ‘প্রথমার্ধে ভালোই খেলেছিলাম আমরা। তবে যথেষ্ট আক্রমণ করতে পারিনি। সিটি বেশ শক্তিশালী দল। আসন্ন মৌসুম নিয়ে আশাবাদী আমি। কোচদের সব সময় আশাবাদী হতে হয়।’

চার দলের এই ‘মিনি’ প্রতিযোগিতায় পরশু সাও পাওলোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল বায়ার্ন। ম্যাচ শেষে ফুটবলারদের উচ্ছ্বসিত প্রশংসা করেন গত মৌসুমে দলের দায়িত্ব নেওয়া গার্দিওলা। বার্সার সাবেক কোচ বলেন, ‘আমি বিস্মিত, কীভাবে এত দ্রুত খেলোয়াড়েরা আমার চিন্তাভাবনা বুঝতে পারছে এবং তা কাজে লাগাচ্ছে। আমার দলটা সত্যি বুদ্ধিমান।’ সূত্র: রয়টার্স।