
কে জিতবে? নিজেদের হূতগৌরব ফিরিয়ে আনতে মরিয়া বায়ার্ন মিউনিখ? নাকি গোলিয়াথ হয়ে ওঠার স্বপ্নে বিভোর বরুসিয়া ‘ডেভিড’ ডর্টমুন্ড? যা-ই বলুন না কেন, ফাইনালের ফল যেন নির্ধারিত হয়েই আছে। একটা জয় সুনিশ্চিত। জিতবে জার্মানি, জার্মানির ফুটবল!
বিশ্বকাপ শিরোপার সঙ্গে হয়তো তুলনা চলে না। ইউরোর সঙ্গেও হয়তো নয়। কিন্তু এই একটি মহাদেশীয় ক্লাব-শ্রেষ্ঠত্বের মুকুট জার্মানির এক যুগের বুভুক্ষু-চাতক আকাঙ্ক্ষার মুক্তি দেবে। বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি জার্মানি যে ১২ বছর হয়ে গেল কোনো আন্তর্জাতিক শিরোপা জেতে না। না দেশের হয়ে, না ক্লাবের হয়ে। তিনটি বিশ্বকাপ শিরোপার সর্বশেষটি জার্মানিতে গিয়েছিল সেই ১৯৯০ সালে। ১৯৯৬ সালের পর ইউরোও জেতেনি জার্মানি। আর চ্যাম্পিয়নস লিগ? সেটিও সর্বশেষ সেই ২০০১ সালে। একটি বড় ট্রফি যে পাওয়া হয়ে গিয়েছিল নীল আর্যরক্তদেরও!
উৎসব জার্মানিতে হচ্ছে নিশ্চিত। তবে তাই বলে ভেবে বসবেন না এই উৎসব হবে সর্বজনীন। আজকের রাতে পুরো জার্মানিই হয়তো কাঁদবে। তবে এক অংশে আনন্দাশ্রু থাকলেও অন্য অংশে থাকবে কান্নার ঘনঘোর বর্ষণ। তবে পুরো জার্মানি এই ভেবে তৃপ্ত হতে পারে, দুই বছর আগে ফুটবলের অন্যতম আঁতুড়ঘর ওয়েম্বলি থেকে স্প্যানিশ যে পতাকা সগৌরবে উড়িয়েছিল স্পেন, বার্সেলোনার সৌজন্যে; সেখান থেকেই পতপত করে উড়বে জার্মান তেরঙা। ফুটবলটাকে হলুদ-লাল রঙে স্পেন মাতিয়ে রেখেছে অনেক দিন থেকেই। এবার সেই হলুদ-লালের সঙ্গে যুক্ত হলো কালোও। এখান থেকেই কি তবে শুরু জার্মান আধিপত্যের?
সেই প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতে তোলাই থাক। আপাতত চ্যাম্পিয়নস লিগ ফাইনালেই দৃষ্টি ফেলছেন সবাই। যে ফাইনালে বায়ার্নকেই ফেবারিট মানছে সবাই, মাত্রই আগের পর্বে বার্সেলোনার টিকি-টাকাকে যারা আইসিইউতে পাঠিয়েছে ৭-০ গোলে বিধ্বস্ত করে। রিয়ালের বিপক্ষে ডর্টমুন্ডের প্রথম লেগের ৪-১ গোলের জয়টাও কিন্তু মনে করিয়ে দিচ্ছে, বায়ার্ন ফেবারিট। তবে সুনিশ্চিত নয় তাদের জয়। একটা মাত্রই ম্যাচ, আর তাতে ঘটে যেতে পারে যেকোনো কিছু।
বায়ার্নের জন্য আজ শত্রু হয়ে উঠতে পারে তাদেরই সাম্প্রতিক পারা না-পারার ইতিহাস। চতুর্থ বছরে এটি তাদের তৃতীয় চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। এর থেকে যেমন বোঝা যায় বায়ার্ন পারে, আবার পারেও না। বায়ার্ন অবশ্য ম্যাচের আগেই একটা সুখবর পেয়ে গেছে। ডর্টমুন্ডের অন্যতম ভরসা, তাদেরই আগামী মৌসুমের খেলোয়াড় মারিও গোটশে আজ নেই। হ্যামস্ট্রিংয়ের চোট ছিটকে দিয়েছে তাঁকে আনুগত্যের এই অগ্নিপরীক্ষা থেকে। গোটশের না-থাকা ডর্টমুন্ডকে ভোগাবে নিশ্চিত। তবে দলের গোলরক্ষক যুগপৎ পাল্টা তির এই বলে ছুড়লেন, ২০১২ সালে জার্মান কাপের ফাইনালে গোটশেকে ছাড়াই ৫-২ গোলে জিতেছিল ডর্টমুন্ড। এমন বিধ্বস্ত পরাজয় উপহার পেয়েছিল কে? বায়ার্ন মিউনিখ!
২০১১ এবং ২০১২ সালে টানা দুই লিগ শিরোপা জেতার সেই সোনালি সময়ে বায়ার্নকে টানা পাঁচবার হারিয়েছিল ডর্টমুন্ড। তবে এই মৌসুমে সেই ক্ষতে ভালোই প্রলেপ বুলিয়ে নিয়েছে বাভারিয়ানরা। চার ম্যাচে একবারও ডর্টমুন্ডের কাছে হারেনি। কাপ ও সুপার কাপের দুটো ম্যাচেই জিতেছে। অবশ্য লিগের ম্যাচ দুটি ড্র। এমনকি ফাইনালে দুই দল মুখোমুখি হচ্ছে নিশ্চিত হওয়ার পরের সপ্তাহেই লিগে মুখোমুখি হওয়া ম্যাচটাও ড্র হয়েছিল ১-১ গোলে। ফলে শক্তির দিক দিয়ে কে এগিয়ে সেই স্থির সিদ্ধান্ত নেওয়া কঠিন। বায়ার্ন খেলবে আক্রমণাত্মক ফুটবল, ডর্টমুন্ড পাল্টা-আক্রমণের সুতীব্র গতি দিয়ে আঘাত হানবে বায়ার্নের রক্ষণদুর্গে।
বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেসের জন্য অবশ্য হাতছানি দিচ্ছে ইতিহাস। চতুর্থ কোচ হিসেবে ভিন্ন দুই ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তির সামনে তিনি। ডর্টমুন্ড কোচের সামনে নিজের অবিশ্বাস্য রূপকথাকে আরও রঙিন করে তোলার সুযোগ। ইয়ুর্গেন ক্লপ অবশ্য বুঝতে পারছেন নিরপেক্ষ সমর্থকদের সমস্যাটা। বায়ার্ন-ডর্টমুন্ড কারও কাছেই যাঁদের মন বাঁধা নেই, তাঁরা আজ কাকে সমর্থন করতে পারেন—এর উত্তরে ক্লপ বলেছেন, ‘এটা নির্ভর করছে নিরপেক্ষ সমর্থকেরা কোন ধরনের গল্প শুনতে চায় তার ওপর। ১৯৭০-এর পর থেকে বায়ার্ন যা কিছু জিতেছে, বায়ার্নের গল্পটাকে তারা যদি সম্মান দেখাতে চায়, তবে তারা তাদের সমর্থন দিতে পারে। কিন্তু তারা যদি নতুন কোনো গল্প চায়, স্পেশাল এক গল্প, তাহলে অবশ্যই ডর্টমুন্ড।’ এএফপি, রয়টার্স।
এই ফাইনালের আগে ঠিক ১০০টি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। যার ৪৫টিতে জিতেছে বায়ার্ন, ডর্টমুন্ড ২৬টিতে। বাকি ২৯ ম্যাচ হয়েছে ড্র।
বুন্দেসলিগায় বায়ার্নের সবচেয়ে বড় জয়টি এই ডর্টমুন্ডের বিপক্ষেই। ১৯৭১-৭২ মৌসুমে ১১-১ গোলের ম্যাচটিতে দুটি গোল করেছিলেন বায়ার্নের বর্তমান সভাপতি উলি হোনেস।
বায়ার্নের এটি দশম ফাইনাল। ডর্টমুন্ড এর আগে ফাইনাল খেলেছে মাত্র একবার (১৯৯৭)।
ইউরোপীয় প্রতিযোগিতায় জার্মান প্রতিপক্ষের বিপক্ষে সাতটি ম্যাচ খেলে চারটিতে জিতেছে বায়ার্ন, হেরেছে বাকি তিনটিতে।
লন্ডনে এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে মাত্র একটিতেই জিতেছে বায়ার্ন, হেরেছে তিনটিতে। একমাত্র জয়টি এই মৌসুমেই আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে, ৩-১ ব্যবধানে।
বায়ার্নের মতো লন্ডনে ডর্টমুন্ডেরও মাত্র একটি জয়। ১৯৬৫-৬৬ মৌসুমে কাপ উইনার্স কাপের সেমিফাইনালে ওয়েস্টহামকে ২-১ গোলে হারিয়েছিল ক্লাবটি। পরে আরও দুবার লন্ডন সফর করে কোনো জয় পায়নি ডর্টমুন্ড।
এবার ফাইনালে ওঠার পথে দেশের বাইরে খেলা ছয় ম্যাচের মাত্র একটিতেই জিতেছে ডর্টমুন্ড। অন্যদিকে বায়ার্ন জিতেছে চার ম্যাচে, যার শেষ তিনটি আবার আর্সেনাল, জুভেন্টাস ও বার্সেলোনার মাঠে পাওয়া।
১৯৯৫ ও ১৯৯৬ সালে বুন্দেসলিগা জেতার পর ১৯৯৭ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ডর্টমুন্ড। ২০১১ ও ২০১২ সালের লিগ চ্যাম্পিয়নরা দাঁড়িয়ে ইতিহাস পুনরাবৃত্তির সামনে।
চ্যাম্পিয়নস লিগে একই দেশের দুটি ক্লাবের চতুর্থ ফাইনাল এটি। এর আগে ২০০০ সালে স্পেনের রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়া, ২০০৩ সালে ইতালির এসি মিলান ও জুভেন্টাস এবং ২০০৮ সালে ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি খেলেছিল।
খেলোয়াড়ি জীবনে মনশেনগ্লাডবাখের হয়ে ১৫ বার ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছেন বায়ার্নের বিদায়ী কোচ ইয়ুপ হেইঙ্কেস। ১৯৭৮ সালে ২৯ এপ্রিল বুন্দেসলিগার ইতিহাসে সবচেয়ে বড় জয়টি (১২-০) ম’গ্লাডবাখ পেয়েছিল ডর্টমুন্ডের বিপক্ষেই। ওই ম্যাচে ৫ গোল করেছিলেন হেইঙ্কেস।