বায়ার্নের উল্লাস, ডর্টমুন্ডের কান্না

ইতিহাসে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের অল জার্মান ফাইনাল। ইউরোপীয় ফুটবল অঙ্গনে নিজেদের আধিপত্য ঘোষণা করতে পারায় জাতি হিসেবে নিশ্চয়ই গর্ব বোধ করছে জার্মানরা। তবে পছন্দের দলকে সমর্থন দেওয়ার প্রশ্নে গতকাল স্পষ্টভাবেই দুটি ভাগে ভাগ হয়ে গিয়েছিল জার্মানি। চ্যাম্পিয়নস লিগের ফাইনালকে ঘিরে শুধু লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামেই নয়, পুরো জার্মানিই যেন বিভক্ত হয়ে গিয়েছিল লাল আর হলুদে। উত্তেজনাপূর্ণ ফাইনাল শেষে বায়ার্ন সমর্থকেরা ভেসেছেন ‘সব পেয়েছি’র আনন্দে, আর বুরুশিয়া ডর্টমুন্ডের সমর্থকেরা ভেঙে পড়েছেন কান্নায়। জার্মানির শহরগুলোতে এখনো চলছে বায়ার্ন মিউনিখের শিরোপা জয় উদযাপন। অন্যদিকে, ভবিষ্যতের দিকে তাকিয়ে হতাশা ভোলার চেষ্টা করছেন বরুসিয়ার সমর্থকেরা।
চার বছরের মধ্যে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছিল বায়ার্ন মিউনিখ। এর আগের দুটি আসরের ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত থাকতে হয়েছিল বাভারিয়ানদের। ফলে এবার আর কোনোভাবেই আক্ষেপ আর হতাশাকে সঙ্গী করে মাঠ ছাড়তে চাননি বায়ার্নের সমর্থকেরা। কিন্তু সেই রকম আশঙ্কাও গতকাল ভর করেছিল তাঁদের মনে। ওয়েম্বলির অল জার্মান ফাইনালের প্রথমার্ধটা কেটেছিল গোলশূন্যভাবে। দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিট পর্যন্ত খেলায় ছিল ১-১ গোলের সমতা। এই পর্যায়ে বায়ার্ন মিউনিখকে চরম কাঙ্ক্ষিত গোলটি এনে দেন ডাচ মিডফিল্ডার আরিয়েন রোবেন। উল্লাসে ফেটে পড়ে বায়ার্ন শিবির। মিউনিখ শহরের অক্টোবারফেস্ট মাঠ প্রকম্পিত হয় ৪০ হাজার সমর্থকের বিজয়োল্লাসে। একই চিত্র দেখা গেছে বায়ার্ন মিউনিখের স্টেডিয়াম আলিয়াঞ্জ অ্যারেনাতে। সেখানে প্রিয় দলের চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দ উদযাপন করতে জড়ো হয়েছিলেন প্রায় ৫০ হাজার সমর্থক। এ রকম এক বায়ার্ন সমর্থক মারকো গুয়েরিং বলেছেন, ‘এটা একটা অদ্ভুত অনুভূতি। গত চার বছরের তিনবারই আমরা ফাইনাল নিশ্চিত করেছিলাম। এবার চূড়ান্ত সাফল্যটা পাওয়ার পর নিজেকে অসম্ভব রকমের হালকা লাগছে। এখানে সমর্থকেরা যেন আনন্দে পাগল হয়ে গেছে। খুবই দারুণ লাগছে।’
অন্যদিকে, সেখান থেকে ৬০০ কিলোমিটার দূরে ডর্টমুন্ড শহরের চিত্র পুরোটাই উল্টো। ৮৯ মিনিটে রোবেনের গোলটির পর যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন বুরুশিয়ার সমর্থকেরা। ম্যাচ শেষে কান্না আটকে রাখতে পারেননি অনেকেই। কাউকে দেখা গেছে কাঁদতে কাঁদতেই পাশের বন্ধুটিকে সান্ত্বনা দিতে। ভবিষ্যতের দিকে তাকিয়েই এখন সান্ত্বনা খুঁজছেন ডর্টমুন্ডের ফুটবলপাগল এই ভক্তরা। তাঁদেরই একজন ড্যানিয়েল রুটেরিং বলেছেন, ‘কীভাবে কী বলব, কিছুই বুঝতে পারছি না। এখন এই ব্যর্থতা নিয়েই বাড়ি ফিরে যেতে হবে। তবে আগামী দিনে ভালো করার সুযোগটা তো সব সময়ই থাকবে।’ রয়টার্স।