বারবোসা হতে চান না সিজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুলিও সিজার
হুলিও সিজার

ক্ষণিকের একটা ভুল। হয়তো বা ভুলও নয়। কিন্তু তার দায় মোয়াসির বারবোসাকে বয়ে বেড়াতে হয়েছে সারা জীবন। ১৯৫০ বিশ্বকাপের সেই মারাকানাজো ঘটনার পরও বারবোসা বেঁচে ছিলেন ৫০ বছর। কিন্তু ব্রাজিলিয়ান গোলরক্ষক একটা দিনের জন্যও শান্তিতে থাকতে পারেননি। সেদিন মারাকানায় ব্রাজিলিয়ানদের শিরোপা-স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছিল আলসিডেস ঘিগিয়ার গোল। বারবোসার অপরাধ, আগুয়ান ঘিগিয়ার বলটা সতীর্থকে পাস দেবেন ভেবে এগিয়ে এসেছিলেন। প্রথম গোলের সময় ঘিগিয়া যেমনটা করেছিলেন। কিন্তু ওইবার উরুগুইয়ান উইঙ্গার সরাসরি শট নেন গোলে।
পরে বারবোসা যেখানেই গেছেন লোকজন এমন ঘৃণাভরে তাকাত, যেন তাঁর অপরাধের কোনো ক্ষমা হয় না। ক্ষমা তাঁকে ব্রাজিলিয়ানরা করেওনি। ২০০০ সালে ৭৯ বছর বয়সে সেই ঘৃণিত জীবনের ইতি টানেন। ৬৪ বছর পর আবার বিশ্বকাপ ফিরেছে ব্রাজিলে। একটা সংশয়ের মেঘও দানা বাঁধছে—হুলিও সিজারকেও বারবোসার ভাগ্য বরণ করতে হবে না তো?
প্রশ্নটা তুলে দিচ্ছে আসলে সিজারের অতিসাম্প্রতিক ক্লাব পারফরম্যান্স। একসময়ের বিশ্বের সেরা গোলরক্ষক সিজার ইন্টার মিলান থেকে কুইন্স পার্ক রেঞ্জার্স হয়ে এখন খেলছেন মেজর লিগ সকারের দল এফসি টরন্টোতে। সেখানেও সময়টা খুব ভালো কাটেনি। তবে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি তাঁর ওপরই আস্থা রেখেছেন। এ নিয়ে সমালোচনাও কম হয়নি বা হচ্ছে না। অভিজ্ঞ সিজার ভালো করেই জানেন নিজেদের মাটির বিশ্বকাপে ব্রাজিল দলের গোলরক্ষক হিসেবে খেলাটা কতটা কণ্টকাকীর্ণ। জানেন, পান থেকে চুন খসলে ব্রাজিলিয়ানরা তাঁকেও ক্ষমা করবে না। তবে ৩৪ বছর বয়সী গোলরক্ষক কিছুতেই বারবোসা হতে চান না। নিজেকে উজাড় করে দিয়ে দেশকে পেঁৗছে দিতে চান কাঙ্ক্ষিত লক্ষ্যে, এড়াতে চান উত্তরসূরি বারবোসার ভাগ্য, ‘আমি আয়নার সামনে দাঁড়িয়ে বলতে পারি, নিজের প্রতি আমার বিশ্বাস আছে। মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ড্র পাইয়ে দিতে সাহায্য করেছি এবং শারীরিক এবং মানসিকভাবে আমি প্রস্তুত।’
সঙ্গে যোগ করেছেন, ‘এখানে আমার কাজ নিয়ে অনেক প্রশ্ন শুনছি। কিন্তু আমার পারফরম্যান্স অবশ্যই সমালোচনাকে দূরে সরিয়ে রাখার কথা। আমার বিশ্বাস, যারা আমাকে নিয়ে সমালোচনা করত, তারাও এখন খুশি। কিন্তু আমি বিশ্ব চ্যাম্পিয়ন হতে চাই এবং বিশ্বকাপটা হাসিমুখে শেষ করতে চাই।’ এএফপি।