বারিধারা বলেই দাপুটে আবাহনী!

মৌসুমজুড়েই কোচ আলী আকবর পোরমুসলিমির আক্ষেপ—দলে ফিনিশার নেই। ঠিক সময়ে জ্বলে উঠতে পারেন না আবাহনীর ফরোয়ার্ডরা। কাল আবাহনী কোচের আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়েছেন শাহেদ, সুয়ারেসরা। একাধিক গোলের সুযোগ নষ্ট করেও দুর্বল উত্তর বারিধারাকে তাঁরা উড়িয়ে দিয়েছেন ৫-২ গোলে। এই জয়ে ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দুয়েই রইল চারবারের চ্যাম্পিয়নরা। ১০ পয়েন্ট নিয়ে বারিধারা আটে। ৩৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে শেখ জামাল ধানমন্ডি৷
ম্যাচের ২০ মিনিটেই ৩ গোল বারিধারার জালে! ম্যাচ বলতে গেলে তখনই শেষ। বারিধারার গোলরক্ষক ওসমান গনি কিছু বুঝে ওঠার আগেই গোল। বক্সের মধ্যে জটলায় দাঁড়ানো শাহেদের গড়ানো শটে ১-০। সুয়ারেসের ক্রস থেকে ১২ মিনিটে দ্বিতীয় গোল করেন নাসির। ইব্রাহিমের পাসে সুয়ারেস করেন ৩-০। সহজ একটা সুযোগ নষ্ট করে আউডু ইব্রাহিম ৫৪ মিনিটে করেন দলের চতুর্থ গোল (৪-০)। ৬৫ মিনিটে উত্তর বারিধারার কেনিয়ান ফরোয়ার্ড কলিন্স একটি গোল শোধ করেন। আবাহনীকে আবার এগিয়ে নেন প্যাট্রিক । শেষ মিনিটে ব্যবধান কমান (৫-২) দুলাল।
জিতেই চলেছে ব্রাদার্স: লিগের প্রথম পর্বে মাত্র দুটি জয় পাওয়া ব্রাদার্স দ্বিতীয় পর্বে যেন উড়ছে৷ ৬টি ম্যাচের পাঁচটি জিতল তারা। কাল ফেনী সকারকে ২-১ গোলে হারিয়ে কমলা দলটি তুলে নিয়েছে টানা চতুর্থ জয়। প্রথম পর্বে লিগের সপ্তম স্থানে থাকা ব্রাদার্স এখন তৃতীয়। ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট তাদের।
যেভাবে জয়রথ ছুটছে তাতে রানার্সআপ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করেছে ব্রাদার্স। তবে দলের সাফল্যের নেপথ্য কারিগর কোচ সৈয়দ নঈমুদ্দিন আত্মতৃপ্তিতে ভুগতে রাজি নন, ‘আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে।’
স্বাধীনতা কাপে চমক দেখানো ফেনী সকার লিগে নিষ্প্রভ হয়ে পড়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্সের অধোগতিতে কোচ ওমর সিসে অবাক, ‘আমি বুঝতে পারছি না ওদের কী হয়েছে! বিশ্বাসই হচ্ছে না, এই দল নিয়ে স্বাধীনতা কাপের ফাইনালে উঠেছি।’ ১৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে ফেনী। অবনমন চোখ রাঙাচ্ছে তাদের।
১৬ মিনিটে একক চেষ্টায় প্রথম গোল করে এগিয়ে নেন ব্রাদার্সের ওয়ালসন। ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকন। ৬১ মিনিটে একটি গোল শোধ করেন ফেনীর আলী।
আবাহনী ৫: ২ উত্তর বারিধারা
ব্রাদার্স ২: ১ ফেনী সকার