বারিধারার জালে গোলের ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার ফুটবল কতটা নিষ্ঠুর, সেটি এরই মধ্যে কিছুটা জেনেছে নবাগত উত্তর বারিধারা। গত মাসে বিজেএমসি তাদের জালে দিয়েছিল সাত-সাতটি গোল। কাল মুক্তিযোদ্ধার কাছে তারা হারল ৫-০ গোলে! সাত মিনিটের ব্যবধানে হজম করেছে ৩ গোল।
টানা দুই ড্রয়ের পর এর চেয়ে ভালোভাবে ফেরার উপলক্ষ আর হতে পারত না শফিকুল ইসলাম মানিকের দলের কাছে। শুরু থেকেই আক্রমণাত্মক মুক্তিযোদ্ধা প্রথম গোলটি পায় ২১ মিনিটে, গোল করেন বিপ্লব। দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন এনকোচা। ২৮ মিনিটে মাঝমাঠ থেকে একাই বল টেনে নিয়ে এনকোচাই করেন ৩-০। ৬৬ মিনিটে মারুফের কর্নার কিকে মাথা ছুঁইয়ে চতুর্থ গোলটি করেন এলিটা বেঞ্জামিন। আর ৭৮ মিনিটে বারিধারার কফিনে শেষ পেরেকটি ঠোকেন বিপ্লব।
বারিধারা পুরো ম্যাচেই স্ট্রাইকার সমস্যায় ভুগেছে। চ্যাম্পিয়নশিপের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ জীবনকে প্রথম পর্বে নাম নিবন্ধন করিয়েও শেষ পর্যন্ত খেলাতে পারেনি, বিজেএমসিও তাঁকে নিজেদের খেলোয়াড় দাবি করায়। কাল বারিধারার কোচ আলমগীর হোসেন বললেন, ‘স্ট্রাইকার সমস্যা তো আছেই। দলের ধারাবাহিকতারও বড় অভাব। অনুশীলনের জন্য মাঠও নেই আমাদের। এসবেরই প্রভাব পড়েছে খেলায়।’ জয়ে ফিরে মুক্তিযোদ্ধার কোচ শফিকুল অবশ্য দারুণ খুশি, ‘প্রতি ম্যাচে গোল মিস করছিলাম অনেক। এত দিন এগুলোর খেসারত দিয়েছি। তবে আজকের জয়ে আত্মবিশ্বাস অনেক বেড়ে গেল।’
এই জয়ে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে প্রথম পর্ব শেষ করল মুক্তিযোদ্ধা। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া আবাহনী শীর্ষে। অবশ্য মুক্তিযোদ্ধা স্থানটি ধরে রাখতে পারে কি না, সেটাই দেখার। আইএফএ শিল্ডে খেলতে শেখ জামাল এখন কলকাতায়। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চারে তারা। ঢাকায় ফিরে বাকি চারটি ম্যাচ খেলবে জামাল। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বারিধারা আটে। তাদের এই পর্বের শেষ ম্যাচ শেখ জামালের সঙ্গে।
ব্রাদার্স-বিজেএমসি ড্র: দিনের অন্য ম্যাচে বিজেএমসি গোলশূন্য ড্র করেছে ব্রাদার্সের সঙ্গে। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে বিজেএমসি ছয়ে, ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে ব্রাদার্স।