বারবোসার যত গ্লানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোয়াসির বারবোসা
মোয়াসির বারবোসা

চোখের আগুনে ছাই করে দেওয়া বলে একটা কথা আছে। সুপারমার্কেটে ভদ্রমহিলার দৃষ্টি থেকে যেন ঘৃণার হলকাই বেরোচ্ছিল। ‘দেখো, দেখো, ওই লোকটাই আমাদের কাঁদিয়েছিল’—নিজের শিশুপুত্রকে বলছিলেন তিনি। ‘ওই লোকটা’ কে?

১৯৯৩ সালে মোয়াসির বারবোসা টিভি কালচুরাকে যখন ঘটনাটি বলেছিলেন, তাঁর চোখেমুখে অব্যক্ত একটা বেদনা কি খেলা করছিল? করারই কথা। ‘নিজ ভূমে পরবাসী’ হওয়ার যন্ত্রণা যাঁকে তাড়িয়ে ফিরেছে অহর্নিশ, কোটি মানুষের অভিশাপ যাঁকে তাড়া করেছে অবিরত, বিষাদের বাগানেই তো ছিল তাঁর নিত্য বসবাস। ‘ব্রাজিলে জেল খাটার সর্বোচ্চ সময়সীমা ৩০ বছর। আমার ক্ষেত্রে তো সেটি আরও ১৩ বছর বেশি হয়ে গেছে’—বলেছিলেন বারবোসা।

কিন্তু কী ‘অপরাধে’ এই কঠিনতম শাস্তি পেতে হয়েছিল বারবোসাকে? এমন কোন অপরাধ, যেটির জন্য মৃত্যুর আগ পর্যন্তও ক্ষমা পাননি ব্রাজিলিয়ান গোলরক্ষক? সেটি জানতে ফিরে যেতে হবে ৬৪ বছর আগের এক দিনে।

১৬ জুলাই, ১৯৫০। উরুগুয়ের সঙ্গে অলিখিত ফাইনালের আগে উৎসবের অপেক্ষায় পুরো ব্রাজিল। ড্র করলেই বিশ্বকাপ, দুই লাখ দর্শকে ঠাসা মারাকানা সেজেছিল বিশ্বকাপ উৎসবের প্রস্তুতি নিয়ে। ৮০ মিনিট পর্যন্তও হর্ষধ্বনিতে মুখর হয়ে ছিল মারাকানা। এমন সময় ডান দিকে বল পেয়ে গেলেন উরুগুয়ে উইঙ্গার অ্যালসিডেস ঘিগিয়া। ব্রাজিল লেফটব্যাক বিগোডেকে কাটিয়ে শট নিলেন। ‘সবাই ভেবেছিল, প্রথম গোলে ঘিগিয়া যেভাবে বলটা দিয়ে দিয়েছিল, এবারও তেমনই দিয়ে দেবে’—পরে বলেছেন বারবোসা। দর্শকেরা বিমূঢ় হয়ে দেখল, বারবোসাকে ফাঁকি দিয়ে ঘিগিয়ার শট জড়িয়ে গেছে জালে। মুহূর্তের মধ্যে সেই কোলাহল রূপ নিল পিনপতন নীরবতায়। পরে যেটিকে ঘিগিয়া বলেছেন ‘অসাধারণ, শ্বাসরুদ্ধকর নীরবতা।’ শেষ পর্যন্ত ম্যাচটা ২-১ গোলে হেরে যায় ব্রাজিল। আর সেই ম্যাচটির নাম হয়ে যায় ‘মারাকানাজো’।

সেই গোলের পর শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ছিলেন বারবোসা। হয়তো মনে মনে বলছিলেন, ‘ঈশ্বর, তুমি এত নিষ্ঠুর কেন?’ তখন কি ভেবেছিলেন, বাকি জীবনই তাঁকে এই প্রশ্ন করে যেতে হবে?

অথচ দায়টা হতে পারত বিগোডের, ঘিগিয়া যাকে কাটিয়েছিলেন। হতে পারত কোচ ফ্লাভিও কস্তার, যিনি ১-১ হওয়ার পর খেলোয়াড়দের রক্ষণাত্মক হতে বলেছিলেন। হতে পারত মার্কিং ঠিকমতো না করা সেন্ট্রাল ডিফেন্ডার জুভেনালের। কিন্তু ‘বলির পাঁঠা’ হতে হলো বারবোসাকেই। পরে ব্রাজিলিয়ানদের স্বপ্নের হন্তারক ঘিগিয়াও সমবেদনা জানিয়েছিলেন, ‘সব দোষ ওর ওপরই চাপানো হয়েছে। কিন্তু খেলায় তো ১১ জন জেতে, ১১ জনই হারে। কিন্তু ব্রাজিলিয়ানরা এ নিয়ে রীতিমতো উন্মাদ।’

‘মারাকানাজো’র ধাক্কাটা ব্রাজিল আসলে কখনোই ভুলতে পারেনি। লেখক নেলসন রদ্রিগেজ যেমন বললেন, ‘ব্রাজিলিয়ানরা হলুদ-জ্বর, বাধ্যতামূলক টিকা, পিনেইরো মাচাদো হত্যা (১৯১৫ সালে নিহত হওয়া ব্রাজিল প্রেসিডেন্ট) ভুলে গিয়েছে। কিন্তু বারবোসার ভুলটা তারা ভুলতে পারেনি।’ যত দিন বেঁচেছিলেন, একরকম অচ্ছুত হয়েই থাকতে হয়েছে বারবোসাকে। ১৯৯৩ সালে একবার ব্রাজিলের ম্যাচে তাঁকে ধারাভাষ্য দিতে দেওয়া হয়নি। জাতীয় দলের ড্রেসিংরুমে তো নয়ই, এমনকি অনুশীলনেও প্রবেশাধিকার ছিল না তাঁর। এমনই অপয়া মনে করা হতো তাঁকে।

গাত্রবর্ণ ছিল কালো। বর্ণবাদী গালিও কম শুনতে হয়নি বারবোসাকে। ‘ওই যে কালো গোলরক্ষক যাচ্ছে’—চলতি পথে এমন শ্লেষও শুনতে হয়েছে।

এমন নয় যে গোলরক্ষক হিসেবে ফেলনা ছিলেন বারবোসা। বরং ছিলেন তাঁর সময়ের সেরাদের একজনই। ব্রাজিলের হয়ে ১৯৪৯ সালে কোপা আমেরিকাও তো জিতেছিলেন। কিন্তু ওই একটা ভুল জীবনের বাকি সব অর্জন ভুলিয়ে দিয়েছে। বারবোসা অবশ্য পরে সান্ত্বনা খোঁজার চেষ্টা করেছিলেন, ‘সবাই তো ইতিহাসে জায়গা পায় না। ১৬ জুলাই, ১৯৫০ সালের সেই ম্যাচ দিয়ে আমি ব্রাজিলের ফুটবল ইতিহাসেরই অংশ হয়ে গেছি।’ কিন্তু এমন ইতিহাসের অংশ হতে কি তিনি চেয়েছিলেন?

চাননি যে, তার প্রমাণ তো দিয়েছিলেনই। মারাকানার সেই গোলপোস্ট পুড়িয়ে প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন ‘পাপের’। কিন্তু আগুনও কি আর সবকিছু পুড়িয়ে ছাই করে ফেলতে পারে? ২০০০ সালে বারবোসাকে তাই গ্লানি নিয়েই ছেড়ে যেতে হয়েছে নশ্বর পৃথিবী থেকে। এএফপি অবলম্বনে।