বায়ার্নে গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা ছাড়ার পর গার্দিওলার নতুন ঠিকানা কোথায় হবে? প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছে ইউরোপিয়ান ফুটবল অঙ্গনে। এত দিন সাংবাদিকেরা অনেক চেষ্টা করেও এ প্রশ্নের কোনো উত্তর বের করতে পারেননি। তবে আজ বুধবার বায়ার্ন মিউনিখ ক্লাবের বরাত দিয়ে বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, ‘শেষ পর্যন্ত গার্দিওলা বায়ার্ন মিউনিখের দায়িত্ব নিতে যাচ্ছেন। ৪১ বছর বয়সী এ কোচ আগামী জুনে জার্মানির সফলতম ক্লাবটির দায়িত্ব নেবেন।’ বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমিনিগে এক সাক্ষাত্কারে বলেন, ‘পেপ পৃথিবীর সফলতম কোচদের একজন এবং আমরা নিশ্চিত তিনি শুধু বায়ার্নের না, পুরো জার্মান ফুটবলেরই ঔজ্জ্বল্য বাড়াবেন।’গার্দিওলা বায়ার্নের বর্তমান কোচ ইয়ুপ হেইঙ্কসের স্থলাভিষিক্ত হবেন। হেইঙ্কস এ মৌসুমের শেষে অবসর নেবেন।২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত কোচ হিসেবে বার্সেলোনায় সফল চারটি বছর কাটিয়েছেন পেপ গার্দিওলা। এ সময় তিনি কাতালানদের জিতিয়েছিলেন ১৪টি শিরোপা। তবে গত বছর বার্সেলোনাকে বিদায় বলার পর তিনি কোথায় যাবেন, তা নিয়ে অনেক জল্পনা-কল্পনা হয়েছে ফুটবল বিশ্বে। বর্তমানে নিউইয়র্কে আছেন গার্দিওলা।