বারতোলিকে বিদায় করে দিলেন লিসিস্কি
২০০৭-এর ছবিটা ফিরিয়ে আনার সম্ভাবনা জাগিয়েও পারলেন না মারিওন বারতোলি। কাল কোয়ার্টার ফাইনালে জার্মান স্যাবাইন লিসিস্কির কাছে হেরে গেছেন চার বছরের আগের ফাইনালিস্ট। দ্বিতীয় সেটটা টাইব্রেকে জিতে নিলেও শেষ পর্যন্ত হেরেছেন ৬-৪, ৬-৭ (৪/৭), ৬-১ গেমে। ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে এসে দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসেবে উইম্বলডনের সেমিফাইনালে উঠলেন লিসিস্কি। এর আগে ২০০৮ সালে চীনের ঝেং জাই দেখিয়েছিলেন এই কৃতিত্ব। ২১ বছর বয়সী লিসিস্কির কৃতিত্বে ১২ বছর পর উইম্বলডনের শেষ চারে উঠলেন কোনো জার্মান। সর্বশেষ উঠেছিলেন স্টেফি গ্রাফ। এএফপি।দ্বিতীয় রাউন্ডে ফ্রেঞ্চ ওপেনজয়ী লি নাকে বিদায় করা এই জার্মান ম্যাচ শেষে বলেছেন, ‘ভাষায় প্রকাশ করতে পারব না কেমন লাগছে।’ সেমিফাইনালে লিসিস্কির প্রতিপক্ষ রাশিয়ার মারিয়া শারাপোভা। ২০০৪-এর চ্যাম্পিয়ন ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন স্লোভাকিয়ার ডমিনিকা চিবুলকোভাকে।দিনের অন্য ম্যাচে সভেতানা পিরঙ্কোভাকে ৬-৩, ৬-৭ (৫/৭), ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনালে উঠে গেছেন পেত্রা কেভিতোভা। গত বছরও সেমিফাইনালে উঠেছিলেন চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়।