বায়ার্নে গার্দিওলার প্রথম শিরোপা
গত মৌসুমের ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখ নতুন কোচের অধীনে নতুন মৌসুম শুরু করল শিরোপা জিতে। হোক প্রাক-মৌসুম টুর্নামেন্টের শিরোপা, কিন্তু শিরোপা তো! পরশু বরুসিয়া মনশেনগ্লাডবাখকে তাদের মাঠেই ৫-১ গোলে হারিয়ে টেলিকম কাপের শিরোপা জিতেছে পেপ গার্দিওলার দল। সদ্যই বার্সেলোনা থেকে বায়ার্নে নাম লেখানো গার্দিওলার পুরোনো শিষ্য থিয়াগো আলকানতারা জার্মান ক্লাবটিতে করেছেন নিজের প্রথম গোল। গোল করেছেন ফ্রাঙ্ক রিবেরি, ফিলিপ লাম, আরিয়েন রোবেন ও টমাস মুলারও।
দুই দিনের এই টুর্নামেন্টে অংশ নেয় বুন্দেসলিগার চারটি দল। ম্যাচও চারটি। দুটি সেমিফাইনাল, ফাইনাল এবং প্লে-অফ। প্রতিটি ম্যাচ তিরিশ তিরিশ ৬০ মিনিটের। ২০০৯ সালে শুরু হওয়া টুর্নামেন্টে বায়ার্ন প্রতিবারই অংশ নিয়েছে। আগের চারবারই হতাশা নিয়ে ফেরা বায়ার্ন শিরোপার স্বাদ পেল পঞ্চম আসরে!
গার্দিওলার বড় পরীক্ষাটা অবশ্য আগামীকাল। নিজেদের মাঠে বায়ার্ন প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বার্সেলোনার। এরপর আগামী শনিবারই ডর্টমুন্ডের সঙ্গে জার্মান সুপার কাপের ফাইনাল। এএফপি ও ওয়েবসাইট।