বায়ার্নেরই চারজন
গত মৌসুমে ‘ট্রেবল’ জিতেছে বায়ার্ন মিউনিখ। উয়েফার সেরা ইউরোপিয়ান ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় বায়ার্নের খেলোয়াড়ই তাই চারজন—রিবেরি, মুলার, রোবেন ও শোয়েনস্টেইগার। বুন্দেসলিগা থেকে আরও আছেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ডের লেভানডফস্কি ।
লা লিগা থেকে অনুমিতভাবেই ১০ জনের তালিকায় ঠাঁই করে নিয়েছেন রোনালদো ও মেসি। প্রিমিয়ার লিগের আছেন দুই জন—ম্যানচেস্টার ইউনাইটেডের ফন পার্সি ও টটেনহামের বেল। ফ্রেঞ্চ লিগ ওয়ানের একমাত্র প্রতিনিধি পিএসজির ইব্রাহিমোভিচ।
২০১১ সালে উয়েফা চালু করে এই পুরস্কার। প্রথমবার মেসি জেতার পর পরেরবার জেতেন তাঁর বার্সা-সতীর্থ ইনিয়েস্তা। আগামী ৬ আগস্ট ঘোষণা করা হবে প্রথম তিনজনের সংক্ষিপ্ত তালিকা। এরপর উয়েফার সদস্যভুক্ত ৫৩টি দেশের সাংবাদিকদের ভোটে বিজয়ীর নাম জানা যাবে ২৯ আগস্ট মোনাকোতে চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে। এএফপি।