বারতোলির স্বপ্নপূরণ
দুই হাতে মুখ ঢাকলেন। হাঁটু গেড়ে বসে পড়লেন সবুজ ঘাসে। দুই চোখ দিয়ে ঝরছে আনন্দাশ্রু। এরপর ছুটে গেলেন গ্যালারিতে। বাবা ও শুভাকাঙ্ক্ষীদের বাঁধলেন আলিঙ্গনে। আপ্লুত মারিওন বারতোলি যেন বিশ্বাসই করতে পারছিলেন না, একটু আগেই উইম্বলডনের নতুন রানি হয়েছেন! সেই ২০০৬ সালে সর্বশেষ ফরাসি হিসেবে উইম্বলডনের মহিলা একক জিতেছিলেন অ্যামেলি মরেসমো। পরের বছরই সেই কীর্তি পুনরাবৃত্তির খুব কাছে চলে গিয়েছিলেন বারতোলি। কিন্তু ফাইনালে ভেনাস উইলিয়ামসের কাছে হেরে স্বপ্নটা চুরমার হয়ে যায়। ছয় বছরের অপেক্ষার অবসান হলো এবার। সাবিনা লিসিকিকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে হাতে নিলেন নিজের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা। আর কী অদ্ভুত কাকতাল, জয়টা এসেছে পূর্বসূরির শিখিয়ে দেওয়া মন্ত্রেই। সেই মরেসমোই এবার বারতোলির কোচ! প্রভাত সব সময় দিনের আসল পূর্বাভাস দেয় না। নইলে কে ভেবেছিল প্রথম গেমেই বারতোলির সার্ভিস ভাঙার পর এভাবে পথ হারিয়ে ফেলবেন লিসিকি? তবে ২৮ বছর বয়সী ফরাসিনিকে কৃতিত্বটা দিতেই হবে, পরের ছয় সেটে পাত্তাই দেননি প্রতিপক্ষকে। যেন ঠিকই করে রেখেছিলেন নিজের সেরাটা খেলবেন ফাইনালেই!যা একটু প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দ্বিতীয় সেটেই। সেখানেও বারতোলি এগিয়ে গিয়েছিলেন ৫-১-এ। কিন্তু টানা তিন গেম জিতে ফিরে আসেন লিসিকি। আরেকটা দুর্দান্ত প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় নড়েচড়ে বসেছিল সেন্টার কোর্টের দর্শক। কিন্তু সেটা হয়নি। বারতোলি সাময়িক হকচকিত ভাব কাটিয়ে জিতে নিলেন শেষ সেটটাও। একই সঙ্গে গড়লেন কিছু মাইলফলক। ২০০৭ সালের পর এই প্রথম শীর্ষ দশের বাইরে কেউ উইম্বলডন জিতলেন। আর উন্মুক্ত যুগে বারতোলির চেয়ে বেশি বয়সে উইম্বলডন জিতেছেন মোটে চারজন।ম্যাচ জিততে সময় লেগেছে মাত্র ৮১ মিনিট। জয়ের পর যেন উচ্ছ্বাস বাঁধ মানছিল না বারতোলির, ‘আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সেই ছোট্ট থেকেই তো এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি। এইস করে উইম্বলডন জেতা, স্বপ্নেও এটা ভাবিনি আমি। ট্রফিটা হাতে ধরতে পেরে আমি খুবই খুশি।’ সমবেদনা ঝরল লিসিকির জন্যও, ‘আমি ২০০৭ সালে উইম্বলডন জিততে পারিনি। আমি জানি অনুভূতিটা কেমন। আমি নিশ্চিত সে এখানে আবার ফিরে আসবে।’ এএফপি।