বারিধারাকে নিয়ে প্রিমিয়ারে চট্টগ্রাম আবাহনী
বারিধারা ১৪ নম্বর সড়কের ক্লাবটিতে কাল শুরু হয়ে গেছে উৎসব। প্রস্তুতি চলছে আলোকসজ্জার। প্রথমবারের মতো প্রিমিয়ার ফুটবল লিগে উত্তরণের উপলক্ষেই উত্তর বারিধারা ক্লাবে এই উৎসব। ২০১০ সালে অবনমতি হওয়া চট্টগ্রাম আবাহনীও সঙ্গী হয়েছে তাদের। চলমান চ্যাম্পিয়নশিপ লিগে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে উত্তর বারিধারা। সমান ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ বাকি থাকতেই দুই দল জায়গা করে নিয়েছে আগামী মৌসুমের বাংলাদেশ প্রিমিয়ার লিগে। এবার শীর্ষ পেশাদার ফুটবল লিগে খেলবে মোট ১০টি দল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে রহমতগঞ্জকে। আগামীকাল উত্তর বারিধারা শেষ ম্যাচে ভিক্টোরিয়াকে যদি হারিয়েও দেয়, চ্যাম্পিয়ন হতে তাদের তাকিয়ে থাকতে হবে চট্টগ্রাম আবাহনীর দিকে। ১২ জুন অবনমন বাঁচানোর চেষ্টায় থাকা ঢাকা ইউনাইটেডের সঙ্গে শেষ ম্যাচ খেলবে চট্টগ্রাম আবাহনী। ওই ম্যাচে ড্র করলেই চ্যাম্পিয়ন হবে চট্টগ্রামের দলটি।১৯৯৫ সালে পাইওনিয়ার লিগ দিয়ে শুরু উত্তর বারিধারা ২০০৪ সালে তৃতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ২০০৫ সালে খেলে দ্বিতীয় বিভাগে। ২০০৬-০৭ মৌসুমে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়ে ওঠে প্রথম বিভাগে। গত মৌসুমে পেশাদার লিগের দ্বিতীয় স্তর থেকে একটি দল শীর্ষ লিগে সুযোগ পায় বলে রানার্সআপ হওয়ায় শিকে ছেঁড়েনি তাদের ভাগ্যে। কিন্তু এবার দুটি দলের একটি হয়ে পূরণ করল লক্ষ্য। উত্তর বারিধারার এই সাফল্যের কৃতিত্ব খেলোয়াড়দেরই দিচ্ছেন ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ‘প্রিমিয়ারে উঠতে সবচেয়ে বড় অবদান খেলোয়াড়দের।’ বসুন্ধরা অ্যাপোলো হাসপাতালের পাশে নিজস্ব মাঠে চলে খেলোয়াড়দের অনুশীলন। প্রিমিয়ারে ওঠায় দারুণ উচ্ছ্বসিত ফুটবলাররা।পেশাদার লিগের দ্বিতীয় স্তরের বর্তমান চ্যাম্পিয়ন কক্স সিটি প্রিমিয়ারে সুযোগ পেয়েও নাম প্রত্যাহার করায় এবার চ্যাম্পিয়নশিপে খেলার আবেদন করে অবনমিত চট্টগ্রাম আবাহনী। ঢাকার বাইরে ভেন্যু করার শর্তে বাফুফে তাদের রেখে দেয়। এই দলটিকেই আবার পেশাদার লিগে ফিরিয়ে আনতে পেরে খুশি কোচ নজরুল ইসলাম (লেদু), ‘আমার ছেলেরা খুবই ডিসিপ্লিনড। কঠোর পরিশ্রম করেছে ওরা। কর্মকর্তারাও সহযোগিতা করেছেন। এ জন্যই প্রিমিয়ারে উঠতে পারলাম আমরা।’