বারিধারায় 'আটক' নর্দেরা
কে বলবে প্রথম পর্বে দুই দলের ম্যাচের স্কোরলাইন ছিল ৮-০!
দুই মাসের মধ্যে ওই দুঃস্মৃতি মুছে ফেলল উত্তর বারিধারা। ৮-০ স্কোরলাইনকে এবার বানাল ১-১!
বিস্ময়কর শব্দটাও যথার্থ মনে হচ্ছে না। শেখ জামাল ধানমন্ডি যেন আকাশ থেকে মাটিতে নেমে দাঁড়াল৷ দুই মাস আগে যে দলকে তারা ৮ গোলে ভাসিয়েছে, সেই দলের কাছেই কিনা কাল খাবি খাওয়া অবস্থা। উত্তর বারিধারা সুযোগ কাজে লাগিয়ে জামালকে হারের হতাশায়ও ডোবাতে পারত!
অতটা হয়তো হয়নি। তবে শেখ জামালের কাছ থেকে পয়েন্ট কাড়া বিরাট ব্যাপার নবাগত বারিধারার কাছে। এবার আর প্লেটে সাজানো খাবার হয়নি। প্রতিরোধ গড়েছে মাথা উঁচু করে।
শেখ জামালের সুর-তাল সবই যেন কাল কেটে গিয়েছিল৷ পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ সনি নর্দে। ১-১ অবস্থায় যখন কাঁপছে তাঁর দল, জয়সূচক গোলের বার্তা নিয়ে আসে ৮৯ মিনিটে পাওয়া পেনাল্টি। কিন্তু পেনাল্টি নর্দে তুলে দিলেন আকাশে!
এই নর্দেই করেছিলেন ১-১৷ গোল খাওয়ার ১০ মিনিট পরই শেখ জামালের হাইতিয়ান প্লেমেকার জ্বলে ওঠেন। বক্সের বাইরে থেকে মাটি কামড়ানো শটে লক্ষ্যভেদ।
বারিধারার গোলটা দলীয় সমঝোতার দারুণ এক ফসল। ১৮ মিনিটে মনুর ক্রসে কেনিয়ান স্ট্রাইকার কলিন্স টিয়েগোর কোনাকুনি হেডে ১-০। ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য এক গল্পের সেই শুরু। বাঘের সঙ্গে টক্কর কেটে শেষ পর্যন্ত স্মরণীয় ড্র। বারিধারার রাতটা আনন্দে কাটারই কথা।
এই ড্র আবাহনীর জন্যই এসেছে আশীর্বাদ হয়ে । শেখ জামাল জিতলে আবাহনীর চেয়ে এগিয়ে যেত আট পয়েন্ট। এখন পয়েন্টের ব্যবধান ৬। ১৭ ম্যাচে শীর্ষে থাকা জামালের ৩৯, আবাহনীর ৩৩।
হতাশ-বিষণ্ন দেখাল নর্দে, ওয়েডসন, ডার্লিংটনদের। ডার্লিংটন এদিন ৮০ মিনিটে লাল কার্ড দেখেন। তার আগ পর্যন্ত জামালের ত্রিমূর্তি তেমন কিছুই করতে পারেনি বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
ওদিকে দিনের প্রথম ম্যাচে বিজেএমসির সঙ্গে সমানে লড়ে ড্র করেছে চট্টগ্রাম আবাহনী। ৭৯ মিনিটে বিজেএমসির ইসমাইল বাঙ্গুরা দর্শনীয় শটে ১-০ করেছিলেন। হান্নান ১-১ করেন ম্যাচ শেষ হওয়ার খানিক আগে। মূল্যবান একটা পয়েন্টই নিয়েছে চট্টগ্রাম আবাহনী।
গোপালগঞ্জে ফেনী সকারের সঙ্গে ড্র (১–১) করেছে মুক্তিযোদ্ধা। বিপুল এগিয়ে দেন মুক্তিযোদ্ধাকে, ল্যান্ডিং ম্যাচে ফেরান সকারকে। দুটি গোলই প্রথমার্ধে৷
তবে শেখ জামালের ড্র-ই দিনের বড় খবর। বারিধারাকে করতালি দিয়ে অভিনন্দিত করা উচিত আবাহনীর!