বারবার ফিরে আসে ইতিহাস
হাতির গোরস্তানে শেষ পর্যন্ত আশার সমাধি হবে কার? আর্জেন্টিনা, নাকি উরুগুয়ের? সান্তা ফের ‘এলিফেন্টস গ্রেভইয়ার্ড’ নামে পরিচিত স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হওয়ার পরই পাওয়া যাবে সেই উত্তর। তবে এর আগে যা পাওয়া যায়, তা শুধুই দুই প্রতিবেশী দেশের শতাব্দী-প্রাচীন ফুটবলীয় দ্বৈরথের ইতিহাসের সুবাস। যে দ্বৈরথ পরিচিত ‘এল ক্লাসিকো ডেল রিও ডি লা প্লাটা’ নামে। রিভার প্লেট নদীর এপার-ওপারে দুই প্রতিবেশী দেশের যে দ্বৈরথ শুরু হয়েছিল সেই ১৯০১ সালে।দুই দলই দুটি করে বিশ্বকাপ জিতেছে, অলিম্পিক ফুটবলেও সোনা জিতেছে দুবার; এমনকি কোপা আমেরিকার শিরোপাও ঘরে তুলেছে সমান ১৪ বার করে। কোয়ার্টার ফাইনালের এই দ্বৈরথে যে দলই জিতুক, তাদের সামনে থাকবে ১৫তম কোপা আমেরিকা জিতে রেকর্ডটা একার করে নেওয়ার সুযোগ।মোট ১৭৭ বার মুখোমুখি লড়াইয়ের প্রথম ম্যাচটি জিতেছিল আর্জেন্টিনা, সর্বশেষটিও—২০১০ বিশ্বকাপের বাছাইপর্বে মন্টেভিডিওর যে ম্যাচটি ১-০ গোলে জিতে বিশ্বকাপ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তুমুল বৃষ্টির মধ্যে নাটকীয় গোলে জেতা সেই ম্যাচটি ঘিরে নাটকও হয়েছিল বিস্তর। এই দুই দেশের দ্বৈরথ ফুটবলারদের কাছেও পরম প্রার্থিত। উরুগুয়ের ৩৪ বছর বয়সী স্ট্রাইকার সেবাস্তিয়ার আব্রিউও যেমন বলছেন, ‘এটা এমন একটা ম্যাচ যেখানে জড়িয়ে থাকে ইতিহাস...এমন একটা ম্যাচ, যার জন্য আমরা ফুটবলাররাও মুখিয়ে থাকি।’খেলার বাইরের ইতিহাসটাও কৌতূহলোদ্দীপক। স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের সময় বুয়েনস এইরেস আর মন্টেভিডিও দুটি শহরই ছিল প্রায় সমান গুরুত্বপূর্ণ, যেখান থেকে পরিচালিত হতো প্রশাসনিক কার্যক্রম। কিন্তু মন্টেভিডিও পিছিয়ে পড়ে, কারণ পরে আর্জেন্টিনার রাজধানীতেই প্রথম শুরু হয় স্বাধিকার আন্দোলন। ১৮১০ সালে স্বাধীন হয় আর্জেন্টিনা, প্রায় ২০ বছর পর উরুগুয়ে।এর পর ব্রিটিশদের হাত ধরে এই অঞ্চলে ফুটবল নামের আশ্চর্য এক জাদুকরি খেলার আগমন। ফুটবলই নদীর দুই পারের দুই দেশকে বিনি সুতোয় গেঁথে দেয়। সেই ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতাই আবার ‘শত্রু’ বানিয়ে ফেলে দুই দেশকে।১৯০১ সালে প্রথম ম্যাচের জন্য রিভার প্লেটের দুই পাশের ক্লাবের খেলোয়াড়দের নিয়ে গড়ে তোলা হয় দুই দেশের দুটো দল। দুই দলের প্রত্যেকেই আসলে ছিল ব্রিটিশ, যারা এই অঞ্চলে এসেছিল ব্যবসার জন্য। কিন্তু ধীরে ধীরে এখানকার স্প্যানিশ, ইতালিয়ান ও স্থানীয় অধিবাসীরা ফুটবলটাকে আপন করে নেয়। নিজ নিজ দেশের নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর কিছুটা ভিন্ন ঘরানার ফুটবলীয় ধরনও গড়ে ওঠে।স্থানীয় চারুয়া উপজাতির মতোই লড়াকু মনোভাব হয়ে ওঠে উরুগুইয়ান ফুটবলের প্রতীক, যা পরে পরিচিতি পায় ‘গারা চারুয়া’ নামে। ওদিকে আর্জেন্টিনা ছোট ছোট পাসের আক্রমণাত্মক ফুটবলের ধরন গড়ে তোলে, যেটি পরে পরিচিতি পায় ‘লা নুয়েস্ত্রা’ বা ‘আমাদের’ নামে।একটা সময় পর্যন্ত ফুটবলীয় শক্তিতে উরুগুয়েই এগিয়ে ছিল। ১৯৩০ প্রথম বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকেই হারিয়ে শিরোপা জিতেছিল তারা। ১৯৫০ বিশ্বকাপে দ্বিতীয় শিরোপা তারা ঘরে গোলে অ্যালসিদেস ঘিঘিয়ার সেই ব্রাজিলকে কাঁদানো গোলে। ১৯২৪ আর ১৯২৮ অলিম্পিকেও ফুটবলে সোনা জেতে উরুগুয়ে। এর মধ্যে ১৯২৮ অলিম্পিকের ফাইনালে তারা হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনাকেই। আর্জেন্টিনা তারই শোধ তোলে ১৯৮৬ বিশ্বকাপে, শিরোপা জয়ের পথে দ্বিতীয় রাউন্ডে উরুগুয়েকে হারিয়ে। এর আগে প্রথম বিশ্বকাপ জেতে নিজেদের দেশে ১৯৭৮ সালে।এখন হয়তো আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথের কাছে অনেকটাই মার খেয়ে গেছে এই শতাব্দী-প্রাচীন দ্বৈরথ। তবে তার পরও যতবার মুখোমুখি হবে আর্জেন্টিনা-উরুগুয়ে; বারবার ফিরে আসবে ইতিহাস। কারণ ইতিহাস কখনো মরে না। রয়টার্স।