বায়ার্নের বিপক্ষে মাঠে নামবেন মেসি
সাম্প্রতিক কালে মেসির ইনজুরিই বার্সেলোনার দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ। হ্যামস্ট্রিং ইনজুরি এই গ্রহের সেরা ফুটবলারটিকে চ্যাম্পিয়নস লিগের মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনাল থেকে সরিয়ে রাখে কি না, সেই চিন্তায় অনেক বার্সা-ভক্তেরই ঘুম হারাম হতে বসেছে। তবে ভক্ত-সমর্থকদের আশ্বস্ত করেছেন লিওনেল মেসি নিজেই। জানিয়েছেন, ইনজুরি কাটিয়ে আগামী সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামবেন তিনি।নিজের হ্যামস্ট্রিং চোটকে ‘অতীতের বিষয়’ আখ্যা দিয়ে মেসি গতকাল মঙ্গলবার বলেছেন, ‘আমি বাভারিয়ানদের বিপক্ষে অবশ্যই মাঠে নামছি।’চোটের কারণে বার্সেলোনার সর্বশেষ দুটি লা লিগা ম্যাচে মাঠে ছিলেন না মেসি। রিয়ালের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে থাকা বার্সার লিগ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়ে যাওয়ায় কোচ টিটো ভিলানোভা এ দুটি ম্যাচে মেসিকে বিশ্রামে রেখেছিলেন। কাঙ্ক্ষিত বিশ্রাম পেয়ে তাঁর হ্যামস্ট্রিং চোটও সেরে যাওয়ার পথে। চ্যাম্পিয়নস লিগের সেমির লড়াই সামনে রেখে এ মুহূর্তে হালকা অনুশীলনও চালিয়ে যাচ্ছেন চারবারের ব্যালন ডি’অর জয় করা এই সুপারস্টার প্লে-মেকার।মেসি ছাড়া বার্সেলোনা যে কিছুটা অসহায়, তা হাড়ে-হাড়ে টের পেয়েছেন সবাই। চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালেই প্যারিস সেন্ট জার্মেইঁয়ের বিপক্ষে দ্বিতীয় পর্বের ম্যাচে মেসিই বরং সেটা সবাইকে বুঝিয়ে দিয়েছেন। এক গোলে পিছিয়ে পড়া সেই ম্যাচে অনেক পরে মাঠে নেমে মেসি ছিলেন বার্সেলোনার মূল ত্রাতা। মেসির ছোঁয়াতেই শেষ পর্যন্ত ম্যাচটি ড্র করে টানা ষষ্ঠবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করে কাতালানিয়ারা।হ্যামস্ট্রিং ইনজুরি অবশ্য মেসিকে লা লিগায় টানা ১৯ ম্যাচে গোল করার অনন্য কৃতিত্বে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এ মুহূর্তে ৪৩ গোল করে স্প্যানিশ লা লিগার সর্বোচ্চ গোলদাতা এই মেসিই। ওয়েবসাইট।