বায়ার্নের সাফল্য, গার্দিওলার চাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ী নায়কেরা ঘরে ফিরেছে। সঙ্গে নিয়ে এসেছে স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ ট্রফি। মিউনিখবাসীর এখন উৎসব করারই সময়। স্টেডিয়াম, রাস্তাঘাট—সবখানেই বাজছে উৎসবের সুরমূর্ছনা। তবে চ্যাম্পিয়নস লিগ জয়ের এই উৎসবের মধ্যেই বায়ার্নকে নিতে হচ্ছে আরেকটি শিরোপা জয়ের প্রস্তুতি। আগামী শনিবার জার্মান কাপের ফাইনাল। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে স্টুটগার্টের বিপক্ষে জিতলেই জার্মানিতে প্রথম দল হিসেবে বায়ার্ন গড়ে ফেলবে ‘ট্রেবল’ জয়ের ইতিহাস।

লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতে বায়ার্ন এখন এই স্বপ্নেই বিভোর। আর স্বপ্নটা পূরণ হলে পেপ গার্দিওলার ওপর চাপ আরও বাড়বে! ২৬ জুন ইয়ুপ হেইঙ্কেসের উত্তরসূরি হিসেবে বায়ার্নের দায়িত্ব নিতে যাচ্ছেন বার্সেলোনার সাবেক কোচ। শনিবার কাপের ফাইনালটিই বায়ার্নে হেইঙ্কেসের শেষ ম্যাচ। কিন্তু বিদায়ের আগে হেইঙ্কেস দলকে এমন উচ্চতায় রেখে যাচ্ছেন, যেখান থেকে শুরু করাটা যেকোনো কোচের জন্যই বিশাল ব্যাপার। একই সঙ্গে চাপেরও। আকাশসমান প্রত্যাশা নিয়ে শুরু করতে হবে গার্দিওলাকে।

দল সাজানোর ব্যাপারটিও চাপে ফেলবে গার্দিওলাকে। কাকে রেখে কাকে খেলাবেন, সেই সিদ্ধান্ত নিতেও তো হবেন গলদঘর্ম। একের পর এক ভালো খেলোয়াড় কিনে বায়ার্ন আলিয়াঞ্জ অ্যারেনায় বসিয়েছে তারকার হাট। ডর্টমুন্ডের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কির সঙ্গেও শিগগিরই চুক্তি করবে বলে খবর। লেভানডফস্কিকে কিনতে পারলে একটি পজিশনের জন্য বায়ার্ন শিবিরে লড়াই চলবে বিশ্বমানের তিনজন স্ট্রাইকারের—মারিও গোমেজ, মারিও মানজুকিচ ও লেভানডফস্কি। প্রতিটি জায়গাতেই একই অবস্থা। কাজেই খেলোয়াড়দের ঠিকভাবে ব্যবহার করাটাও চ্যালেঞ্জ হবে গার্দিওলার জন্য।

গার্দিওলা কেমন করবেন, সেটা বলবে সময়। আপাতত বায়ার্নের খেলোয়াড়-সমর্থকেরা চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দে বুঁদ হয়ে আছে। স্বপ্নপূরণের আনন্দে কেউ কেউ অদ্ভুত কাণ্ডকারখানাও করছেন। ফ্রাঙ্ক রিবেরিই যেমন। পরশু ঘুমানোর সময় স্ত্রীর পাশাপাশি আরেকটা জিনিসকে সঙ্গী করলেন রিবেরি, সদ্য জেতা চ্যাম্পিয়নস লিগ ট্রফি! রিবেরি বলেছেন, ‘আমি ছয়টার আগেই বিছানায় যাই। গত রাতে বিছানায় আমার সঙ্গে ছিল ট্রফি এবং স্ত্রী।’

বায়ার্নের পঞ্চম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের নায়ক আরিয়েন রোবেন ভাসছেন অভিনন্দনের বন্যায়। শনিবার ওয়েম্বলির ফাইনালের পর রোবেনকে সবার আগে অভিনন্দন জানিয়েছেন তাঁর সাবেক দুই সতীর্থ চেলসির জন টেরি ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। তিনটি বছর রোবেন কাটিয়েছেন স্ট্যামফোর্ড ব্রিজে। গত বছর সেই চেলসিই গুঁড়িয়ে দিয়েছিল বায়ার্নের চ্যাম্পিয়নস লিগ স্বপ্ন। পেনাল্টি মিস করায় যে হারের বড় দায়টা চেপে ছিল রোবেনের ওপর। দলকে জিতিয়ে সেই দুঃখ ঘোচানোয় রোবেনকে অভিনন্দন জানাতে দেরি করেননি টেরি-ল্যাম্পার্ডরাও। এর পেছনে একটা কারণও অবশ্য আছে। শিগগিরই মাঠের লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছেন তাঁরা। চ্যাম্পিয়নস লিগ জয়ী বায়ার্ন আর ইউরোপাজয়ী চেলসি আগামী মৌসুমে মুখোমুখি হবে উয়েফা সুপার কাপে। মৌসুম সূচক প্রাগের ওই ম্যাচের জন্য তর সইছে না রোবেনের, ‘সামনে অনেকগুলো ম্যাচই আমরা পাচ্ছি। সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ!’ রয়টার্স, ওয়েবসাইট।