বারবেতভ আর ওয়েঙ্গারের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে জিতবেন, বারবেতভ না ওয়েঙ্গার? ম্যানচেস্টার ইউনাইটেডের বুলগেরিয়ান স্ট্রাইকার দিমিতার বারবেতভ বলেছেন তাঁর দল অপরাজিত থেকে লিগ জিতবে। আর আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গারের কথা, এ মৌসুমে তাঁর দল জিততে পারে শিরোপা চতুষ্টয়।ওয়েঙ্গারের স্বপ্নের চার শিরোপার সবগুলো পাওয়ার দৌড়েই আছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে ২৩ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ‘গানার’রা। শীর্ষে থাকা ম্যানইউর পয়েন্ট সমান ম্যাচে ৫১। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে আছে আর্সেনাল। লিগ কাপের ফাইনাল ও এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠেছে। ফর্মটাও দুর্দান্ত যাচ্ছে তাদের। সব মিলিয়ে ওয়েঙ্গার বলতেই পারেন, ‘আমরা সব কটি শিরোপাই পেতে চাই।’বারবেতভের কথাকেও মূল্য না দিয়ে উপায় কী! লিগের ২৩ ম্যাচ হয়ে গেছে, এখনো হারেনি ম্যানইউ। বারবেতভ নিজেও আছেন দুর্দান্ত ফর্মে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সাহস দেখছেন এ কারণেই, ‘আমার এবং দলের জন্য সবকিছু ঠিকঠাক এগোচ্ছে। আমার বিশ্বাস, আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হতে পারি। যদিও সামনে আমাদের কিছু কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। তবু আমার বিশ্বাস, আমরা পারব।’ এই স্বপ্ন নিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগে বারবেতভ নিজেদের মাঠে নামছেন অ্যাস্টনভিলা-পরীক্ষা দিতে। ওয়েঙ্গার আর্সেনালও আজ নিজেদের মাঠে খেলবে এভারটনের সঙ্গে। এএফপি।